আমি ব্লগ লেখার খুব বেশি সমর্থক কোনওদিনও ছিলাম না, সত্যি কথা বলতে কি এখনও যে আছি তা নয় । তার একটা প্রধান কারণ আমার ধারণা ব্লগ লেখার থেকেও পড়া অনেক বেশি ক্লান্তিকর । অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময়ই পড়তে শুরু করে শেষ করা হয়ে ওঠে না । নিজের ধৈর্য এবং/অথবা আগ্রহের অভাবকে 'ঠিক আছে, বাকিটা পরে পড়ব' জাতীয় অজুহাত দিয়ে ঢেকে দিই - আর আমরা সবাই জানি সেই 'পরে' টা আর কখনওই আসে না । তো, এই কারণে আমি ঠিক করেছি আমার ব্লগকে কখনওই অন্যের ক্লান্তির কারণ ঘটাব না, আমার ব্লগের বিষয় হবে প্রধানতঃ ভ্রমণ । আমার মতো যেসব বাঙালিরা ঘুরতে ভালোবাসে, তাদের জন্য আমার ব্লগ হবে তথ্যের একটা উৎস । আমার নিজের একটা অভ্যেস আছে, কোনও জায়গায় বেড়াতে যাওয়ার আগে সেই জায়গাটা সম্পর্কে কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করি, আর ইন্টারনেট ঘাঁটতে গিয়ে আমার বরাবরই মনে হয়েছে যে ইন্টারনেটে লেখালেখি করার ব্যাপারে বাঙালিদের থেকে কুঁড়ে খুব কম শিক্ষিত জাতই আছে । আমার মতো যেসব বাঙালিরা আছে, যারা ইন্টারনেটে কোনো একটা ইংরিজীতে লেখা দেখলেই না পড়ার চেষ্টা করে, তাদের জন্য আমার ব্লগ সহায়ক হবে, এই বিশ্বাস নিয়ে শুরু করছি আমার ভ্রমণকাহিনী । আগেই বলে রাখি, আমি স্ট্যাটিসটিক্সের ছাত্র ছিলাম, তাই আমার ব্লগে তত্ত্বের থেকে তথ্যের দেখাই মিলবে বেশি ।

Wednesday, June 20, 2018

টাকি ভ্রমণ

আমাদের ছোটবেলায় একধরনের অ্যাডভেঞ্চার ছিল - কোনও একটা অচেনা অজানা রাস্তা দিয়ে বেশ কিছুটা গেলে কোথায় পৌঁছনো যায় সেটা পরীক্ষা করে দেখা । ছোটবেলায় আমাদের পরিধিটা থাকে ছোট, তাই খুব বেশি দূরে গিয়ে পড়ার সৌভাগ্য সেভাবে হয় না (সবথেকে দূরে যাওয়ার যে অভিজ্ঞতা হয়েছিল সেটা হল ই এম বাইপাসটা কোথায় শেষ হয় সেটা দেখার জন্য সুভাষ সরোবর থেকে কামালগাজী পর্যন্ত্য বাইপাস ধরে সাইকেল করে চলে গেছিলাম । ব্যস, ঐ পর্যন্ত্যই !) বড় হওয়ার পরে এখন পরিধিটা বেড়েছে, সাইকেল ছেড়ে গাড়ি চালাই কিন্তু সেই 'অচেনা রাস্তা ধরে এগিয়ে যাওয়ার' অ্যাডভেঞ্চারের নেশাটা চলে গেছে । আর তার প্রধান কারণ হল গুগ্‌ল্‌ ম্যাপ । কোনও রাস্তা কোথায় যাচ্ছে, সেই রাস্তা ধরে কতক্ষণ বা কতদূর গেলে কোথায় পোঁছনো যায় এগুলো জানার জন্য এখন আর কোথাও যেতে হয় না, বাড়িতে বসে গুগ্‌লকে জিজ্ঞেস করলেই জানা যায় । তাই আমাদের তথাকথিত অচেনা রাস্তা বাসন্তী হাইওয়ে ধরে যখন এগিয়ে যাওয়ার কথা মাথায় এল, তখনই জানতাম আমাদের গন্তব্য টাকি - দূরত্ব ৬৫ কিলোমিটার (পরমা আইল্যান্ড থেকে) আর যেতে ঘন্টা দুয়েক ।

বসিরহাট-মালঞ্চ রোড
বুধবার ২০শে জুন, ২০১৮ সকাল দশটার একটু পরে আমি আর অমৃতা গাড়ি নিয়ে বেরোলাম । শুরুর দিকের কিছুটা রাস্তা জানা - আমাদের বাড়ি থেকে বাইপাস - পরমা আইল্যান্ড - সেখান থেকে বাসন্তী হাইওয়ে । এই বাসন্তী হাইওয়েটা কিন্তু 'হাইওয়ে' বলতে আমরা সাধারণতঃ যা বুঝি তার থেকে অনেকটাই আলাদা । এখানে রাস্তায় কোনও রোড ডিভাইডার নেই আর কিছুদূর ছাড়া ছাড়াই একটা করে জনপদ । সেখানে দোকানপাট বাস লরি অটো রিক্সা ভ্যান সাইকেল লোকজন সবমিলিয়ে এমন একটা অবস্থা যে গাড়ির স্পীড কুড়ি কিলোমিটারের বেশি তোলা যায় না । তবে ঘন্টা দেড়েক চলার পরে একটা জায়গা আসে যেখান থেকে পরবর্তী রাস্তাটা বেশ সুন্দর । এই জায়গাটার নাম 'মালঞ্চ' । এখান থেকে বাসন্তী হাইওয়ে ছেড়ে আমরা বসিরহাট-মালঞ্চ রোড
বৃষ্টির বেগ কমে আসার পর
ধরলাম । কিছুক্ষণ ধরেই আকাশে মেঘ করেছিল, এখন প্রচন্ড বৃষ্টি শুরু হল । সে এক অসাধারণ অভিজ্ঞতা ! দু'পাশে ধানক্ষেত, পুকুর, জলাশয় আর তার মাঝখানের রাস্তা দিয়ে মুষলধারে বৃষ্টির মধ্যে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি । বৃষ্টির জন্য গাড়ির স্পীড চল্লিশের বেশি তোলা যাচ্ছে না । উইন্ডস্ক্রীনের ওয়াইপার সর্বোচ্চ গতিতে যাতায়াত করে সামনেটা দৃশ্যমান করার চেষ্টা করছে । তবে বেশিক্ষণ এইভাবে চলল না । মিনিট কুড়ি চলার পর বৃষ্টি একটু কমল আর একেবারে কমতে কমতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য - টাকি ।

এখানে জানিয়ে রাখি টাকি জায়গাটার প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা বিশেষ শ্রদ্ধার জায়গা আছে । আমি টাকী হাউস (বয়েজ) এর ছাত্র আর শুনেছি এই টাকির এক জমিদার আমাদের আর টাকি গার্লস স্কুলের জমিটা স্কুল তৈরির জন্য দান করেছিলেন । সেই জমিদারমশাই এর বাড়ি কোথায় জানিনা, তাঁর বংশধররা কেউ আছেন কিনা তাও জানি না । কিন্তু জানি তাঁর দান করা জমিটা রয়ে গেছে আর সেই উর্বর জমিতে প্রতি বছর তৈরি হচ্ছে আমাদের মতো 'উৎকৃষ্ট ফসল' ! (এই 'উৎকৃষ্ট ফসল' কথাটা কিন্তু আত্মশ্লাঘা নিয়ে লিখলাম, ব্যঙ্গ করে নয়)

ইচ্ছামতীর তীরে বাঁধানো বসার জায়গা
টাকিতে আমাদের বিশেষ কোনও জায়গায় যাওয়ার ছিল না, তাই সোজা গিয়ে হাজির হলাম ইচ্ছামতী নদীর ধারে । এখানে নদীর ধারে পিকনিক স্পট আছে, তাই গাড়ি পার্কিং-এর জায়গাও রয়েছে । আমরা গাড়ি পার্ক করে নদীর ধারে গেলাম । এখানে নদীর পাড়ে দিব্যি বাঁধানো ছাউনি দেওয়া বসার জায়গা রয়েছে । আমরা সেখানে কিছুক্ষণ বসে ছবিটবি তুললাম । ইচ্ছামতী নদী হল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ আর বাংলাদেশের সীমানা । নদীর ওপারে বাংলাদেশ । নদীর মাঝবরাবর জলের ওপর একটা দড়ি টাঙানো রয়েছে, বোধহয় সেটা দুই দেশের সীমান্ত । নদী
বসার জায়গায়
বেশ চওড়া, ওপারে গাছপালা দেখা যাচ্ছে । এর আগে শিলং ভ্রমণের সময়ে মাও ট্রপ থেকে বাংলাদেশ দেখেছিলাম কিন্তু তার থেকে এটা ঢের বেশি কাছে । আমরা নদীর এ'পারে দাঁড়িয়ে আছি, ওপারে গাছপালার পিছনে - বাংলাদেশ । 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' (এটা এমনি লিখলাম, অতকিছুও ইমোশনাল হয়ে পড়িনি !) (এই অংশটা শিলং এর পোস্ট থেকেই কপি পেস্ট করলাম )

আমরা নদীর ধারের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম । এই অঞ্চলে কয়েকটা দোকান আছে আর সেইসঙ্গে কিছু সাধারণ ভাতের হোটেলও রয়েছে । দিনটা বুধবার আর কোনও ছুটির দিনও নয় তাই স্বাভাবিকভাবেই এখানে ট্যুরিস্টের কোনও ভিড় নেই । দুপুর একটা বাজে, তাই একটা হোটেলে গিয়ে ভাতের কথা জিজ্ঞেস করাতে জানা গেল এখানে শুধুমাত্র বোর্ডারদের জন্য রান্না হয় । আমরা চাইলেই খাবার পাওয়া যাবে না, খেতে চাইলে খাবারের টাকা আগে থেকে দিয়ে একঘন্টা পরে আসতে হবে । সেই সময়ের মধ্যে খাবার রেডি হয়ে যাবে । আমরা ভাত, ডাল, আলুভাজা ইত্যাদি আর ভেটকি মাছের ঝাল অর্ডার দিলাম । দাম নিল মাথাপিছু ১৫০/- টাকা ।

ইচ্ছামতীর তীরে
হাতে ঘন্টাখানেক সময় আছে, তাই আমরা হেঁটে কাছাকাছি ঘুরতে গেলাম । এখানে যে অনেক কিছু দেখার আছে তা নয় তবে নদীর ধার ধরে হাঁটতে বেশ ভালো লাগে । আর মেঘলা আবহাওয়া থাকায় গরম সেরকম লাগছিল না । বেশ জোরে হাওয়া দিচ্ছিল যেটায় আরামই লাগছিল । আমরা নদীকে বাঁদিকে রেখে কিছুদূর হাঁটলাম । সেখানে একটা অনেক পুরনো ভাঙ্গা বাড়ি দেখা গেল যেটা দেখে বোঝাই যায় এটা অন্ততঃ দেড়শ বছরের পুরনো । এছাড়া কিছু গ্রাম্য পাকা বাড়ি দেখা গেল ।

হাঁটাহাঁটির পথে
এরপর আমরা বিপরীত দিকে হেঁটে কিছুদূর গেলাম । হেঁটে খুব বেশি দূর যাওয়া সম্ভব নয় । আমাদের সঙ্গে গাড়ি আছে ঠিকই কিন্তু এই রাস্তাটা গাড়ি চলার পক্ষে একেবারেই চওড়া নয় । এখানে সাইকেল ভ্যান চলে যারা লোক্যাল সাইট সিয়িং করার জন্য বলে কিন্তু আমরা জানি এখানে দেখার সেরকম কিছু নেই যার জন্য এদের সঙ্গে যাওয়ার কোনও মানে হয় । কিছুদূর গিয়ে একটা মিলিটারি ওয়াচ্‌ টাওয়ার দেখতে পেলাম । কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমাদের খাবার হোটেলে ফিরে এলাম ।







দোতলায় খাবার ঘরে বসার পর আমাদের খাবার দিল । এখানকার রান্না বেশ ভালো - বেশ তৃপ্তি করে খাওয়া গেল । খাবার পরে আর কিছু করার নেই, তাই আমরা গাড়িতে এসে কিছুক্ষণ দিবানিদ্রা দিলাম । তারপর ফেরার পথ ধরলাম ।

ফেরার সময়ে আবার একদফা বৃষ্টি হল যদিও সেটা খুব একটা জোরে নয় । সন্ধ্যে ছ'টার মধ্যে বাড়ি পৌঁছে গেলাম । ভ্রমণ শেষ !

সারসংক্ষেপ ঃ

১. কলকাতা থেকে পূর্বদিকে ৬৫ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমানায় ইচ্ছামতী নদীর তীরে টাকি শহর । ডে-আউট ট্রিপে বা ওয়ান নাইট স্টে করার জন্য এটা বেশ সুন্দর একটা জায়গা ।
২. নিজেদের গাড়ি অথবা বাসে করেও কলকাতা থেকে টাকি যাওয়া যায় । এছাড়া শিয়ালদহ থেকে হাসনাবাদ লোক্যালে চড়ে টাকি রোড স্টেশনে নেমেও যাওয়া যায় । ট্রেনে যেতে আড়াই ঘন্টা মতো লাগে ।
৩. এখানে থাকার জন্য কয়েকটা হোটেল আছে । এখানকার সিজন টাইম হল দুর্গাপুজোর দশমীর সময়, তাই সেই সময়টা বাদ দিলে অন্যান্য সময়ে হোটেলে ঘর পাওয়া কঠিন নয় ।
৪. টাকিতে প্রধান দেখার জায়গা হল ইচ্ছামতী নদীর ধার । এখানে বসার সুবন্দোবস্ত আছে ।
৫. ইচ্ছামতী নদীর ধার দিয়ে হেঁটে বা ভ্যানে করে বা বাইক নিয়ে অনেকদূর পর্যন্ত্য যাওয়া যায় । তবে এই রাস্তা গাড়ি চলাচলের উপযোগী চওড়া নয় ।
৬. নদীর ধারের এই এলাকায় কিছু দোকানপাট থাকলেও সেগুলোয় গেলেই খাবার পাওয়া যায় না । তাই ডে-আউটের পরিকল্পনা থাকলে আগেই গিয়ে দোকানে খাবারের অর্ডার দিয়ে দিতে হবে ।

উপসংহার ঃ

ইচ্ছামতীর তীরে - টাকি
কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ইচ্ছামতী নদীর তীরে টাকি শহর । ডে-আউট বা একরাত্রি যাপনের জন্য বিশেষ উপযোগী । টাকির একটা বিশেষ আকর্ষণ হল দুর্গাপুজোর দশমীর দিনের বিসর্জন । দু'টো নৌকোর ওপর একটা কাঠের পাটাতন আড়াআড়িভাবে রেখে তার উপর ঠাকুর বসিয়ে মাঝনদীতে নিয়ে গিয়ে দু'টো নৌকো দু'দিকে সরিয়ে দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়ার এই প্রাচীন পদ্ধতি অনুসরণ করে এখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয় । ইচ্ছামতী নদীর দুই পারের দুই বাংলার শত শত প্রতিমা এইভাবে বিসর্জন দেওয়া হয় আর তা দেখতে আসে হাজার হাজার মানুষ । আমার নিজের ব্যক্তিগতভাবে এই অভিজ্ঞতা না থাকলেও শুনেছি এ এক অনন্য সাধারণ দৃশ্য । টাকিতে এমনিতে দেখার বিশেষ কিছু না থাকলেও এর সৌন্দর্য্যের মধ্যে একটা আকর্ষণ আছে । শহরের রোজনামচার মধ্যে থেকে আমাদের মনের যে সূক্ষ্ম দিকগুলো ক্রমশঃ ভোঁতা হয়ে যায়, সেগুলোকে শান দিয়ে নেওয়ার জন্য মাঝে মাঝে এইধরনের ট্রিপের প্রয়োজন । কোনও চোখ ঝলসানো দেখার জায়গায় ঘোরাঘুরি করা নয়, শান্ত, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে শরীর আর মনকে বিশ্রাম দেওয়াই এই ভ্রমণের প্রধান উদ্দেশ্য । আর সেই বিশ্রাম যদি হয় অসীম জলরাশির সামনে তাহলে তো আরও ভাল । এখানে রাতে থাকলে ভোরবেলা অনবদ্য সূর্য্যোদয় দেখার সুযোগ মিলতে পারে । তাই যারা যাব যাব করছে কিন্তু জায়গা খুঁজে পাচ্ছে না, তাদের জন্য এই টাকি ভ্রমণ !

টাকি ভ্রমণের আরও ছবি দেখতে হলে click here.

Friday, May 18, 2018

কালনা ভ্রমণ

আমরা যেখানে থাকি, খুঁজে দেখলে তার চারপাশেই অনেক মণিমুক্তোর সন্ধান পাওয়া যায় - এ'কথা হয়তো আগেও কখনও লিখেছি । এই মণিমুক্তোগুলো খোঁজার সুবিধে হল এরজন্য বেশি কিছু পরিকল্পনা করতে হয় না, প্রস্তূতি নিতে হয় না, অর্থব্যয় করতে হয় না - শুধু একটু খুঁজে দেখার মানসিকতা থাকলেই চলে । সবসময়েই এই খোঁজার পরিশ্রমের অসামান্য ফল পাওয়া যায় না এ'কথা যেমন সত্যি তেমনি এটাও সত্যি কিছু কিছু ক্ষেত্রে এই প্রাপ্তি হয়ে ওঠে প্রত্যাশার তূলনায় অনেক - অনেক বেশি । সেইসব দিনগুলোতে নিজেকে ক্রিস্টোফার কলম্বাসের থেকে কম বলে মনে হয় না । সেইরকমই একটা দিন হল শুক্রবার ১৮ই মে, ২০১৮ । আমাদের ভ্রমণস্থান কালনা - পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটা শহরতলী ।

রাস্তার ধারের ধানক্ষেত ও গরু
সকাল সাড়ে দশটা নাগাদ গাড়ি নিয়ে বেরোলাম আমি আর অমৃতা । আমাদের বাড়ি থেকে কালনা যাওয়ার একাধিক রাস্তা থাকলেও সবথেকে কম সময়ে পৌঁছনো যায় ডানকুনি হয়ে এন-এইচ ১৯ বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে । এই রাস্তাটা গাড়ি চালানোর পক্ষে অসাধারণ - অনায়াসে ঘন্টায় ১২০ - ১৪০ কিলোমিটার স্পীড তোলা যায় । ডানকুনি টোল প্লাজা থেকে একসঙ্গে যাওয়া এবং ফেরার টোল ট্যাক্স দিয়ে আরও ৪০ কিলোমিটার গেলে গুড়াপ এর ক্রসিং । (এখানে জানিয়ে রাখি চাইলে এই টোল ট্যাক্সটা বাইপাস করা সম্ভব । সেটা করতে হলে টোল প্লাজার কিছুটা আগে এন-এইচ ১৯ এর পাশে সার্ভিস রোডে ঢুকে পড়তে হবে আর এই রাস্তা দিয়ে গেলে গাড়ির স্পীড কখনওই ঘন্টায় ৪০ কিলোমিটারের বেশি তোলা সম্ভব হবে না) এই ক্রসিং থেকে হাইওয়ে ছেড়ে আমরা নেমে পড়লাম মগরা-গুড়াপ রোডে । দু'দিকের ধানক্ষেতের মধ্যে দিয়ে প্রথমে মগরা-গুড়াপ রোড, তারপর বৈঁচি-ধনিয়াখালি রোড আর সবশেষে বৈঁচি-কালনা রোড ধরে মোট ৩৬ কিলোমিটার মতো গিয়ে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যস্থলে ।

দুপুর প্রায় একটা বাজে তাই আমরা আগেই লাঞ্চ করার সিদ্ধান্ত নিলাম । কালনা-কাটোয়া রোডের উপর একাধিক ভাতের হোটেল আর রেস্ট্যুরেন্ট আছে, তাদের মধ্যে 'পথের সাথী' হল পশ্চিমবঙ্গ সরকারের । আমরা এখানে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান খেয়ে নিলাম । মোট খরচ হল ২২০/- টাকা ।

কালনার বিখ্যাত ১০৮ শিবমন্দির (ক্যামেরায়
প্যানরামিক ভিউ এর সুযোগ না থাকায় দু'টো
আলাদা ছবি পাশাপাশি জোড়া হয়েছে)
এরপর আমরা গেলাম কালনার প্রধান আকর্ষণ ১০৮ শিব মন্দির দেখতে । শেষের রাস্তাটুকু বিশেষ চওড়া নয় তবে দুপুরবেলা গাড়ি বেশি না থাকায় সেরকম অসুবিধে হল না । শিব মন্দিরের বাইরে একটা ফাঁকা জায়গায় গাড়ি রেখে আমরা মন্দিরের ঢোকার গেটের সামনে গেলাম । গেট দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত্য বন্ধ থাকে তাই ভিতরে ঢুকতে পারলাম না । তবে বাইরে থেকে ভিতরের যতটা দেখা যায় সেটাও খুব কম নয় । পুরো জায়গাটা মন্দিরনির্মিত দু'টো সমকেন্দ্রীক বৃত্ত যার বাইরের বৃত্তে ৭৪ টা আর ভিতরের বৃত্তে ৩৪ টা শিবের মন্দির মিলিয়ে মোট ১০৮ টা মন্দির আছে । প্রত্যেকটা মন্দির শিবের একেকটা আলাদা নামে (যারা জানে না তাদের জানাচ্ছি শুধু নারায়ণের নয়, মহাদেবেরও ১০৮ টা নাম আছে - বিস্তারিত জানতে চাইলে click here (তথ্য যাচাই করা হয়নি)) মন্দিরগুলো ১৮০৯ সালে মহারাজ তেজ চন্দ্র বাহাদুর তৈরি করেন । ভিতরে ঢুকতে না পারলেও আমরা পুরো জায়গাটা একবার বৃত্তাকারে চক্কর দিলাম । এর আগে একজায়গায় অনেকগুলো করে শিবের মন্দির থাকতে দেখেছি, যেমন দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের সঙ্গে দ্বাদশ শিবমন্দির বা খড়দহে ছাব্বিশ শিবমন্দির, কিন্তু তার চেয়ে বেশি কখনও দেখিনি । একজায়গায় ১০৮ শিবমন্দির শুধুমাত্র ভারতবর্ষে নয়, আমার ধারণা সারা বিশ্বেই নজিরবিহীন ।

রাজবাড়ির বাগান ও মন্দির
১০৮ শিবমন্দিরের ঠিক বিপরীত দিকেই কালনা রাজবাড়ির চত্বর । সৌভাগ্যক্রমে এটা খোলা ছিল । ভিতরে ঢুকে দেখলাম জায়গাটা প্রকৃতপক্ষে বেশ কিছু মন্দির আর বাগানের সমাহার । বাগানটা যে নিয়মিত পরিচর্যা করা হয় সেটা দেখেই বোঝা যায় । মন্দিরগুলোর মধ্যে বদ্রীনারায়ণ, পঞ্চরত্ন, প্রতাপেশ্বর, গিরি গোবর্ধন ইত্যাদি উল্লেখযোগ্য । মন্দিরের গায়ের ইঁটের গাঁথনি দেখে মনে হয় সেগুলো আলাদা আলাদা সময়ে তৈরি । এখানেও কয়েকটা ছোট ছোট শিবমন্দির আছে । মন্দিরগুলোর সামনে আলোর ব্যবস্থা দেখে মনে হয় সন্ধ্যের পরে আলো জ্বললে খুব সুন্দর দেখতে লাগবে । এই চত্বরটা পেরিয়ে গেলে রাজবাড়ির মাঠ ।  মেঘলা আবহাওয়া হওয়াতে রোদের তেজ অনুভব করছিলাম না, তাই সবকিছু বেশ ভালো করে ঘুরে দেখে নিলাম ।

মদন গোপাল মন্দির
রাজবাড়ির গেট দিয়ে বেরিয়ে এসে আমরা বাঁদিকে কিছুটা হেঁটে গিয়ে আরেকটা মন্দির দেখতে পেলাম । এটার নাম মদন গোপাল মন্দির । এই মন্দিরটা একটা ছোট পাঁচিল দিয়ে ঘেরা । এটা সেরকম কিছু বৈশিষ্ট্যপূর্ণ নয়, আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলে চলে এলাম ।












দুপুর প্রায় তিনটে বাজে আর আমাদের আর বিশেষ কিছু দেখারও নেই, তাই আমরা ফেরার পথ ধরলাম । ফেরা একই পথ ধরে । বিকেল সাড়ে পাঁচটার একটু পরে বাড়ি পৌঁছে গেলাম ।

সারসংক্ষেপ ঃ

১. কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান জেলায় হুগলী নদীর তীরে কালনা শহর । মন্দির ও অন্যান্য ঐতিহাসিক স্থাপত্যের জন্য এই জায়গাটি বিখ্যাত ।
২. কলকাতা থেকে গাড়ি নিয়ে ছাড়া ট্রেনেও কালনা যাওয়া যায় । হাওড়া থেকে প্রতি দু'ঘন্টা ছাড়া ছাড়া কাটোয়া লোক্যাল পাওয়া যায় অথবা শিয়ালদহ থেকেও কাটোয়া লোক্যালে যাওয়া যায় । এখানকার নিকটবর্তী স্টেশন হল অম্বিকা কালনা । স্টেশন থেকে টোটো বা রিক্সা পাওয়া যায় ।
৩. কালনার প্রধান আকর্ষণ হল ১০৮ শিবমন্দির । একজায়গায় একসঙ্গে এতগুলো শিবমন্দির এক নজিরবিহীন স্থাপত্য । দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত্য মন্দিরের গেট বন্ধ থাকে ।
৪. শিবমন্দিরের ঠিক উল্টোদিকেই আছে রাজবাড়ির বাগান, সংলগ্ন মন্দির আর খেলার মাঠ । এই গেট সারাদিনই খোলা থাকে ।
৫. রাজবাড়ি আর ১০৮ শিবমন্দির ছাড়াও এই অঞ্চলে আরও কয়েকটা মন্দির আছে । এগুলো খুব কিছু বৈশিষ্ট্যপূর্ণ না হলেও ঘুরে দেখতে ভালো লাগবে ।
৬. মন্দির বা রাজবাড়ির খুব কাছে সেরকম কোনও ভালো খাবার হোটেল নেই । খাবারের জন্য স্টেশন বা সংলগ্ন কালনা-কাটোয়া রোডের ওপর একাধিক হোটেল পাওয়া আছে । এদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের 'পথের সাথী' উল্লেখযোগ্য । এখানে খাবারের দাম কম আর মান বেশ ভালো ।
৭. কালনা ডে-ট্রিপ করার পক্ষেই উপযোগী, কোনও কারণেই এখানে রাত্রিযাপনের কোনও মানে হয় না । তা সত্ত্বেও করতে চাইলে এই পশ্চিমবঙ্গ সরকারের 'পথের সাথী'তে থাকার ব্যবস্থা আছে ।

উপসংহার ঃ

কালনা রাজবাড়ির মন্দির
কলকাতা থেকে ডে-আউট ট্রিপে ছোট্ট শহর - কালনা । ঐতিহাসিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ । হুগলী নদীর একেবারে তীরে হওয়ায় সপ্তম খ্রীষ্টাব্দে বাংলার সম্রাট শশাঙ্কের আমলে এই কালনাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটি উন্নতমানের নৌবহর । আবার শ্রী চৈতন্যর জীবদ্দশায় একমাত্র চৈতন্য মন্দির নির্মিত হয়েছিল এই কালনাতেই । অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের রাজাদের আমলে কালনা সর্ব্বোচ্চ খ্যাতি অর্জন করে - এখানকার বেশিরভাগ মন্দির আর স্থাপত্য এই সময়েই নির্মিত হয় । না, এগুলো আমাদের ইতিহাসে পড়ানো হয় না । আমাদের স্কুলের ইতিহাস বই থেকে আমরা জানতে পারি না যে আমাদের 'ঘর হতে শুধু দুই পা ফেলিয়া'ই দেখতে পাওয়া যায় শুধুমাত্র শিবমন্দির দিয়ে নির্মিত দু'টো সমকেন্দ্রিক বৃত্ত । এখানেই দেখতে পাওয়া যায় বাংলার সেরা কিছু স্থাপত্য-ভাস্কর্য্য । দোষ আমাদেরই - আমরাই আমাদের ইতিহাসকে কখনও গুরুত্বপূর্ণভাবে পরিবেশন করতে পারিনি । আর সেই কারণেই হয়তো আমরা আমাদের ইতিহাসের প্রতি কখনও সেভাবে টানও অনুভব করিনি - করিনা । ইতিহাস শুধু পাঠ্যবই আর পরীক্ষার নম্বরের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে - আমাদের জ্ঞানের ভিত্তি হয়ে দাঁড়ায়নি । কখনও উপলব্ধি করিনি এগিয়ে চলার জন্য পিছনদিকে রাস্তাটা কোথা থেকে এসেছে সেটাও জানার দরকার । তাই যদি এই জানা সত্যিই দরকার বলে মনে হয় তাহলে - 'কালনা', আজই যেতে হবে !

কালনা ভ্রমণের আরও ছবি দেখতে হলে click here.

Monday, April 2, 2018

গ্যাংটক ভ্রমণ

ভ্রমণপথঃ

বুধবার ২৮শে মার্চ, ২০১৮ঃ শিয়ালদহ - রাত ১১ঃ১৫ মিনিটে পদাতিক এক্সপ্রেস
বৃহস্পতিবার ২৯শে মার্চ, ২০১৮ঃ সকাল ১০ঃ৩০ মিনিট - নিউ জলপাইগুড়ি - গ্যাংটক - গ্যাংটকে রাত্রিবাস
শুক্রবার ৩০শে মার্চ, ২০১৮ঃ গ্যাংটকে সাইট সিয়িং - গ্যাংটকে রাত্রিবাস
শনিবার ৩১শে মার্চ, ২০১৮ঃ গ্যাংটক - ছাঙ্গু লেক - বাবামন্দির - গ্যাংটকে রাত্রিবাস
রবিবার ১লা এপ্রিল, ২০১৮ঃ গ্যাংটক - নিউ জলপাইগুড়ি - দুপুর ২ঃ৪০ মিনিটে ক্যাপিটাল এক্সপ্রেস - বিকেল ৫ঃ১৫ মিনিট - বারসোই - সন্ধ্যে ৭ঃ১০ মিনিটে রাধিকাপুর এক্সপ্রেস
সোমবার ২রা এপ্রিল, ২০১৮ঃ সকাল ৬ টা - কলকাতা

গ্যাংটক । দীঘা-পুরী-দার্জিলিঙ আর তার সঙ্গে দেওঘর বাদ দিলে বাঙালির সবথেকে পরিচিত ঘোরার জায়গা (আমার এই নিয়ে দ্বিতীয়বার হল) । আমাদের প্রতিবেশী সিকিম রাজ্যের রাজধানী এই শহর বহুদিন ধরেই পর্যটকদের কাছে জনপ্রিয় । সিকিম ভারতের সবথেকে পরিচ্ছন্ন রাজ্য আর গ্যাংটকে গেলে সেটা ভালোভাবেই বোঝা যায় । এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম আর সেটাই আমাদের এই ভ্রমণের অন্যতম কারণ । হিমালয়ের কোলে এই জনবহুল শহরে তিনদিনের ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই আমার ব্লগের এবারের পোস্ট ।

এবারের দলে মোট ১৪ জন । আমি, অমৃতা, কথা-কলি, বাবা, মা, সমীরণদা, বৌদি, ঋজু, কঙ্কনাদি, অমিতদা, মিঙ্কা, কাকু ও কাকিমা (অমিতদার বাবা ও মা) । ঘোরার জন্য সংখ্যাটা একেবারে যাকে বলে আইডিয়াল কারণ দুটো গাড়ি ভাড়া করতে হবে আর সেগুলো সম্পূর্ণভাবে ব্যবহারও হবে । ২৮শে মার্চ, ২০১৮ বুধবার শিয়ালদহ থেকে পদাতিক এক্সপ্রেসের এ সি থ্রি টিয়ারে আমাদের যাত্রা শুরু হলো । ট্রেন ছাড়ার সময় রাত্রি ১১:১৫ বলে আমরা বাড়ি থেকে ডিনার করেই বেরিয়েছিলাম, তাই ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শুয়ে পড়লাম ।

নিউ জলপাইগুড়ি স্টেশনে সবাই
পরের দিন সকালে ব্রেকফাস্টে সঙ্গে নিয়ে আসা কুকিজারের চিকেন স্যান্ডউইচ খাওয়া হল । ট্রেনের নিউ জলপাইগুড়ি পৌঁছনোর কথা ছিল সকাল ৯ঃ৩০ মিনিটে । আমরা একঘন্টা লেট করে পৌঁছলাম ১০ঃ৩০ মিনিটে । নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটক যাওয়ার অনেক গাড়ি পাওয়া যায় । সেরকমই একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে রফা করে আমরা দুটো সুমো বুক করলাম । তবে গাড়ি বুকিং যে শুধু আমাদের নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য করা হল তা নয়, আমাদের গ্যাংটকের যাবতীয় ঘোরাঘুরি আর ফেরার দিন গ্যাংটক থেকে নিউ জলপাইগুড়ি আসার বুকিংও একইসঙ্গে করে ফেলা হল । সবমিলিয়ে একটা প্যাকেজ যার জন্য আমাদের মোট দিতে হবে ২৮,৩০০/- টাকা । বলা বাহুল্য এর কিছুটা আমাদের নিউ জলপাইগুড়িতেই দিতে হল ।

গাড়ি নিয়ে আমরা যাত্রা শুরু করলাম । নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য সেভক দিয়েই যেতে হয় । এই রাস্তা দিয়ে এর আগে আমরা অনেকবার গেছি । দুপুর দেড়টা নাগাদ তিস্তা ব্রীজের কাছে আমাদের পরিচিত রেস্ট্যুরেন্টে থামা হল লাঞ্চের জন্য । আমরা এই রাস্তা দিয়ে গেলে সাধারণতঃ এখানেই খাওয়াদাওয়া করি । ভাত, ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে মোট খরচ হল ১,৯১০/- টাকা ।

আবার এগিয়ে চলা । পাহাড়ী রাস্তার বিবরণ দেওয়ার খুব একটা মানে হয় না কারণ এই রাস্তা সবসময়ে একই থাকে । আমার আগের যেকোনও পাহাড় ভ্রমণের যাত্রাপথের বিবরণ পড়লে দেখা যাবে ব্যাপারটা একইরকম । কিন্তু একইরকম হলেও একঘেয়ে নয় । বারবার দেখেও এই রাস্তা পুরনো হয় না, প্রত্যেকবারই একইরকমভাবে ভালো লাগে । রাস্তায় বিকেলবেলা আরেকবার থামা হল চায়ের জন্য । আমরা গ্যাংটক পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যে সাতটা । গাড়ির ভেতরে যতক্ষণ ছিলাম টের পাইনি, গাড়ি থেকে নেমে বুঝলাম বাইরে বেশ ঠান্ডা । আমাদের হাতের কাছেই কিছু গরম জামাকাপড় রাখা ছিল, সেগুলোর সদ্ব্যবহার করা হল ।

ব্রাদার্স গেস্ট হাউসের ঘর (সৌজন্যেঃ ব্রাদ্রার্স গেস্ট হাউস)
গ্যাংটকে আমাদের হোটেল 'ব্রাদার্স গেস্ট হাউস' । হোটেলটা এম জি মার্গের ওপরে । এই হোটেলের একটা সুবিধে হল একেবারে দরজা পর্যন্ত্য গাড়ি যায় । হোটেলটা বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন । আমরা দু'টো ট্রিপল বেড রুম আর একটা সিক্স বেড রুম নিয়েছিলাম । সিক্স বেড রুমটা একটু অন্যরকম, একটা দরজা দিয়ে ঢুকে প্রথমে একটা ঘরে দুটো বেড, তারপর একটা প্যাসেজের লাগোয়া আরও দুটো বেড । সেই প্যাসেজের শেষে একটা দরজা আর তার পিছনে আরেকটা ঘরে আরও দুটো বেড ।

ব্রাদার্স গেস্ট হাউসে ডাইনিংএর ব্যবস্থা নেই, তবে ব্রেকফাস্ট বা চায়ের ব্যবস্থা আছে । সেইসঙ্গে যদি আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে চাই, তাহলে এরা বাসনপত্রও দেয় । এই হোটেলের সামনেই গ্যাংটকের তথাকথিত ম্যাল আর সেখানে সারি সারি দোকান রয়েছে । আমরা এখানকার একটা বাঙালি দোকান থেকে ডিনারের জন্য ভাত, রুটি, ডাল, আলুভাজা, ডিম, চিকেন ইত্যাদি নিয়ে হোটেলে ফিরে এলাম ।

হোটেলের ছাদ থেকে ম্যালের ভিউ
পরেরদিন ৩০শে মার্চ, ২০১৮ শুক্রবার - আমাদের গ্যাংটকের লোক্যাল সাইট সিয়িং-এর দিন । আমি সকালে উঠে হোটেলের ছাদে গেলাম । এখানে সূর্য্যোদয় দেখতে পাওয়া যায় না, আর সেভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায় না । আমি ছাদে উঠে খুব অল্প সময়ের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম । তবে এটা আমি আগেও বলেছি আমার কাঞ্চনজঙ্ঘা নিয়ে বাড়াবাড়িটা নেই, তাই না দেখতে পেলে বেড়ানোটা ব্যর্থ বলে মনে করিনা ! ছাদ থেকে ম্যালের ভিউটা খুব সুন্দর । সকাল সাড়ে সাতটার সময়ে দোকানপাট প্রায় সবই বন্ধ, তবে রাস্তাটা দেখতেও বেশ ভালো লাগে ।

সকালে হোটেল থেকেই ব্রেকফাস্ট নেওয়া হল । পাঁউরুটি আর ডাবল্‌ ডিমের ওমলেট । এখানে খাবারের দাম একটু বেশি, ব্রেকফাস্টে আমাদের সবমিলিয়ে খরচ হল ৮৬০/- টাকা । সাড়ে ন'টার একটু পরে দু'টো সুমো নিয়ে আমরা বেরোলাম সাইট সিয়িং-এর জন্য । আমাদের প্রথম গন্তব্য রুমটেক মনাস্ট্রি ।

রুমটেক মনাস্ট্রির পথে প্রার্থনা চক্র
রুমটেক মনাস্ট্রি - গ্যাংটকের সাইট সিয়িংএর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হল রুমটেক মনাস্ট্রি - এটা সিকিমের সবথেকে বড় মনাস্ট্রি । গ্যাংটক থেকে রুমটেকের দূরত্ব অনেক, আমাদের পৌঁছতে লাগল প্রায় পৌনে দু'ঘন্টা । গাড়ি আমাদের মনাস্ট্রির মেইন গেটে নামিয়ে দিল । বাকি পথটা পাহাড়ী পথে চড়াইয়ে হেঁটে উঠতে হবে । এমনিতে গাড়ির গেটের ভিতরে যাওয়ার অনুমতি নেই, তবে বয়স্ক মানুষের জন্য এরা অ্যালাও করে । সেইভাবে আমাদের দলের চারজন গাড়িতে উঠল আর বাকিরা হেঁটে উঠলাম । ওঠার পথের পাশে পরপর রয়েছে বেবিফুডের টিনের মতো সেই জিনিসগুলো যেগুলোকে 'প্রার্থনা চক্র' বলে । এগুলোর গায়ে তিব্বতী মহামন্ত্র 'ওম্‌ মণিপদ্মে হুম্‌' লেখা থাকে আর সেইজন্য এগুলোকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হয়, তাতে লেখাটা পড়া যায় । এগুলো ঘোরালে পুণ্য অর্জন হয় তাই এই পথে ওঠার সময়ে আমরা প্রভূত পরিমাণ পুণ্য সঞ্চয় করে ফেললাম !

রুমটেক মনাস্ট্রি
পাহাড়ের মাথায় একটা সমতল জায়গায় মনাস্ট্রিটা রয়েছে । ঢোকার টিকিট মাথাপিছু ১০/- টাকা আর বাচ্চাদের টিকিট লাগে না । মনাস্ট্রি জিনিসটা আমার খুব ভালো লাগে আর তার একটা কারণ এর রঙের বৈচিত্র্য । অন্য কোনও ধর্মীয় স্থানে রঙের এই বৈচিত্র্য সাধারণতঃ দেখতে পাওয়া যায় না । গেট দিয়ে ঢুকে একটা বিশাল চত্বর আর তার মাঝখানে একটা স্তম্ভ । এই চত্বরের একদিকে মনাস্ট্রি আর অন্যদিকে আবাসিকদের ঘর । আমরা এখানে কিছুক্ষণ থেকে ডানদিকের একটা গেট দিয়ে বাইরে বেরোলাম ।

এই গেট দিয়ে বাইরে বেরিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে গিয়ে একটা সিঁড়ি দিয়ে উঠে মনাস্ট্রির উপাসনাগৃহে পৌঁছনো যায় । মনাস্ট্রির ভিতরটাও আমার খুব ভালো লাগে - জায়গায় জায়গায় প্রদীপ জ্বলছে, প্রার্থনা বা উপাসনার নানারকম সরঞ্জাম রাখা আর সেইসঙ্গে গৌতম বুদ্ধের বিশাল মূর্তি । ভিতরটা খুব শান্ত আর নিস্তব্ধ হয় আর এই কারণেই এখানে কিছুক্ষণ সময় কাটাতে ভালো লাগে । ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা বারণ তবে মোবাইলে ছবি তুললে কিছু বলে না । আমরা ভালো করে দেখে বেরিয়ে এলাম ।

মনাস্ট্রির পিছনে কলেজ
এই উপাসনাগৃহের ঠিক পিছনেই মনাস্ট্রির কলেজ । স্বাভাবিকভাবেই সেখানে ঢোকার নিয়ম নেই । আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে এলাম । নামার সময়েও একই নিয়ম - যারা পারবে তারা হেঁটে আর যারা পারবে না তারা গাড়িতে ।






শান্তি ভিউ পয়েন্ট থেকে ভিউ
শান্তি ভিউ পয়েন্ট - রুমটেক মনাস্ট্রি থেকে নামার পথে ড্রাইভার একটা জায়গায় গাড়ি দাঁড় করাল, সেটার নাম শান্তি ভিউ পয়েন্ট । এখান থেকে গ্যাংটক শহরের ভিউ দেখতে পাওয়া যায় । এখানে একটা চায়ের দোকান দেখে সবাই সেখানে চা খাওয়া হল ।





বনজাকরি ওয়াটার ফলসের লাগোয়া বোটিং-এর ব্যবস্থা
বনজাকরি ওয়াটার ফলস্‌ - শান্তি ভিউ পয়েন্ট থেকে প্রায় সোয়া একঘন্টা মতো চলার পর আমরা পৌঁছলাম বনজাকরি ফলসে । এটাও গ্যাংটকের একটা অন্যতম সেরা দ্রষ্টব্য স্থান । এখানে ঢোকার টিকিট মাথাপিছু ৫০/- টাকা আর বাচ্চাদের টিকিট লাগে না । ভেতরে কয়েকটা রেস্ট্যুরেন্ট আছে । দুপুর আড়াইটে বাজে আর বেশ খিদেও পেয়ে গেছিল তাই আমরা এদের মধ্যে একটা রেস্ট্যুরেন্টে খেতে বসলাম । খেতে লাগল পনেরো মিনিট আর আগে খাবার আসতে লাগল পঁয়তাল্লিশ মিনিট ! হ্যাঁ, সেটাই । আমরা এদের মেনু থেকে অতি সাধারণ ভাত, ফ্রাইড রাইস, চিকেন ইত্যাদিই অর্ডার দিয়েছিলাম আর অর্ডার নেওয়ার সময়ে এদের বক্তব্যও ছিল সেটা পেতে মিনিট দশেকের বেশি লাগবে না, কিন্তু সবমিলিয়ে আমরা খাবার পেলাম অনেকটা দেরিতে । খাবারের মান যে খুব ভালো তা নয়, তবে খেয়ে নেওয়া যায় । আমাদের বিল হল ১,৪০০/- টাকা ।

বনজাকরি ফলস্‌
এবার আমরা গেলাম মূল ফলস্‌ বা জলপ্রপাতটা দেখতে । পুরো এলাকাটা বেশ বড় আর সেখানে ফলস্‌ ছাড়াও একটা পার্ক, বোটিং এর ব্যবস্থা, বসে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা ইত্যাদি রয়েছে । ফলস্‌টা যেখানে পাহাড়ের ওপর থেকে নিচে নামছে, সেখানে যেতে গেলে কিছু সিঁড়ি ভেঙে উঠতে হয় । সেই জায়গাটায় গিয়ে চাইলে জলে নামা যেতে পারে । আমি পা দিয়ে দেখলাম জলটা বেশ ঠান্ডা । এখানে পাথরে পাথরে পা দিয়ে জলের ধারার অন্যপারেও যাওয়া যায় । আমি একবার অন্যপারে গিয়ে ফিরে এলাম । জলের স্রোত সাংঘাতিক কিছু না হলেও একবার পা হড়কালে নির্ঘাত মৃত্যু হাত-পা ভাঙা ।
বিধিবদ্ধ সতর্কীকরণঃ These actions are performed by experts. Please do not try this if you are not!

বলজাকরি ফলস্‌ দেখে প্রায় বিকেল চারটে নাগাদ আমরা বেরোলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ।

রিজ পার্ক ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার - বনজাকরি ওয়াটার ফলস্‌ থেকে ঘন্টাখানেক গাড়িতে চলার পর আমরা পৌঁছলাম রিজ পার্কে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার বা পুষ্প প্রদর্শনী কেন্দ্রে । ঢোকার টিকিট মাথাপিছু ২০/- টাকা - বাচ্চাদের টিকিট লাগেনা ।

রিজ পার্ক ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার
পুষ্প প্রদর্শনী কেন্দ্রটা খুবই সুন্দর । ভেতরের জায়গাটা গোলাকার, তার মাঝখানে একটা রেলিং ঘেরা জায়গা যার মধ্যে অনেক ফুলের গাছ রয়েছে । আবার গোলাকার ঘরটার দেওয়ার বরাবরও একটা রেলিং চলে গেছে আর তার ওদিকেও অনেক ফুলের গাছ । এর মাঝখান দিয়ে চলে গেছে দর্শকদের জন্য পায়ে চলার রাস্তা । ফুল সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত তাই প্রদর্শনীতে দেখা বেশিরভাগ ফুলেরই নাম বলতে পারব না । কিন্তু নানা রঙের, নানা আকারের, নানা সাইজের, নানা ধরনের, নানা পাটেকরের ফুল দেখে অবাক ও মুগ্ধ হয়ে গেলাম ।

ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার থেকে বেরিয়েই একজায়গায় এখানকার পোষাক পরে ছবি তোলার ব্যবস্থা আছে । কথা, কলি আর মিঙ্কা সেই পোষাক পরে ছবি তুলল ।

আমাদের গ্যাংটকের সাইট সিয়িং এখানেই শেষ । এছাড়া আরও বেশ কয়েকটা দেখার জায়গা আছে যেগুলো সময়ের অভাবে দেখার সুযোগ হয়নি । কিন্তু তাতে আফসোস করার কিছু নেই । সবকিছুই যদি একবারে দেখে ফেলি তাহলে পরেরবার আসব কিসের টানে ?

গাড়ি ফেরার সময়ে আমাদের হোটেলের সামনে নামিয়ে দিল । আগেই বলেছি আমাদের হোটেলটা একেবারে ম্যালের ওপরে । সাড়ে ছটা নাগাদ হোটেলে ফিরে আমরা ম্যালে গেলাম । সেখানে একটা দোকান থেকে চিকেন রোল কিনে খাওয়া হল ।

রাতে ম্যালের ভিউ
গ্যাংটকের ম্যাল জায়গাটা আমার অসাধারণ লাগে । এর আগে ছবি দেখেছি, কিন্তু স্বচক্ষে দেখা হয়নি । শুনেছি ক্রিসমাসের সময়ে এরা জায়গাটাকে খুব সুন্দর করে সাজায় । তাই সেই সময়ে এখানে এলে খুব ভালো লাগবে । কিন্তু তাই বলে মার্চ মাসে আমাদেরও খারাপ লাগছিল না । ম্যালের রাস্তায় গাড়ি চলে না, শুধু হাঁটা যায় । পুরো রাস্তাটা মসৃণ কালো পাথর দিয়ে ঢাকা । অল্প অল্প ব্যবধানে সুন্দর বসার জায়গা । জায়গায় জায়গায় ফোয়ারা আর সেইসঙ্গে গাছপালা লাগানো । পুরো জায়গাটা আলোয় আলোকিত, তার মধ্যে রাস্তার আলো ছাড়াও সৌন্দর্য্যায়নের আলোও রয়েছে । রাস্তার দু'পাশে সারিবদ্ধ দোকান আর সেখানে পাওয়া যায় না এরকম জিনিস নেই । সন্ধ্যেবেলা থেকে এখানে ভীড়ও হয় খুব, দোকানপাট রাস্তা বসার জায়গা সবই লোকে ভর্তি ।

আমরা ঘন্টা দুয়েক ঘুরে রাতের খাবার কিনে নিয়ে হোটেলে ফিরে এলাম । মেনু আগেরদিনের মতোই - খরচ হল ৯১০/- টাকা ।

৩১শে মার্চ, ২০১৮ শনিবার - আমার জীবনের একটা বিশেষ স্মরণীয় দিন ! আজ পর্যন্ত্য যতবার যত জায়গায় বেড়াতে গেছি, এইদিনের মতো অভিজ্ঞতা আমার খুব কমই হয়েছে । মুগ্ধতা, বিস্ময়, আনন্দ, উত্তেজনা সবমিলিয়ে এই দিনটা সত্যজিৎ রায়ের ভাষায় 'আমার জীবনে একটা লালদাগ মার্কা তারিখ' হয়ে রইল । কেন, কিভাবে সেটা এবার বলি ।

এইদিনটা আমাদের ছাঙ্গুলেক আর বাবা মন্দির যাওয়ার দিন । এখানে একটা কথা জানিয়ে রাখি ছাঙ্গু লেক এবং বাবা মন্দির যাওয়ার জন্য পার্মিশন লাগে । জিনিসটা পাওয়া দুঃসাধ্য কিছু নয়, তবে তার জন্য নিজের দু'কপি করে ফোটো আর একটা সচিত্র পরিচয়পত্র সঙ্গে থাকা বাধ্যতামূলক । আমরা আগেরদিন এইসব জিনিস আমাদের ট্রাভেল এজেন্সির এখানকার অফিসে জমা দিয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে ৩১শে মার্চ সকালে যাওয়ার পার্মিট পেলাম । জিনিসটা গাড়ির ড্রাইভারের কাছে থাকে, যাওয়ার সময়ে সেইই যা করার করে । হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, পার্মিট সংগ্রহ করে যখন আমরা যাত্রা শুরু করলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে তখন সকাল সাড়ে নটা ।

ছাঙ্গুর পথে - চা পানের বিরতি
গ্যাংটকের উচ্চতা ৫,৪০০ ফুট আর ছাঙ্গু লেকের উচ্চতা ১২,৩০০ ফুট, অর্থাৎ গ্যাংটকের দ্বিগুণেরও বেশি । তাই গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব মাত্র ৩৭ কিলোমিটার হলেও এই পথটা যেতে প্রায় দু'ঘন্টা সময় লাগে । আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম চা-টা খাওয়ার জন্য । সকাল থেকে মেঘ করে থাকার কারণে রোদ খুব একটা ওঠেনি, তাই ঠান্ডাটাও বেশ অনুভব করছিলাম ।


পাহাড়ের গা বেয়ে বরফ নেমে আসা
চা খাওয়ার পর আমরা আবার এগিয়ে চললাম । পথে মোট তিন জায়গায় চেকিং হল । এত নিরাপত্তার কারণ ছাঙ্গু লেক ভারত আর চিন অধিকৃত তিব্বতের বর্ডারের খুব কাছে । উচ্চতা বাড়ছে আর সেইসঙ্গে বাড়ছে ঠান্ডা । আমরা কাচ তুলে দিয়ে গাড়ির মধ্যে বসে আছি বলে ঠান্ডাটা একটু কম লাগছে । একসময়ে উপরের পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম পাহাড়ের গায়ের গাছপালার মধ্যে দিয়ে সাদা রঙের কি যেন ওপর থেকে নিচের দিকে স্রোতের মতো নেমে আসছে । আমাদের ড্রাইভারকে জিজ্ঞেস করাতে বলল - বরফ । পাহাড়ের উপরের দিকে তুষারবৃষ্টি হচ্ছে আর সেই বরফ গা বেয়ে নিচের দিকে নেমে আসছে ! আমি কোনওদিন তুষারবৃষ্টি দেখিনি, তখনও যে দেখতে পাচ্ছিলাম তা নয়, কিন্তু পাহাড়ের গা বেয়ে নেমে আসা বরফ দেখেই যথেষ্ট উত্তেজনা অনুভব করছিলাম !

ছাঙ্গু লেক ফেলে আমরা এগিয়ে চলেছি
উত্তেজনার যে তখনও কিছুই হয়নি, সেটা বুঝলাম ছাঙ্গুর কাছাকাছি পৌঁছে । তখন ওই অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে, তুষারপাত দেখার জন্য আর পাহাড়ের ওপর দিকে তাকানোর দরকার হচ্ছে না । ছাঙ্গুতে পৌঁছে দেখলাম ভালোই ভিড় । আমাদের গাড়িটা সামনে ছিল আর অন্য গাড়িটা বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল বলে আমরা চাইছিলাম ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে । এখানে মোবাইল ফোন কাজ করে না তাই গাড়িটার অবস্থান জানার কোনও উপায় নেই । কিন্তু ড্রাইভার আমাদের কথা না শুনে গাড়ি আরও এগিয়ে নিয়ে চলল । সেই মূহুর্তে ব্যাপারটার জন্য ওর ওপর একটু বিরক্ত লাগলেও পরে বুঝেছিলাম এতে, অন্ততঃ আমাদের, ভালোই হয়েছে ।

লোকজনের বরফ নিয়ে খেলা
আমরা এগিয়ে চললাম 'বাবা মন্দির'-এর দিকে । ছাঙ্গু থেকে এর দূরত্ব আরও ১৬ কিলোমিটার আর উচ্চতা ১৩,১০০ ফুট । ঝিরঝির করে তুষারপাত হচ্ছে, হয়েই চলেছে । ছাঙ্গু লেকটা ক্রমশঃ নিচে নেমে যাচ্ছে । বাইরে যেদিকে তাকাচ্ছি, সবকিছুই সাদা । ফেলুদার 'বাক্স রহস্য' উপন্যাস থেকে জটায়ুর কথা ধার করে বলি "রাস্তায় বরফ, গাছে বরফ, পাহাড়ে বরফ - চতুর্দিক তুষারে তুষারময় !" (আমাদের রাস্তায় যদিও কোনও গাছ ছিল না)  একজায়গায় দেখলাম পাহাড়ের গায়ে পুরু বরফের চাদরের ওপর লোকজন লাফালাফি করছে, বরফের গোলা বানিয়ে ছোঁড়াছুঁড়ি করছে - মানে এককথায় বরফ নিয়ে খেলছে ! আমাদের ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে বলতে সে কোনও ভ্রুক্ষেপই করল না । প্রায় আধঘন্টা এইভাবে বরফে প্রায় ঢাকা রাস্তার ওপর দিয়ে চলে আমরা পৌঁছে গেলাম 'বাবা হরভজন সিং-এর মন্দির'-এ ।

বাবা হরভজন সিং-এর মন্দির
এখানেও বেশ ভিড় তবে ছাঙ্গুর মতো নয় । গাড়ি থেকে নেমে যেটা টের পেলাম সেটা হল ঠান্ডা ।  তাপমাত্রা হিমাঙ্কের নিচে তবে কত সেটা জানি না । সেইসঙ্গে একটানা তুষারপাত হয়ে চলেছে । জিনিসটা একেবারেই বৃষ্টির মতো তবে পার্থক্য হল জলের বদলে কুচি কুচি বরফ । আরেকটা পার্থক্য হল এর কোনও আওয়াজ নেই । চতুর্দিক সাদা হয়ে রয়েছে, একেবারে সামনের পাহাড়গুলো ছাড়া আর কোনওদিকেই কিছু দেখা যাচ্ছে না । আমরা বাবার মন্দিরটা দেখতে গেলাম । হরভজন সিং ছিলেন ভারতীয় আর্মির একজন জওয়ান যিনি ১৯৬৮ সালে মাত্র ২২ বছর বয়সে নাথুলাতে ভারত আর চিনের যুদ্ধে মারা যান । এই ঘটনার পর থেকে নানাকারণে এখানে পোস্টেড ভারতীয় জওয়ানদের মধ্যে বিশ্বাস জন্মায় যে ওনার আত্মা আজও এই অঞ্চলে তাদের রক্ষা করেন । (আমি খুব বিস্তারিত লিখছি না, ইন্টারনেটে সার্চ করলে এই বিষয়ে বিশদে জানতে পারা যাবে) সেই থেকেই উনি 'বাবা হরভজন সিং' আর ওনার নামে এই মন্দির । এখানে ওনার থাকার ঘর, অফিস সবই আছে আর সেইসঙ্গে নিয়মিত ওনার পুজোও হয় । পুজোর প্রসাদটা বেশ ইন্টারেস্টিং - কাজু, কিসমিস আর বাদাম । প্রসাদ পেতে গেলে পুজো দিতেই হবে এরকম কোনও কথা নেই, হাত পাতলেই একজন জওয়ান প্রসাদ দেয় । আমি বেশ কিছুটা সংগ্রহ করে গাড়িতে ফিরে এলাম ।

এখানে বলে রাখা দরকার এই উচ্চতায় অক্সিজেনের ঘাটতি হওয়ার একটা সম্ভাবনা আছে । যাঁদের হার্টের সমস্যা আছে, তাঁদের বাবামন্দির পর্যন্ত্য না যাওয়াই ভালো । যাঁদের বেশি উঁচুতে উঠলে শ্বাসকষ্ট হয়, তাঁদের উচিৎ উপযুক্ত ব্যবস্থা (ইনহেলার, ওষুধ ইত্যাদি) সঙ্গে রাখা । বয়স্ক লোকেদের ডাক্তারের পরামর্শ নিয়েই যাওয়া উচিৎ । আমাদের গাড়িতে ছিলাম আমি, অমৃতা, বাবা, মা, কথা, কলি আর ঋজু । গাড়ি থেকে নামার সময়েই ড্রাইভার আমাদের বলে দিয়েছিল যেন এখানে বেশি সময় না নিই । কিন্তু কথা-কলি ঘুমিয়ে পড়ায় আমাদের যাওয়াটা দু'দফায় করতে হল । আমরা ওদের ইচ্ছে করেই জাগাইনি কারণ ভেবেছিলাম তিনবছর বয়সের বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে । কিন্তু পরে জেনেছিলাম উচ্চতার কারণে এই শ্বাসকষ্টের সমস্যা ছোট বাচ্চাদের কখনওই হয়না কারণ তাদের হার্ট বড়দের থেকে অনেক কম অক্সিজেনে কাজ করতে পারে ।

ফেরার পথে ছাঙ্গু লেক
বাবা মন্দির থেকে আমরা ফেরার পথ ধরলাম । আবার বরফের রাস্তা । একটা জিনিস খেয়াল করলাম আমাদের ফেরার সময়ে সামনের দিক থেকে কোনও গাড়ি আসছে না । আসার সময়েও আমাদের পিছনে মাত্র একটা কি দু'টো গাড়িই এসেছিল । ড্রাইভারকে জিজ্ঞেস করাতে বলল - তুষারপাত হওয়ার কারণে রাস্তা বরফে ঢেকে যাওয়ায় মিলিটারির লোকেরা ছাঙ্গুর পরে গাড়ি আসা বন্ধ করে দিয়েছে । এটা হবে সে আগেই জানত আর তাই ছাঙ্গুতে গাড়ি না দাঁড় করিয়ে আমাদের সোজা বাবা মন্দিরে নিয়ে এসেছিল । আমাদের দলের কিছু লোকের বাবা মন্দির দেখা হল না ঠিকই কিন্তু ড্রাইভারের উপস্থিত বুদ্ধির জোরে আমাদের কয়েকজনের দেখা হয়ে গেল বলে তার প্রতি বিশেষ কৃতজ্ঞ বোধ করলাম !

এই অঞ্চলে ছাঙ্গু লেক, বাবা মন্দির ছাড়াও আরেকটা জিনিস দেখার আছে - সেটা হল নাথুলা পাস । এই জায়গাটা ভারত আর চিন অধিকৃত তিব্বতের সংযোগস্থল অর্থাৎ এই রাস্তা দিয়ে ভারত থেকে তিব্বত যাওয়া যায় । তবে এখানে যাওয়ার জন্য আলাদা পার্মিট লাগে আর বছরের বেশিরভাগ সময়ে বরফ বা অন্য কোনও কারণে জায়গাটা বন্ধই থাকে । আমরা আগে থেকেই জানতাম যে এটা বন্ধ আছে, তাই আমাদের দেখার সুযোগ হয়নি । গ্যাংটক থেকে ছাঙ্গু আর বাবা মন্দির গেলে নাথুলার ব্যাপারে একবার খোঁজ নিয়ে নেওয়া ভালো, যদি খোলা পাওয়া যায় তাহলে দেখে আসাটা একটা দারুণ অভিজ্ঞতা হবে ।

ছাঙ্গুতে ফিরে এলাম তখন দুপুর সোয়া দু'টো । কিছুক্ষণের চেষ্টায় আমাদের অন্য গাড়িটা খুঁজে পাওয়া গেল । ছাঙ্গুতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবিটবি তুললাম । বাবা মন্দিরের তুলনায় ছাঙ্গুর তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি (তাই বলে গরম লাগছিল না !)। লেকে এখন জলই দেখা যাচ্ছে তবে শীতকালে নাকি এই জল বরফে পরিণত হয় । এখানে ইয়াক বা চমরি গাই ভাড়া করে তাদের পিঠে চড়ে ছবি তোলা যায়, একটু আধটু ঘোরাও যায় । এছাড়া এখানে বরফের ওপরে হাঁটার জুতোও ভাড়া পাওয়া যায় । আমাদের ড্রাইভার বলল - আবহাওয়া খুব একটা ভালো নয়, তাই সময় থাকতে থাকতে নিচে নেমে যাওয়াই ভালো হবে । আমাদেরও সবকিছু দেখা হয়ে গিয়েছিল, তাই আর সময় নষ্ট করলাম না ।

এখানে একটা ঘটনা বলি । এটা আমাদের ঘোরার অংশ না হলেও আমার মনে হয় অত্যন্ত প্রাসঙ্গিক আর শিক্ষণীয় । ঘটনাটা ১৯৯৭ সালের । আমার ছোটমামা আর তার কয়েকজন বন্ধু সপরিবারে গ্যাংটকে বেড়াতে এসেছিল আর সেখান থেকে ছাঙ্গুতে এসেছিল । ছাঙ্গুতে তখন এরকমই ঠান্ডা, কিছু বেশিকম হতে পারে । আমার মামাতো বোন তন্নির বয়স তখন সাড়ে তিন । তখন সুমো চলত না, বড় সাইজের জিপেই ঘুরতে হত । ছাঙ্গুতে এসে সবাই গাড়ি থেকে নেমে এদিক-ওদিক ঘুরছে আর ছোটমামা তন্নিকে নিয়ে জিপের পিছনে বসে আছে । হঠাৎ খেয়াল করল তন্নি কিরকম নেতিয়ে পড়েছে । ছোটমামার কোলে শুয়ে তার কিরকম একটা ঝিমধরা ভাব । এরকম হচ্ছে কেন ? স্বাভাবিকভাবেই ছোটমামা একটু ভয় পেয়ে যায় । কি করবে বুঝতে পারছে না, সঙ্গে থাকা জলের বোতল থেকে তন্নির চোখেমুখে জল দিচ্ছে, হাতের কাছে থাকা মোটা জ্যাকেট দিয়ে আরও জড়িয়ে ধরছে । কিন্তু তন্নির অবস্থার কোনও উন্নতি হচ্ছে না, মেয়ে প্রায় অজ্ঞান । মিনিট কয়েক এরকম চলার পরে গাড়ি থেকে নেমে পাশের একটা দোকানে অসহায়ের মতো গিয়ে বলে - মেরি বেটি কে লিয়ে থোড়া পানি মিলেগা ?
দোকানদার সেটা দিয়ে নিজে ব্যাপারটা কি দেখতে এগিয়ে আসে । ছোটোমামা তখন গাড়ির পিছনে শুয়ে থাকা মেয়েকে জল খাওয়াতে যাচ্ছে । দোকানদার জিজ্ঞেস করে - কেয়া হুয়া উসকো ?
- পতা নেহি । ক্যায়সে চুপ হো গয়ী হ্যায় ... এই বলে আবার জল খাওয়াতে চেষ্টা করে ।
দোকানদার 'হাঁ হাঁ' করে ওঠে । বলে - ঠান্ডা পানি মাৎ পিলাইয়ে উসকো !
এই বলে সে দ্রুত নিজের দোকানে ফিরে যায় । ঝটপট সাত-আটটা কাঁচালঙ্কা কুচি কুচি করে কেটে ফেলে । আর সেগুলো একটা কেটলির গরম জলের মধ্যে ফেলে দেয় । তারপর সেই জলটা একটা গ্লাসে ঢেলে ছোটমামাকে দিয়ে বলে - ইয়ে পিলাইয়ে উসকো ।
প্রায় অজ্ঞান মেয়েকে কোনওমতে কয়েকঢোক জল খাওয়াতে পারে ছোটমামা । আর তার ফল হয় ম্যাজিকের মতো ! পাঁচমিনিটের মধ্যে তন্নি লাফিয়ে উঠে জিপ থেকে নেমে গায়ের জ্যাকেট ফ্যাকেট খুলে দৌড়দৌড়ি করতে শুরু করে ! আনন্দে চোখে জল এসে যায় ছোটমামার (এটা ঘটেছিল কিনা আমি জানি না, শেষটা একটু নাটকীয় করার জন্য লিখলাম) !
ব্যাপারটা কি হল ? অতিরিক্ত ঠান্ডায় রক্ত চলাচলের বেগ কমে গিয়ে শরীর ঠান্ডা হয়ে যায় । এর ফলে তন্নির শরীর অবশ হয়ে গিয়েছিল । এইসময়ে ঠান্ডা জল খাওয়ালে কোনও ফল হয় না । দোকানদার দিয়েছিল গরম জল আর সেইসঙ্গে পাহাড়ী লঙ্কা ! শরীরকে মূহুর্তের মধ্যে গরম করার জন্য অব্যর্থ পাহাড়ী টোটকা । ফলাফল - হাতেনাতে !

নামার পথে তুষারপাতটা আস্তে আস্তে কমে গিয়ে একসময়ে বন্ধ হয়ে গেল । আমাদের কারুরই দুপুরে খাওয়া হয়নি, কিন্তু এই রাস্তায় সেরকম খাবারের কোনও দোকানও নেই । গাড়ির ড্রাইভার আমাদের বলল একেবারে গ্যাংটকে গিয়েই খাবারের দোকান পাওয়া যাবে । আমরা গ্যাংটক পৌঁছলাম তখন প্রায় বিকেল চারটে । গাড়ি আমাদের হোটেলের কাছে এক জায়গায় নামিয়ে দিল । সেখানে আমরা একটা কাছাকাছি বাঙালী রেস্ট্যুরেন্টে ঢুকে খেয়ে নিলাম । ভাত, ডাল, মাছ, চিকেন, চাউমিন, চিকেন মাঞ্চুরিয়ান মিলিয়ে খরচ হল ২,০৮৫/- টাকা ।

এখান থেকে আমরা হেঁটে হোটেলে পৌঁছে গেলাম । হোটেলে ঢুকতেই ম্যানেজার জিজ্ঞেস করল আমরা ছাঙ্গুতে গিয়ে বরফ পেয়েছি কিনা । আমরা "হ্যাঁ" বলাতে সে বলল - "আপলোগ বহোৎ লাকি হো সার ! ইস সাল ইঁহা ইৎনা আচ্ছা স্নোফল আজ পহলিবার হুয়া !"

সন্ধ্যেবেলা আমাদের আর কিছু করার ছিল না । ম্যালেও আর গেলাম না কারণ পরেরদিন আমাদের ফেরার দিন তাই গোছগাছ করে নেওয়ার ছিল । রাত ন'টা নাগাদ বেরিয়ে ডিনার নিয়ে এলাম একটা অন্য দোকান থেকে । এই দোকানটা ম্যালের একেবারে শেষপ্রান্তে । চাউমিন আর চিলি চিকেন - খরচ হল ১,২৬০/- টাকা ।

হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ
পরেরদিন ১লা এপ্রিল, ২০১৮ আমাদের ফেরার দিন । সকালে উঠে ছাদে যেতেই মেঘ আমাকে 'এপ্রিল ফুল' করে সরে গিয়ে বেশ পরিষ্কারভাবে দেখিয়ে দিল - কাঞ্চনজঙ্ঘা !







ব্রেকফাস্টের জায়গা থেকে পাহাড়ের ভিউ
হোটেল থেকে চেক্‌ আউট করে বেরোলাম আটটা নাগাদ । গ্যাংটক থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টাতিনেক লাগে তবে ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে হবে বলে তাড়াতাড়িই বেরিয়ে পড়লাম । আর সকালে কোথাও ঘোরার না থাকলে পাহাড় থেকে সকাল সকাল নেমে পড়াই বুদ্ধিমানের কাজ কারণ কোনও কারণে রাস্তায় কোথাও আটকে পড়লে ট্রেন মিস্‌ হওয়ার সম্ভাবনা থেকে যায় । সাড়ে নটা নাগাদ এক জায়গায় আমাদের গাড়ি থামল । সেখানে আমরা পরোটা আর তরকারী দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম । খরচ হল ৭১০/- টাকা ।

গাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছল দুপুর বারোটার একটু পরে । স্টেশনের IRCTC-র ক্যান্টিন থেকে ভাত ডাল মাছের ঝোল দিয়ে লাঞ্চ করে নিলাম । আমরা নিউ জলপাইগুড়ি থেকে ফেরার সরাসরি টিকিট পাইনি, তাই দুপুর ২ঃ৪০ মিনিটের ক্যাপিটাল এক্সপ্রেসে ধরে বিকেল ৫ঃ১৫ মিনিটে পৌঁছলাম বারসোই । বারসোই থেকে সন্ধ্যে ৭ঃ১০ মিনিটের রাধিকাপুর এক্সপ্রেস ধরলাম । ডিনার আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই কিনে নিয়েছিলাম, রাতে খেয়েদেয়ে শুয়ে পড়লাম । ট্রেন আমাদের কলকাতা স্টেশনে এসে পৌঁছে দিল পরেরদিন সোমবার ২রা এপ্রিল, ২০১৮ সকাল ৬ টায় । ভ্রমণ শেষ !

সারসংক্ষেপঃ

১. পশ্চিমবঙ্গের উত্তর দিকে দার্জিলিঙ বাদ দিলে সবচেয়ে পরিচিত বেড়ানোর জায়গা সিকিমের গ্যাংটক । ভারতের পরিচ্ছন্নতম রাজ্যের রাজধানী এই জায়গা সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে থাকে ।
২. গ্যাংটকের উচ্চতা ৫,৪০০ ফুট যা দার্জিলিঙের থেকে প্রায় ১,৩০০ ফুট কম । তাই এখানে ঠান্ডাও তুলনামূলকভাবে কম ।
৩. নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি বা বাগডোগরা থেকে গাড়ি নিয়ে গ্যাংটক যেতে হয় । ঘন্টা চারেক সময় লাগে ।
৪. গ্যাংটকে থাকার প্রচুর হোটেল আছে, তবে এম জি মার্গের ওপরে কোনও হোটেলে থাকতে পারলে ভালো । আমাদের হোটেল 'ব্রাদার্স গেস্ট হাউস' খুবই সুন্দর আর এদের ভাড়াও খুব একটা বেশি নয় । এদের নিজস্ব ওয়েবসাইট নেই, আমরা https://www.goibibo.com/ থেকে এদের বুকিং করেছিলাম । এছাড়া অন্যান্য ওয়েবসাইট থেকেও বুকিং করা যায় । হোটেলের ফোন নম্বরঃ 03592202091, 03452398111, 9933091115, 9564000767.
৫. এই হোটেলে ব্রেকফাস্ট, ইভনিং স্ন্যাক্স বা চায়ের ব্যবস্থা থাকলেও লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা নেই । তবে বাইরে থেকে খাবার নিয়ে এসে এদের ডাইনিং রুমে খাওয়া যেতে পারে বা ঘরে বসেও খাওয়া যেতে পারে - সেক্ষেত্রে এরা বাসনপত্র দেয় ।
৬. এই হোটেলটা একেবারে ম্যালের ওপরেই । এখানে কাছাকাছি অনেক খাবার দোকান আছে আর একাধিক বাঙালী রেস্ট্যুরেন্টও আছে ।
৭. গ্যাংটকের ম্যাল সন্ধ্যের পরে সময় কাটানোর জন্য একটা অসাধারণ জায়গা । অত্যন্ত সুন্দরভাবে সাজানো এই ম্যালের চারপাশ ঘিরে রয়েছে প্রচুরসংখ্যক দোকান যেখান থেকে নানারকম দরকারী বা অদরকারী জিনিস কেনা যেতে পারে ।
৮. গ্যাংটকের সাইট সিয়িং-এর মধ্যে সবথেকে বিখ্যাত হল রুমটেক মনাস্ট্রি । গ্যাংটক গেলে সিকিম রাজ্যের সবথেকে বড় এই মনাস্ট্রিতে অবশ্যই যাওয়া উচিৎ ।
৯. অন্যান্য সাইট সিয়িং এর মধ্যে বনজাকরি ওয়াটার ফলস্‌ আর রিজ পার্ক ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারও খুব সুন্দর । এছাড়া আরও অনেক ঘোরার জায়গা আছে যেগুলোর সম্পর্কে ইন্টারনেটে জেনে নেওয়া যেতে পারে বা এখানকার হোটেলের থেকেও জানা যেতে পারে ।
১০. গ্যাংটক থেকে ডে-ট্রিপে ছাঙ্গু বা আর বাবা হরভজন সিং-এর মন্দির অবশ্যই দেখতে হবে । এখানকার উচ্চতা গ্যাংটকের দ্বিগুণেরও বেশি তাই হৃদযন্ত্র বা ফুসফুসের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়েই যাওয়া উচিৎ ।
১১. এই দুটো জায়গায় গেলে নাথুলা পাস খোলা আছে কিনা জেনে নেওয়া দরকার । যদি থাকে তাহলে নাথুলাও দেখে আসতে হবে ।
১২. এই জায়গাগুলো দেখার জন্য মিলিটারির পার্মিট লাগে । এই পার্মিট পাওয়ার জন্য নিজের দু'কপি করে ফোটো আর সচিত্র পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে । পার্মিট জোগাড় করতে সাধারণতঃ একদিন সময় লাগে, তাই যেদিন গ্যাংটকে পৌঁছনো হচ্ছে তার পরেরদিনই এখানে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো ।
১৩. গ্যাংটকের তুলনায় ছাঙ্গুর তাপমাত্রা অনেক কম । বছরের মধ্যে ছ'মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে । তাই উপযুক্ত গরম পোষাক সঙ্গে রাখা দরকার ।
১৪. খুব শীতের সময়ে ছাঙ্গু লেক বরফে ঢেকে যায়, সে দৃশ্যও চমৎকার । কিন্তু অনেক সময়ে রাস্তায় খুব বরফ পড়লে মিলিটারির লোকেরা এখানে যাওয়ার অনুমতি দেয় না । সেই বিষয়গুলো আগে থেকে খোঁজ নিয়ে যাওয়াই ভাল ।

উপসংহারঃ

গ্যাংটক !
যদি পাহাড়ে বেড়াতে যাওয়ার ইচ্ছে আর সেইসঙ্গে স্বাচ্ছন্দ্যের দাবী থাকে তাহলে গ্যাংটক হচ্ছে একেবারে আদর্শ জায়গা । পশ্চিমবঙ্গের উত্তরে যে জায়গাগুলো যাওয়া যায় তার মধ্যে জনপ্রিয়তার দিক থেকে দার্জিলিঙের পরেই গ্যাংটকের স্থান আর এখানে তুলনায় ভিড় কম হয় । গ্যাংটক সিকিমের রাজধানী, তাই অসম্ভব পরিচ্ছন্ন হবে তাতে আশ্চর্য্য হওয়ার কিছু নেই । কিন্তু জায়গার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্ন এখানকার মানুষের মন । এদের জীবনযাত্রা সচ্ছল আর তাই অন্য অনেক জায়গার মতো নোংরামি জিনিসটা এখানে একেবারেই নেই । সিকিমের আয়ের একটা প্রধান উৎস ট্যুরিজম আর সেটা এখানকার মানুষ খুব ভালোভাবে জানে । তাই এদের আতিথেয়তায় কখনও কোনও ত্রুটি দেখা যায় না । আর এই আতিথেয়তা শুধু মানুষের কাছ থেকে নয়, তার সমান প্রকাশ প্রকৃতির মধ্যেও বর্তমান । অসাধারণ সিনিক বিউটি অবারিত দ্বার খুলে প্রকৃতি যেন এখানে পর্যটকদের চুম্বকের মতো টানে । প্রকৃতি আর সভ্যতার যুগপত সেই টান অনুভব করা সম্ভব যেকোনও প্রান্ত থেকেই - শুধু নিজের মধ্যে থাকতে হবে সেই টান অনুভব করতে পারার ক্ষমতা । তাই নিজে যদি লোহা হতে পারা যায়, তাহলে এই চুম্বকের টানকে উপেক্ষা না করে বেরিয়ে পড়তে হবে পাহাড়ের চূড়া - গ্যাংটকের উদ্দেশ্য !

গ্যাংটক ভ্রমণের আরও ছবি দেখতে হলে click here.

Sunday, December 31, 2017

সুন্দরবন ভ্রমণ

ভ্রমণপথঃ

শুক্রবার ২৯শে ডিসেম্বর, ২০১৭ঃ কলকাতা - সকাল ৭ঃ৩০ মিনিটে গাড়ি - ভায়া বারুইপুর, ক্যানিং - সকাল ১১ঃ৩০ মিনিটে সোনাখালি - লঞ্চে গোসাবা হয়ে বিকেল ৫ঃ৩০ মিনিটে পাখিরালয় - পাখিরালয়ে রাত্রিবাস
শনিবার ৩০শে ডিসেম্বর, ২০১৭ঃ সকাল ৮ঃ৩০ মিনিটে লঞ্চে - সজনেখালি, সুধন্যখালি, দোবাঁকি - সন্ধ্যে ৭টায় পাখিরালয়ে ফিরে রাত্রিবাস
রবিবার ৩১শে ডিসেম্বর, ২০১৭ঃ সকাল ৯টা লঞ্চে - ঝড়খালি - সন্ধ্যে ৬ঃ৩০ মিনিটে সোনাখালি - গাড়িতে ভায়া ক্যানিং, বারুইপুর - রাত ৯ঃ৩০ মিনিটে কলকাতা

আমরা সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে পেয়েছি (হ্যাঁ, কোনওরকম সূচনা, ভনিতা না করে শুধু এই চাঞ্চল্যকর তথ্য দিয়েই শুরু করছি এবারের লেখা । কবে, কোথায়, কিভাবে সেসব জানতে গেলে অবশ্য পুরো লেখাটা পড়তে হবে !) । শুক্রবার ২৯শে ডিসেম্বর, ২০১৭ বছরের শেষ তিনটে দিন জলে-জঙ্গলে কাটানোর জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের উদ্দ্যেশ্যে । আমাদের এ'বারের দল ৪ জন শিশুসহ মোট ৩২ জনের । আলাদা করে আর কারুর নাম উল্লেখ করছি না, তবে আমরা যারা নিয়মিত একসঙ্গে যাই, তারা সবাই ছিলাম । ৩২ জনের দল মানে একটা ছোটখাটো কন্ডাক্টেড ট্যুরই বলা যেতে পারে । এর আগে চাঁদিপুরে আমরা এরকম বড় দল নিয়ে গিয়েছিলাম, তবে সেখানে সবাই ছিল সমবয়স্ক এবং সেইহেতু কিছুটা সমমনস্ক । এবারের দলে আড়াই থেকে আশি সবাই ছিল, তাই সবটা ম্যানেজ করার কাজটা সহজ ছিল না, তবে এটা বলতে পারি সবমিলিয়ে সবকিছু ভালোভাবেই হয়েছে ।

শুক্রবার ২৯শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭ টার সময়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল । ৩২ জনের সবাই এক জায়গায় থাকে না, তাই মোট তিনটে টাটাসুমো আর একটা উইঙ্গার কলকাতার বিভিন্ন জায়গা থেকে লোকজনদের তুলে নিয়ে সোনাখালির উদ্দেশ্যে রওনা হল । আমাদের বাড়ি থেকে সোনাখালির দূরত্ব ৭২ কিলোমিটারের মতো, কিন্তু তাও পৌঁছতে প্রায় ঘন্টাচারেক লেগে গেল (মাঝে আমরা একবারই চা খাওয়ার জন্য আধঘন্টা দাঁড়িয়েছিলাম) ।

গাড়ি আমাদের সোনাখালির ঘাটের কাছে নামিয়ে দিল । এই সোনাখালির ঘাট থেকে আমাদের লঞ্চ ছাড়ার কথা । সেখানে পৌঁছে দেখলাম যেন মেলা বসেছে । ডিসেম্বরের শেষের কয়েকটা দিন সুন্দরবনে প্রচুর লোক যায় এটা শুনেছিলাম, কিন্তু সেটা যে কত বেশি তার স্পষ্ট ধারণা ছিল না । জেটিতে একেকটা লঞ্চ লাগছে, হুড়মুড় করে লোক উঠছে, লঞ্চ জেটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে । কোনও লঞ্চের যদি লোক বা মালপত্র তুলতে একটু বেশি সময় লাগে, তাকে বাকি লঞ্চের কর্মচারীরা বকাবকি করছে । যাই হোক, এইরকম তাড়াতাড়ি করেই আমরা আমাদের লঞ্চে উঠে পড়লাম ।

লঞ্চের আপার ডেক
লঞ্চ জিনিসটায় আমি এর আগে মুম্বই থেকে এলিফ্যান্টা যাওয়ার সময়ে চড়েছি, কিন্তু এই লঞ্চগুলো ঠিক সেরকম নয় । এখানে লোয়ার ডেক আর আপার ডেক আছে - লোয়ার ডেকে পাঁচটা ডাবল্‌ বেড রয়েছে যেখানে ইচ্ছে করলে দশ-বারোজন অনায়াসে শুতে পারে । এছাড়া লোয়ার ডেকে একটা টয়লেটও আছে । আপার ডেকে চেয়ার পাতা, খাওয়ার জায়গা ইত্যাদি রয়েছে । লোয়ার ডেকটা চারদিক ঘেরা, কয়েকটা জানালা আছে । আপার ডেকটা চারদিক খোলা । ভিউ দেখার জন্য আপার ডেকটা অনেক ভালো, তাই বেশিরভাগ লোকজন আপার ডেকেই বসলাম । পৌনে বারোটা নাগাদ আমাদের লঞ্চ ছাড়ল সোনাখালির জেটি থেকে । লঞ্চের ওপরে রোদ লাগে, কিন্তু ডিসেম্বরের শেষে গরম সেরকম লাগে না, তাই ব্যাপারটা খুব উপভোগ্য । আমরা লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই লুচি-তরকারি দিল । এখানে জানিয়ে রাখি এই সুন্দরবন ভ্রমণ আমরা 'বিশ্বাস ট্রাভেলস্‌'-এর সঙ্গে করছি ।
লঞ্চের লোয়ার ডেক
আমাদের ভ্রমণ তিনদিনের, তৃতীয়দিন সন্ধ্যেবেলা আবার সোনাখালিতে এসে আমাদের যাত্রা শেষ হবে । এই তিনদিন আমাদের লঞ্চে ঘোরা, রাত্রে হোটেলে থাকা, সারাদিনের খাওয়া - সবমিলিয়ে মাথাপিছু খরচ ৩,৮৫০/- । এটা বিশ্বাস ট্রাভেলসের প্যাকেজ ট্যুর এবং আমাদের দলে লোকসংখ্যা বেশি হওয়ায় পুরো লঞ্চটাই আমাদের ।


লঞ্চ থেকে পাড়ের দৃশ্য
লঞ্চে বসে দুদিকের দৃশ্য দেখতে দেখতে আর ছবি তুলতে তুলতেই সময় কেটে যায় আর বিশেষ করে এই ধরনের দৃশ্য যা আমি অন্ততঃ কোনওদিন দেখিনি । নদীর জলের ওপর দিয়ে লঞ্চ এগিয়ে চলেছে আর দু'পাশে কখনও লোকালয়, কখনও ফাঁকা জায়গা আর কখনও বা গাছপালা । জঙ্গল জিনিসটা তখনও সেভাবে শুরু হয়নি ।



কিছুক্ষণ পরে লঞ্চে আমাদের মাছভাজা দিল । এইভাবে প্রায় দুঘন্টা চলার পরে আমাদের লঞ্চ একটা বড় নদীতে পড়ল - নদীর নাম বিদ্যাধরী নদী (ছোটবেলায় ভূগোল বই-এ পড়া হুগলী নদীর একটা শাখানদীর নাম, মনে পড়ছে ?) । এখানেই আমাদের প্রথম ভিউ পয়েন্ট - গোসাবা । গোসাবায় জেটিতে আমাদের লঞ্চ থামার পর আমরা লঞ্চ থেকে নামলাম । এখানে দেখার জায়গা প্রথমতঃ দু'টো - হ্যামিলটন-এর বাংলো আর বেকন বাংলো ।

হ্যামিলটন বাংলো
জেটি থেকে নেমে মিনিট দশেক হেঁটে আমরা প্রথমে হ্যামিলটনের বাংলোয় পৌঁছলাম । ১৯১৬ খ্রীষ্টাব্দে স্যার ড্যানিয়েল হ্যামিলটন এখানে এসে ছিলেন এবং গোসাবার অনেক উন্নতি করেন । বাংলোর ভিতরে ঢোকা যায় না, দরজাগুলো বন্ধ থাকে । তবে জায়গাটা বেশ সুন্দর । বাংলোর সামনে একটা বড় পুকুর রয়েছে । আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এগিয়ে গেলাম আমাদের পরবর্তী দেখার জায়গা - বেকন বাংলোর দিকে ।

বেকন বাংলো
হ্যামিলটন বাংলো থেকে বেকন বাংলো হেঁটে পনেরো মিনিট মতো লাগে । এখানকার বৈশিষ্ট্য হল স্যার হ্যামিলটনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩২ সালের ৩০ ও ৩১শে ডিসেম্বর এই বাংলোয় দুদিন ছিলেন । এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বেশ বড় মূর্তি আছে । বাংলোর সামনে একটা বড় মাঠ আর পুরোটা একটা পাঁচিল দিয়ে ঘেরা । এখানেও বাংলোর ভিতরে ঢোকা যায় না ।


বেকন বাংলো থেকে বেরিয়ে আমাদের আর আগের জেটিতে ফিরে যেতে হল না কারণ এখানে পাশেই আরেকটা জেটি আছে আর আমাদের লঞ্চ ইতিমধ্যেই এই জেটিতে এসে দাঁড়িয়েছে । আমরা লঞ্চে উঠে পড়ার পর লঞ্চ ছেড়ে দিল । দুপুর তিনটে বাজে, খিদেও পেয়েছিল আর লঞ্চে উঠেই দেখলাম লাঞ্চ রেডি । একেকবারে ১২-১৩ জন একসঙ্গে বসে লাঞ্চ করা যায় তাই মোট তিনটে ব্যাচে আমাদের লাঞ্চ করা শেষ হল । দুপুরের মেনু ছিল ভাত, ডাল, ভাজা, ভেটকি মাছের ঝোল, চাটনি ইত্যাদি । খাবার অপরিসীম অর্থাৎ যত চাইবে ততই দেওয়া হবে । এমনকি কেউ কেউ চাইলে মাছও একটার বেশি দিয়ে দেয় । কিন্তু আমরা এখানে নেমন্তন্ন খেতে আসিনি, এসেছি সুন্দরবন ঘুরতে তাই অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত ভোজন শুধু অস্বাস্থ্যকরই নয়, কিছুটা বিরক্তিকরও বটে ।

নদীর ওপরে সূর্য্যাস্ত
লাঞ্চ শেষ করতে করতে সাড়ে চারটে বেজে গেল । তারপরে আমাদের একটা করে কমলালেবু দিল । শীতকালের বিকেল তাড়াতাড়ি শেষ হয়, সাড়ে পাঁচটার পরেই সূর্য্য অস্তাচলে চলে গেল । জলের ওপর থাকা অবস্থায় এই সূর্য্যাস্তের দৃশ্য অসাধারণ লাগে বিশেষ করে এই দৃশ্য আমাদের সচরাচর দেখার সুযোগ হয় না । লঞ্চ বিদ্যাধরী নদী থেকে একটা খাঁড়ি ধরে দত্তা নদীতে এল । এই দত্তা নদীর ধারেই পাখিরালয় - আমাদের রাত্রিবাসের জায়গা । পাখিরালয়ের জেটিতে আমাদের লঞ্চ এসে পৌঁছল তখন সন্ধ্যে ছটা বেজে গেছে ।

লঞ্চ থেকে নেমে পাড়ে উঠে প্রথমেই যে লজটা সামনে পড়ে, সেটাই আমাদের । নাম চিতল লজ । এখানে মোট দশটা ঘর আছে আর সবকটাই আমরা নিয়েছি । দশটার মধ্যে ছটা চার বিছানা আর চারটে দুই বিছানা । আমরা আমাদের সুবিধেমতো ঘর ভাগ করে নিলাম । সন্ধ্যের জলখাবার ছিল মুড়ি বেগুনী, প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে সেগুলো দিয়ে আসা হল । সন্ধ্যেবেলা আমাদের আর কিছু করার নেই, তাই আমরা কয়েকজন পায়ে হেঁটে একটু কাছাকাছি ঘুরতে গেলাম । পাখিরালয় জায়গাটা প্রায় গ্রামই বলা যেতে পারে, তবে সুন্দরবনে ঘুরতে এলে এখানে ট্যুরিস্টরা থাকে বলে বেশ কিছু হোটেল/রিসর্ট রয়েছে । আমরা হাঁটতে হাঁটতে পাখিরালয় বাজারে চলে গেলাম । এখানে যাওয়ার পথে একটা জায়গা আছে, সেখান থেকে দেখা যায় নদীর ওপরে অনেকগুলো লঞ্চ তাদের যাত্রীদের নামিয়ে দিয়ে মাঝনদীতে গিয়ে দাঁড়িয়ে আছে । রাতের অন্ধকারে লঞ্চগুলোকে বিশেষ ভালো করে দেখা যায় না কিন্তু তাদের ভিতরের আলো দেখা যায় । আর অন্ধকারের মধ্যে এই নানারকম রঙের আলো দেখতে বেশ সুন্দর লাগে, দেখে মনে হয় নদীর ওপরে আলোর মেলা বসেছে । আমরা আমাদের লঞ্চের গাইডের থেকে জেনেছিলাম রাত্রিবেলা কোনও লঞ্চই ঘাটের কাছে থাকে না, সবাই মাঝনদীতে চলে গিয়ে নোঙর ফেলে দেয় । এটা করার কারণ হল রাত্রে যখন জোয়ার আসে তখন জেটিতে দাঁড়িয়ে থাকাটা ঝুঁকির, কারণ জলের তোড়ে লঞ্চের ধাক্কায় জেটি ভেঙ্গে যেতে পারে আবার লঞ্চের ক্ষতিও হতে পারে ।

বাজার থেকে ফিরে এসে আমরা কিছুক্ষণ ঘরে ঘরে আড্ডা মেরে কাটালাম । রাত দশটা নাগাদ আমাদের রাতের খাবার দিল । আমাদের লজের ঘরগুলোর সামনে একটা লন আছে, সেখানে একটা চাঁদোয়া টাঙানো জায়গায় খাওয়ার ব্যবস্থা । রাত্রিবেলা এখানে বেশ ভালো ঠান্ডা পড়ে, তাই গরম গরম খাবার খুব দরকার ছিল । আর সেই খাবার যদি হয় ভাত বা রুটির সঙ্গে খাসীর মাংস, তাহলে তো কথাই নেই । খাওয়ার পরে যে যার ঘরে গিয়ে আমরা শুয়ে পড়লাম ।

পাখিরালয়ে সকালের কুয়াশা
পরেরদিন শনিবার ৩০শে ডিসেম্বর । সকালে আমার ঘুম ভাঙ্গল ছ'টা নাগাদ । নতুন জায়গায় এসে সকালে ঘরে বসে থাকার মানে হয় না, তাই আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম । ঘরের বাইরে এসে দেখি চারিদিক ঘন কুয়াশায় ঢাকা । আমি লজের বাইরে এসে দেখলাম জলের ওপরে কিছুই দেখা যাচ্ছে না । চারপাশটা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার লজে ফিরে এলাম ।

কিছুক্ষণ পরে আমাদের লঞ্চ পাড়ে এসে ভিড়ল আর আমাদের গাইড চা নিয়ে ঘরে ঘরে সবাইকে দিয়ে দিল । সকালে সবাইকে আটটার মধ্যে রেডি হয়ে নিতে বলা হয়েছিল, কারণ আমাদের বেরোতে হবে । এখানে বাথরুমে গিজার নেই, তবে একজন লোক আছে যে ঘরে ঘরে বালতি করে গরম জল দিয়ে যায় । চানটান করে রেডি হয়ে লঞ্চ ছাড়তে ছাড়তে প্রায় পৌনে নটা বেজে গেল ।

সজনেখালির ওয়াচ্‌টাওয়ার থেকে
পাখিরালয় থেকে বেরিয়ে আমাদের প্রথম গন্তব্য হল 'সজনেখালি' । জায়গাটা বলতে গেলে নদীর ও'পারেই, নদী পেরোতে মিনিট পনেরো লাগল । সজনেখালিতে ইকো-ট্যুরিজম কমপ্লেক্স আছে । এখানে একটা ওয়াচ্‌ টাওয়ার আছে, যদিও সেখান থেকে গাছের মাথা ছাড়া কিছুই দেখা যায় না । এখানে আমরা সুন্দরী গাছ দেখলাম । গাছটার আলাদা কোনও বৈশিষ্ট্য নেই, তবে কান্ডটা বেশ সুন্দর দেখতে । হয়তো এই কারণেই এর এই নাম । এখানে পাশে একটা জলাশয় আছে, সেখানে আমরা একটা গোসাপ আর একটা কুমীর দেখতে পেলাম । এছাড়া একটা ছোট মিউজিয়াম আছে, সেখানে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে এলাম ।

শ্বাসমূল
সুন্দরবন অঞ্চলে সুন্দরী-গরাণ-গেঁওয়া প্রভৃতি গাছ দেখা যায় । এইসব গাছ নোনামাটি থেকে যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয় জল এবং অক্সিজেন সংগ্রহ করতে পারে না বলে এদের মূলের একটা অংশ মাটির উপরে বেরিয়ে আসে । এগুলোকে বলে শ্বাসমূল । একজায়গায় অনেকটা জায়গা জুড়ে এরকম শ্বাসমূল রয়েছে । আমাদের গাইড বলল এগুলোর ওপর দাঁড়াতে । দেখে জিনিসগুলোকে খুব একটা শক্ত বলে মনে হয় না, কিন্তু দাঁড়িয়ে দেখলাম খুবই শক্ত । আমাদের গাইড বলল বাঘ যখন মানুষ বা অন্য কোনও প্রাণীকে ধরে, তখনও তার শরীরে প্রাণ থাকে । তারপর বাঘ এইরকম শ্বাসমূলের ওপর দিয়ে তার শরীরটা বয়ে নিয়ে যায় । এই শ্বাসমূলগুলো তখন সেই শরীরটাকে ক্ষতবিক্ষত করে দেয় আর প্রচন্ড যন্ত্রণায় বেশিরভাগ সময়েই সেই প্রাণীর শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় ।


আমাদের পুরো দল
সজনেখালিতে যে জেটিতে লঞ্চ নামায় সেখান থেকে তোলে না । এখানে ঢোকার আর বেরোনোর গেট আলাদা আর আমাদের লঞ্চ আমাদের জন্য বেরোনোর গেটের জেটিতে অপেক্ষা করছিল । আগেই বলেছি বছরের শেষের এই কটা দিনে সুন্দরবনে প্রচন্ড ভীড় হয়, আর এই সজনেখালির জেটিতেও আগেরদিনের সোনাখালির মতোই লোক গিজগিজ করছে । আমরা আমাদের লঞ্চে ওঠার পর লঞ্চ এগিয়ে চলল পরবর্তী গন্তব্য সুধন্যখালির দিকে ।

সুধন্যখালি যাওয়ার পথে
সজনেখালি থেকে সুধন্যখালি লঞ্চে প্রায় ঘন্টাতিনেক লাগে । লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল । মেনুতে ছিল কচুরি আর তরকারি । লঞ্চে খাওয়াদাওয়াটা ভালোই হয় আর আমাদের রাঁধুনির রান্নার হাতটাও চমৎকার, তাই খাওয়াটা বেশ মনোমতোই হয় । ব্রেকফাস্টের কিছুক্ষণ পরে আমাদের আবার চিকেন পকোড়া দিল ।


লঞ্চে করে একটা জার্ণির বৈশিষ্ট্য হল এখানে দৃশ্যপট প্রায় একইরকম - আমরা একটা সরু বা চওড়া বা খুব চওড়া নদীর একটা ধার ধরে এগিয়ে যাচ্ছি আর দুপাশে প্রধানতঃ জঙ্গল, মাঝে মাঝে লোকালয় । কিন্তু এই একই দৃশ্যের পুনরাবৃত্তি হওয়া সত্ত্বেও কখনও একঘেয়ে লাগে না । ঘন্টার পর ঘন্টা জলের ওপর লঞ্চে করে যাওয়াটা একটা দারুণ অভিজ্ঞতা আর আমরা সেই অভিজ্ঞতা পুরোমাত্রায় উপভোগ করেছি ।

প্রায় সাড়ে বারোটা নাগাদ আমরা পৌঁছলাম সুধন্যখালিতে । এখানে জঙ্গলের মধ্যে একটা ওয়াচ্‌টাওয়ার আছে যেখান থেকে বাঘ দেখার সম্ভাবনা রয়েছে । তবে বাঘ দেখতে চাইলেই তো আর বাঘ দেখা যায় না, তার জন্য বিশেষ সৌভাগ্যের প্রয়োজন হয় । একটা কথা মনে রাখতে হবে সুন্দরবনের বাঘ হল 'রয়্যাল বেঙ্গল টাইগার' - এদের আকৃতি সুবিশাল না হলেও চেহারার সৌন্দর্য্যের জন্য এদের খ্যাতি পৃথিবীজোড়া । এদের চালচলনের মধ্যে যে রাজকীয় মেজাজ রয়েছে তার জন্যই এদের এই নাম । আমরা সাধারণ মানুষ, সাধারণ প্রজা - রাজসকাশে গিয়েছি । আমাদের ইচ্ছে থাকলেই যে রাজা আমাদের দেখা দেবেন এমন আশা করাও ঠিক নয়, রাজা নিজের ইচ্ছানুযায়ীই চলাফেরা করবেন ।

সুধন্যখালির ওয়াচ্‌টাওয়ার থেকে
আমরা সুধন্যখালির ওয়াচ্‌টাওয়ার থেকে কিছুক্ষণ গাছের মাথা দেখে নেমে এলাম । ফেরার পথে দেখলাম এক জায়গায় একটা বোর্ড রাখা রয়েছে, সেখানে গত দুমাসের মধ্যে সুধন্যখালিতে কে কবে কখন বাঘ দেখেছে সেগুলো লেখা আছে । এই সময়গুলোর মধ্যে একটা প্যাটার্ন রয়েছে আর সেটা হল সেগুলো সবই বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে । আমাদের গাইডের থেকে জেনেছিলাম বাঘ সাধারণতঃ খুব সকাল বা বিকেলের দিকেই দেখা যায় কারণ এই সময়ে ওরা জলের ধারে আসে জল খেতে । ভরদুপুরবেলা বাঘ সাধারণতঃ খেয়েদেয়ে বিশ্রাম করে আর এইসময়ে এদের দেখার আশা করার কোনও মানে হয় না ।

সুধন্যখালিতেও একইরকম ব্যবস্থা - যেখানে লঞ্চ থেকে নামা সেখান থেকে ওঠা নয় । লঞ্চে উঠে আমরা এগিয়ে চললাম আমাদের দিনের তৃতীয় তথা শেষ গন্তব্য দোবাঁকি-র দিকে । সুধন্যখালি থেকে দোবাঁকি প্রায় ঘন্টা দেড়েক, তাই এইসময়ে আমাদের লাঞ্চ দিয়ে দিল । এদিনের মেনু ভাত, ডাল, আলুভাজা, পারশে মাছের ঝাল, চাটনি, পাঁপড় ইত্যাদি । লাঞ্চ শেষ হতে হতে তিনটের বেশি হয়ে গেল আর আমরা দোবাঁকির কাছে পৌঁছে গেলাম ।

দোবাঁকির কাছে
দত্তা নদী ধরে আরও মোহনার দিকে এগিয়ে গেলে দত্তা নদী যেখানে বিদ্যাধরী নদীর সঙ্গে মেশে, প্রায় সেই জায়গাতেই দোবাঁকি । পাড়ের একেবারে কাছে পৌঁছে একটা ঘটনা ঘটল আর সেটা আমাদের বেশ বড় বিপদের কারণ হতে পারত । আমাদের লঞ্চ চড়ায় কিছুটা আটকে গেল । আমাদের চালক ব্যাপারটা আগে থেকে আন্দাজ করতে পেরেছিল আর সেইভাবে কিছুটা তৈরিও ছিল, তাই আমরা একেবারে আটকে গেলাম না । কোনওভাবে কিছুটা আগুপিছু করে টরে (ঠিক কিভাবে সেটা আমি বলতে পারব না, কারণ আমি লঞ্চ চালাতে জানি না) বেশ মুন্সিয়ানার সঙ্গে সে চড়া থেকে লঞ্চটাকে উদ্ধার করে আনল । আমরা দেখতে পেলাম আমাদের আগে আরও কয়েকটা লঞ্চ এগিয়ে গিয়েছিল আর চড়ার মধ্যে আটকে গেছে । ব্যাপারটার মধ্যে ভয়ের কিছু নেই, কারণ কোনও লঞ্চই অনন্তকাল চড়ায় আটকে থাকে না, জোয়ার এলেই লঞ্চ চড়া থেকে ছাড়া পেয়ে যায় । কিন্তু চড়ায় একবার আটকে গেলে জোয়ার আসার আগে উদ্ধার পাওয়ার আশা কম আর সেক্ষেত্রে দোবাঁকি দেখা তো হবেই না উল্টে রাত পর্যন্ত্য অপেক্ষা করতে হতে পারে । তাই এরকম ঘটনা একেবারেই অভিপ্রেত নয় ।

আমাদের লঞ্চ একটা অন্য জলপথ দিয়ে দোবাঁকির দিকে এগিয়ে চলল । এখানে জলের গভীরতা বেশি তাই আটকে যাওয়ার সম্ভাবনা নেই । কিন্তু বেশ কিছুটা ঘুরপথ বলে আমাদের দোবাঁকি পৌঁছতে আরও আধঘন্টা দেরি হয়ে গেল । দোবাঁকিতে আমরা নামলাম তখন দুপুর সাড়ে তিনটে আর দোবাঁকি বিকেল চারটে পর্যন্ত্য খোলা থাকে ।

দোবাঁকিতে হরিণের জল খাওয়া
এ'পর্যন্ত্য যেকটা জায়গা দেখেছি, তার মধ্যে দোবাঁকি আমার সবথেকে বেশি ভালো লাগল । এখানেও একটা ওয়াচ্‌টাওয়ার আছে আর সেখান থেকেই আমরা একটা হরিণের পাল দেখতে পেলাম । বিকেল হয়ে এসেছে, এটা হল বনের জন্তুদের জল খাওয়ার সময় । আমরা সাত-আটটা হরিণকে দেখতে পেলাম জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে একটা পায়ে চলা রাস্তা পেরিয়ে একটা জলাশয়ে নেমে জল খেল আবার কিছুক্ষণ পরে জঙ্গলের মধ্যে ফিরে গেল । এটা একটা দূর্দান্ত দৃশ্য আর দেখে আমাদের সত্যিই খুব ভালো লাগল । কাছাকাছির মধ্যে দুটো গোসাপও ছিল, সেটা আমাদের উপরি পাওনা (না, গোসাপ হরিণকে আক্রমণ করেনি, কারণ হরিণ গোসাপের খাদ্য নয়) । ওয়াচ্‌টাওয়ার থেকে নেমে আমরা একটা জাল দিয়ে ঘেরা পথ দিয়ে এগিয়ে চললাম । এটা আসলে একটা ব্রীজ, হেঁটে যাওয়ার জন্য । মাটি থেকে প্রায় পনেরো ফুট উঁচুতে এই পথটা তৈরি করা হয়েছে ট্যুরিস্টদের হাঁটার জন্য । ভাগ্য ভালো থাকলে এখান থেকে বাঘও দেখা যেতে পারে । আমরা অবশ্য বাঘ দেখতে পাইনি, তবে একজায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি । ছাপটা টাটকা নয়, বেশ কিছুদিনের পুরনো । তবুও, বাঘের পায়ের ছাপ তো ! সেটাই বা কম কিসে ?

জলের ওপরে সূর্য্যাস্ত - দোবাঁকি থেকে ফেরার সময়ে
দোবাঁকি থেকে লঞ্চে উঠে আমরা ফেরার পথ ধরলাম । আমরা পাখিরালয় থেকে অনেকটা দক্ষিণদিকে চলে এসেছি, তাই ফিরতে অনেকটা সময় লাগবে । আমরা লঞ্চে উঠলাম সোয়া চারটে আর আমাদের গাইড বলল পাখিরালয়ে পৌঁছতে সাতটা বেজে যাবে । লঞ্চে করে সারাদিন ঘোরাঘুরির অভিজ্ঞতাটা নিঃসন্দেহে ভাল কিন্তু দোবাঁকি থেকে পাখিরালয়ে ফেরার এই লঞ্চযাত্রাটা একটা অসাধারণ অভিজ্ঞতা । আমরা যখন লঞ্চে উঠে কিছুটা এগোলাম, তখনই সূর্য্যাস্তের সময় হয়ে গেল । আর এই সূর্য্যাস্তটা আমরা দেখতে পেলাম একেবারে বিদ্যাধরী নদীর উপরে । বিদ্যাধরী খুব চওড়া নদী, জায়গায় জায়গায় এপার-ওপার দেখা যায় না । এইরকম জায়গায় সূর্য্যাস্ত হলে মনে হয় সূর্য্য আসলে জলের মধ্যেই অস্ত যাচ্ছে । সূর্য্যাস্ত হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আকাশে আলো থাকে আর তারপর একেবারে অন্ধকার । অন্ধকারের একটা নিজস্ব সৌন্দর্য্য আছে এটা আগেও দেখেছি, কিন্তু এইভাবে জলের ওপর লঞ্চে চড়ে সেই সৌন্দর্য্য কখনও উপলব্ধি করিনি । একটু পরে আকাশে চাঁদ উঠল । দুদিন পরেই পূর্ণিমা, তাই চাঁদের আলোর বেশ জোর আছে । এ'এক অসাধারণ অভিজ্ঞতা । মনে হচ্ছিল পাখিরালয়ে পৌঁছতে যতটা দেরি হয় ততই ভালো, তত বেশি করে প্রকৃতির এই রূপসুধা পান করা যায়, তত ভালোভাবে এই সৌন্দর্য্যে অবগাহন করা যায় ! (অনুভূতিটা আমার, ভাষাটা ধার করা, কোথা থেকে মনে পড়ছে না, তবে যেখান থেকেই হোক আমি লেখকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি)

সাতটা নাগাদ আমরা পাখিরালয়ে পৌঁছলাম । কিছুক্ষণের মধ্যেই আমাদের সন্ধ্যের জলখাবার চাউমিন দিল । এই একটা জিনিস এরা একেবারেই ভালোভাবে তৈরি করতে পারেনি, জিনিসটা খেতে সেরকম ভালো হয়নি । যাই হোক, এরা বাকি রান্নাগুলোর সবকটাই ভালো করে, তাই এইটুকু মাফ করে দেওয়া হল ।

সন্ধ্যেবেলা ঘরে বসে কিছুই করার থেকে না, তাই আমরা আবারও পাখিরালয় বাজারের দিকে গেলাম । বেড়াতে গেলে কিছু জিনিস কিনতেই হয়, এখানেও বাজারে গিয়ে সেরকম কিছু জিনিস কেনা হল । লজে ফিরলাম তখন প্রায় রাত নটা । দশটা নাগাদ ডিনার দিল । মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর দুটো রান্নাই দূর্দান্ত হয়েছিল । খাওয়ানোর ব্যাপারে প্রথমদিন থেকেই এদের মধ্যে কোনও কার্পণ্য দেখিনি, আর সেটা এই চাইনিজ মেনুতেও বজায় রইল । খাওয়ার পরে ঘরে গিয়ে শুয়ে পড়লাম ।

বছরের শেষ সূর্য্যোদয় - পাখিরালয়ে
রবিবার ৩১শে ডিসেম্বর - ২০১৭ সালের শেষ দিন আর আমাদের সুন্দরবন ঘোরারও শেষ দিন । আমরা রেডি হয়ে মালপত্র নিয়ে লঞ্চে উঠে পড়লাম । আমরা আর পাখিরালয়ে ফিরব না, লঞ্চে করে প্রথমে ঝড়খালি যাব আর সেখান থেকে সোনাখালিতে ফিরে যাব । সবকিছু গুছিয়ে লঞ্চ ছাড়ল তখন সকাল নটা । পাখিরালয় থেকে ঝড়খালি যেতে সময় লাগে প্রায় তিনঘন্টা আর এই যাত্রাপথটাও আগেরদিনের মতোই - দারুণ !

চিতল লজ
লঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যে জলখাবার দিল - কচুরি, ছোলার ডাল । যাত্রাপথের বিবরণ আর নতুন করে দেওয়ার কিছু নেই, আমরা ঝড়খালি পৌঁছলাম তখন দুপুর বারোটা । ঝড়খালিতে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কারণ খবরে যে প্রায়ই শোনা যায় সুন্দরবনের বাঘ নদী পেরিয়ে গ্রামে চলে এসেছে, তার অনেকগুলোই ঝড়খালির খবর । ঝড়খালি সুন্দরবনের কোর এরিয়ার (অর্থাৎ যেখানে বাঘ বা অন্যান্য জন্তুদের বাসস্থান এবং তাদের লালনপালন করা হয়) মধ্যে না পড়লেও নদী পেরিয়ে বাঘের পক্ষে এখানে এসে পড়াটা কঠিন নয় । কিন্তু তাই বলে আমি কখনওই চাইনি যে আমরা যখন ঝড়খালির রাস্তা দিয়ে হাঁটছি, তখন সামনে একটা বাঘ এসে পড়ুক !

জেটিতে নেমে আমরা এগিয়ে গেলাম চিড়িয়াখানার দিকে । ঢোকার খরচ পাথাপিছু ৩০/- টাকা । ঝড়খালির চিড়িয়াখানায় বেশ ভালোই ভিড় হয়েছে । দেখে মনে হয় শুধু ট্যুরিস্ট নয়, এখানকার লোক্যাল লোকজনও চিড়িয়াখানা দেখতে এসেছে । আমরা এগিয়ে চললাম বাঘের খাঁচার দিকে ।

রয়্যাল বেঙ্গল টাইগার
চিড়িয়াখানার মধ্যে একটা সুবিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে বাঘের খাঁচা । জায়গাটা এতটাই বড় যে বাঘের হয়তো মনেই হবে না যে সে আসলে একটা খাঁচার মধ্যে রয়েছে । অনেক গাছ, হাঁটু পর্যন্ত্য উঁচু ঘাস, জলাশয় - সবমিলিয়ে বাঘের পছন্দের পরিবেশ তৈরি করা হয়েছে । আমরা খাঁচার ধার দিয়ে হেঁটে এগোচ্ছি বাঘমামাকে দেখার আশায় । হঠাৎ "দেখা গেছে, দেখা গেছে" আর "খুব কাছে" এইজাতীয় চিৎকার শুনে দৌড়ে সেখানে গিয়ে পৌঁছলাম আর আমাদের সুন্দরবন যাত্রাকে পুরোপুরি সার্থক করে আমাদের সামনে দেখা দিলেন - শার্দুল সম্রাট ওরফে দক্ষিণরায় ওরফে রয়্যাল বেঙ্গল টাইগার ! (হ্যাঁ, আমরা এইভাবেই বাঘ দেখেছি । আর আমি কখনও দাবিও করিনি যে আমরা হঠাৎ করে জলের ধারে বা অন্য কোথাও বাঘের দেখা পেয়েছি ।) আমরা খাঁচার গায়ে একরকম আটকে দাঁড়িয়ে আছি, খাঁচার ওপাশে একটা ফুটদশেক চওড়া পরিখা আর তার ওপাশেই বাঘ ।
রাজসকাশে
এত কাছ থেকে এর আগে কখনও রয়্যাল বেঙ্গল টাইগার দেখিনি, দৃশ্যটা সত্যিই দেখার মতো । বাঘের যে বয়স হয়েছে সেটা তাকে দেখলে বোঝা যায় কিন্তু তার হাঁটাচলার মধ্যে রাজকীয় ভাবটা পুরোমাত্রা বর্তমান । কয়েকমূহুর্ত একজায়গায় দাঁড়িয়ে থেকে বাঘ আবার হাঁটাচলা শুরু করল । বেশ খানিকক্ষণ আমাদের রাজদর্শন দিয়ে সম্মানিত করে বাঘ আমাদের বিপরীতদিকে চলে গেল । যথেষ্ট দেখা হয়েছে, ক্যামেরায় যথেষ্ট ছবি তোলা হয়েছে, তাই আমরা এবার চিড়িয়াখানা থেকে বেরোবার পথ ধরলাম । ও হ্যাঁ, বাঘের খাঁচার পরিখার মধ্যে কয়েকটা কুমীরও দেখতে পেয়েছি কিন্তু আমি সরীসৃপশ্রেণীর ব্যাপারে খুব কম আগ্রহী, তাই এদের ব্যাপারে আর কিছু উল্লেখ করছি না ।

সুন্দরবন ঘোরা শেষ, বাঘ দেখা সার্থক হয়েছে তাই এবার লঞ্চে উঠে আমরা ফেরার পথ ধরলাম । ঝড়খালি থেকে আমাদের গন্তব্য সোনাখালি যেখানে আমাদের জন্য গাড়ির অপেক্ষা করার কথা । আমরা লঞ্চে উঠলাম তখন দুপুর দেড়টা । ঝড়খালি থেকে সোনাখালিতে পৌঁছতে প্রায় ঘন্টাপাঁচেক লাগবে । কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ দিল । শেষদিনের মেনুটা যাকে বলে বাম্পার । ভাত, ডাল, আলুভাজা আর পোনা মাছের সঙ্গে যোগ হয়েছে বাগদা চিংড়ি মালাইকারী । চিংড়ির সাইজ বেশ বড়র দিকেই আর মালাইকারী যে ব্যাকরণসম্মত না হলেও জিহ্বাসম্মত যে হয়েইছিল, সেটা অস্বীকার করার কোনও উপায় নেই । শেষদিনের খাওয়াটা একটু বেশিরকমেরই ভালো হল ।

লঞ্চের ডেকে বসে বসেই সময় কেটে যায় । দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে । লঞ্চ সোনাখালি পোঁছল সাড়ে ছটার পরে । মালপত্র নিয়ে লঞ্চ থেকে আমরা গাড়িতে উঠে পড়লাম । গাড়ির ব্যবস্থা একইরকম । বাড়ি ঢুকলাম তখন প্রায় রাত দশটা । সুন্দরবন বেড়ানোর এখানেই শেষ ।

সারসংক্ষেপঃ

১. পশ্চিমবঙ্গে পাহাড় আর সমুদ্র বাদ দিলে বেড়ানোর জায়গার একটা বড় সুযোগ হল জঙ্গল । এখানে ঘোরার জন্য একমাত্র ব্যবস্থা হল জলপথ আর সেটা একটা বিশেষ সুযোগ ।
২. কলকাতা থেকে সুন্দরবন যাওয়ার জন্য সোনাখালি পর্যন্ত্য গাড়িতে যেতে হয় । সোনাখালি থেকে লঞ্চ ছাড়ে ।
৩. সুন্দরবনে সাধারণতঃ প্যাকেজ ট্যুরই করা হয় । ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমের সঙ্গেও ঘোরাঘুরি করা যায়, আবার বেসরকারী কারুর থেকেও প্যাকেজ নেওয়া যায় ।
৪. আমরা গিয়েছিলাম 'বিশ্বাস ট্রাভেলস্‌' এর সঙ্গে । এদের থাকা-খাওয়া-ঘোরানো সবই বেশ ভালো । যোগাযোগঃ সুব্রত বিশ্বাস - ৯৭৩২৫৪৫৬৬৮ ।
৫. আমাদের দলে লোকসংখ্যা বেশি থাকায় একটা পুরো লঞ্চই আমাদের হয়ে গেছিল । এছাড়া কম লোক হলেও যাওয়া যায়, তবে সেক্ষেত্রে লঞ্চে অন্যান্য লোকজনও থাকবে ।
৬. সোনাখালি থেকে লঞ্চ ছেড়ে পাখিরালয়ে নিয়ে যায় । পাখিরালয় থেকেই ঘোরাঘুরিগুলো করা হয় আর রাত্রে এখানেই থাকা হয় ।
৭. পাখিরালয় জায়গাটা বেশ সুন্দর যদিও একেবারেই গ্রাম । আমাদের লজটা ছিল জেটির একেবারে পাশেই, সেটা একটা বাড়তি সুবিধে ।
৮. জলের ওপর না থাকলেও লজে মশার উপদ্রব আছে, তাই সেইরকম মশানিরোধক জিনিস নিয়ে যাওয়া ভালো ।
৯. যেহেতু পুরো যাত্রাপথটাই মূলতঃ জলে আর যখন তখন চাইলেই কোনও লোকালয় পাওয়া সম্ভব নয়, তাই সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র রাখা দরকার ।
১০. সঙ্গে ছোট বাচ্চা থাকলে এখানে কোনও অসুবিধে হওয়ার কথা নয় । এরা যা খাবার দেয় সেগুলো মোটামুটি ঘরোয়া রান্না আর সেটা বাচ্চাদের অনায়াসে চলতে পারে ।

উপসংহারঃ

সুন্দরবন
সুন্দরবন । সুন্দরী গাছের জন্য বিখ্যাত । জল আর জঙ্গলের অসাধারণ সমন্বয়ের জন্য বিখ্যাত । প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত । রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত । নদী পেরিয়ে বাঘের গ্রামে এসে হামলা চালানোর জন্য বিখ্যাত । জঙ্গলে মধু বা কাঠ আনতে গিয়ে বাঘের কবলে পড়ে মানুষের মৃত্যুর জন্য বিখ্যাত । সামান্য টাকার জন্য মানুষের চরম বিপদের ঝুঁকি নেওয়ার জন্য বিখ্যাত । প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ে মানুষের পরাজয়ের জন্য বিখ্যাত । আবার সেই পরাজয়কে পাথেয় করে জীবনসংগ্রামে মানুষের জয়ী হওয়ার জন্যও বিখ্যাত । যদিও সুন্দরবনে সারাবছরই পর্যটক যায় কিন্তু ঘোরাঘুরির জন্য শীতকালটাই সবথেকে ভালো । এইসময়ে এখানে ভিড় হয় ঠিকই কিন্তু তাতে ঘোরাঘুরির সেরকম কোনও অসুবিধে হয় না । কলকাতা থেকে খুব কাছে সুন্দরবন একটা দূর্দান্ত ঘোরার জায়গা । জল, জঙ্গল, জন্তু, প্রকৃতি এই চারটের কোনও একটাও যদি কারুর জন্য ঘোরার পক্ষে যথেষ্ট কারণ বলে মনে হয়, তাহলে তাকে একবার সুন্দরবন যেতেই হবে !

সুন্দরবন ভ্রমণের আরও ছবি দেখতে হলে click here.