আমি ব্লগ লেখার খুব বেশি সমর্থক কোনওদিনও ছিলাম না, সত্যি কথা বলতে কি এখনও যে আছি তা নয় । তার একটা প্রধান কারণ আমার ধারণা ব্লগ লেখার থেকেও পড়া অনেক বেশি ক্লান্তিকর । অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময়ই পড়তে শুরু করে শেষ করা হয়ে ওঠে না । নিজের ধৈর্য এবং/অথবা আগ্রহের অভাবকে 'ঠিক আছে, বাকিটা পরে পড়ব' জাতীয় অজুহাত দিয়ে ঢেকে দিই - আর আমরা সবাই জানি সেই 'পরে' টা আর কখনওই আসে না । তো, এই কারণে আমি ঠিক করেছি আমার ব্লগকে কখনওই অন্যের ক্লান্তির কারণ ঘটাব না, আমার ব্লগের বিষয় হবে প্রধানতঃ ভ্রমণ । আমার মতো যেসব বাঙালিরা ঘুরতে ভালোবাসে, তাদের জন্য আমার ব্লগ হবে তথ্যের একটা উৎস । আমার নিজের একটা অভ্যেস আছে, কোনও জায়গায় বেড়াতে যাওয়ার আগে সেই জায়গাটা সম্পর্কে কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করি, আর ইন্টারনেট ঘাঁটতে গিয়ে আমার বরাবরই মনে হয়েছে যে ইন্টারনেটে লেখালেখি করার ব্যাপারে বাঙালিদের থেকে কুঁড়ে খুব কম শিক্ষিত জাতই আছে । আমার মতো যেসব বাঙালিরা আছে, যারা ইন্টারনেটে কোনো একটা ইংরিজীতে লেখা দেখলেই না পড়ার চেষ্টা করে, তাদের জন্য আমার ব্লগ সহায়ক হবে, এই বিশ্বাস নিয়ে শুরু করছি আমার ভ্রমণকাহিনী । আগেই বলে রাখি, আমি স্ট্যাটিসটিক্সের ছাত্র ছিলাম, তাই আমার ব্লগে তত্ত্বের থেকে তথ্যের দেখাই মিলবে বেশি ।

Thursday, January 27, 2022

কার্সিয়ং ও সিটং ভ্রমণ

 বিশেষ সতর্কীকরণঃ

১. এই ভ্রমণে আমরা জনবহুল স্থানে, বিশেষতঃ স্টেশনে, ট্রেনে ইত্যাদি জায়গায় সারাক্ষণ মাস্ক পরে থেকেছি এবং দূরত্ববিধি যথাসম্ভব মেনে চলার চেষ্টা করেছি । সেইসঙ্গে প্রয়োজনমতো হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করেছি ।

২. এই পুরো ভ্রমণে আমরা কোনও অবস্থাতেই কোনও পলিথিন বা প্লাস্টিক ব্যবহার করিনি । অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার না করেও এই ভ্রমণ অনায়াসে করা যায় ।

৩. এই পুরো ভ্রমণে আমরা কোনও কাগজ ব্যবহার বা নষ্ট করিনি । হোটেল বুকিং-এর রশিদ-এর প্রিন্ট আউট ব্যবহারের কোনও প্রয়োজন হয় না ।

৪. এই পুরো ভ্রমণে আমাদের দলের কেউ ধূমপান করেনি । ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ।

আমার ব্লগের সমস্ত পাঠকদের বিশেষভাবে অনুরোধ করছি বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা ছড়িয়ে পড়া প্রতিরোধ করার জন্য সরকারী বিধিনিষেধ মেনে চলার জন্য । সেইসঙ্গে অনুরোধ করছি প্লাস্টিক, অপ্রয়োজনীয় কাগজের ব্যবহার আর ধূমপান বর্জন করার জন্য ।

ভ্রমণপথঃ

শনিবার ২২শে জানুয়ারী, ২০২২ঃ হাওড়া থেকে রাত্রি ১০টায় দীঘা নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেন ।

রবিবার ২৩শে জানুয়ারী, ২০২২ঃ (সাড়ে পাঁচ ঘন্টা লেট করে !) দুপুর ৩টে - নিউ জলপাইগুড়ি - কার্সিয়ং - কার্সিয়ঙে রাত্রিবাস ।

সোমবার ২৪শে জানুয়ারী, ২০২২ঃ কার্সিয়ঙে লোক্যাল সাইট সিয়িং - কার্সিয়ঙে রাত্রিবাস ।

মঙ্গলবার ২৫শে জানুয়ারী ২০২২ঃ সকাল ১০ঃ৩০ মিনিটে চেক্‌ আউট - গাড়িতে সিটং - সিটং-এ রাত্রিবাস।

বুধবার ২৬শে জানুয়ারী ২০২২ঃ সকাল ১০টায় চেক্‌ আউট - সিটং-এর লোক্যাল সাইট সিয়িং - নিউ জলপাইগুড়ি - রাত্রি ৮টায় দার্জিলিং মেল।

বৃহস্পতিবার ২৭শে জানুয়ারী ২০২২ঃ ভোর ৬টায় শিয়ালদহ।

জানুয়ারী মাসের এই ২৩-২৬ এর ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়ার একটা সুবিধে হল হয়তো ঠান্ডার কারণেই এই সময়ে পাহাড়ের জায়গাগুলো তুলনামূলকভাবে ফাঁকা থাকে। ফলে একদিকে যেমন হোটেল, গাড়ি ইত্যাদি সস্তায় পাওয়া যায় তেমনই অন্যদিকে ভীড় কম থাকায় ঘুরতেও ভালো লাগে। কয়েকবছর আগে দার্জিলিঙে গিয়ে এই সুবিধেটা বিশেষভাবে উপলব্ধি করেছিলাম বলে এবারেও পাহাড়ে যাওয়ারই ঠিক করা হল। দার্জিলিং আগে গিয়েছি আর তাকদা ভ্রমণের সময়ে কালিম্পং আর ডেলোটাও ঘোরা হয়ে গেছে। কিন্তু কার্সিয়ং কখনও যাইনি, প্রতিবারই দার্জিলিং যাওয়ার সময়ে কার্সিয়ং পেরিয়ে চলে গিয়েছি। তাই এবারে আর পেরিয়ে চলে গেলাম না - দু'দিন কার্সিয়ং আর একদিন সিটং ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই আমার ব্লগের এবারের পোস্ট।

এবারে আমরা সাতজন অর্থাৎ আমি, অমৃতা, মা, বাবা, কথা, কলি আর সোনামাসি। শনিবার ২২শে জানুয়ারী, ২০২২ হাওড়া স্টেশন থেকে রাত দশটার সময়ে দীঘা নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেনে আমাদের যাত্রা শুরু হল। এবারে একটা বেশ অবাক করার মতো ঘটনা হল ট্রেনটা ছিল বেশ ফাঁকা। কথা-কলির এখন হাফ্‌ টিকিট লাগে আর সেই কারণে বার্থ ছিল না কিন্তু ট্রেনটা ফাঁকা থাকায় আমরা অনায়াসে একটা কুপের আটটা বার্থই ব্যবহার করার সুযোগ পেয়ে গেলাম।

এখানে জানিয়ে রাখি ভারতীয় রেলের এখনকার নিয়ম হল পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য যদি হাফ্‌ টিকিট কাটা হয় তাহলে বার্থ পাওয়া যাবে না। আর যদি বার্থ নিতে হয় তাহলে ফুল টিকিট কাটতে হবে। ০৬/০৩/২০২০ থেকে এই নিয়ম চালু হয়েছে।

ট্রেনে শোওয়া বসার অসুবিধে না হলেও সেটা নিয়ে অসুবিধে হল সেটা হল ট্রেনটার চলা। এর আগে রিশপ ও কোলাখাম ভ্রমণের সময়ে এই ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়েছিল আর আমি নিজেই লিখেছিলাম "রাতের কোনও ট্রেনে একান্তই বুকিং পাওয়া না গেলে তবেই পাহাড়িয়া এক্সপ্রেসে যাওয়া উচিৎ, না হলে নয়"। এবারেও আমরা অন্য কোনও ট্রেনে বুকিং না পেয়ে বাধ্য হয়ে এই ট্রেনের টিকিট কেটেছিলাম। আমাদের তিক্ত অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দিচ্ছি না, শুধু তথ্যের খাতিরে এইটুকু জানাচ্ছি লেট্‌ করা ব্যাপারটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে ট্রেন সকাল ৯ঃ৩০ এর জায়গায় আমাদের নিউ জলপাইগুড়ি পৌঁছে দিল বিকেল ৩টেয় ! এই ট্রেনে আবার প্যান্ট্রি নেই, ফলে সঙ্গে যথেষ্ট খাবার না থাকলে আমাদের বেশ অসুবিধের মধ্যেই পড়তে হত।

কার্সিয়ঙের পথে
নিউ জলপাইগুড়িতে নেমে আমরা আর ভাতের হোটেলের খোঁজ করলাম না, বরং সঙ্গে থাকা খাবার সম্বল করেই একটা গাড়ি ধরে কার্সিয়ঙের দিকে রওনা দিলাম। নিউ জলপাইগুড়ি থেকে কার্সিয়ং যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে (এরা যেটাকে বলে বাইপাস) যেটা দিয়ে গেলে অনেকটা সময় কম লাগে। কার্সিয়ঙে গিয়ে এই রাস্তা হিলকার্ট রোডের সঙ্গে মিলিত হয় আর তারপর হিলকার্ট রোড ধরে দার্জিলিং যাওয়া যায়। নিউ জলপাইগুড়ি থেকে কার্সিয়ং যাওয়ার পথের দৃশ্যটা খুবই উপভোগ্য - সমতলে চলতে চলতে গাড়িটা হঠাৎ করেই পাহাড়ে উঠতে শুরু করে দেয়। রাস্তার দু'পাশে বিস্তীর্ণ চা-বাগান আর পিছনে তাকালে সমতলের উপর শিলিগুড়ি শহর দেখতে খুবই সুন্দর লাগে। নিউ জলপাইগুড়ি থেকে কার্সিয়ং পৌঁছতে আমাদের একঘন্টা মতো লাগল। গাড়িভাড়া লাগল ১,৮০০/- টাকা।

আমাদের ঘর
কার্সিয়ঙে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের 'রৌদ্রছায়া ট্যুরিজম প্রপার্টি'তে আমাদের ঘর বুকিং করা ছিল। এই জায়গাটার অবস্থান খুব সুন্দর - একেবারে হিলকার্ট রোডের উপরে। এই রাস্তার উপর দিয়েই দার্জিলিং পর্যন্ত চলে গেছে টয়ট্রেনের লাইন (বর্তমান নাম দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে)। এখানে আমাদের দু'টো ডাবল্‌ বেড রুম নেওয়া ছিল। ঘরগুলো খুব বড় না হলেও বেশ সুন্দর - ছিমছাম। ঘরের দেওয়াল মেঝে ওয়ার্ডরোব ইত্যাদি সবই কাঠের তৈরি। বাথরুমে গিজার আছে। আমরা ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম।

বিকেল সাড়ে পাঁচটা বাজে আর ইতিমধ্যেই এখানকার শীতটা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছিলাম। ঘরে রুম হিটারের ব্যবস্থা নেই, মনে হচ্ছিল থাকলে মন্দ হত না। বিছানার সঙ্গে লেপ-কম্বল ইত্যাদি বেশ ভালো পরিমাণেই দেওয়া আছে আর সেগুলো একটুও বাড়াবাড়ি বলে মনে হয় না। এখানকার নিয়ম হল রাত আটটার সময়ে ডিনার করতে ডাইনিং রুমে যেতে হয়। ডাইনিং রুমে গিয়ে অনুভব করলাম ঘরে যে ঠান্ডাটা লাগছিল সেটা আসলে কিছুই না ! ডাইনিং রুমটা পুরোটাই কাঠের তৈরি আর সেইসঙ্গে কাচের জানালা। গরম জামাকাপড়, কানঢাকা টুপি, দস্তানা মোজা পরে এমনিতে খুব ঠান্ডা না লাগলেও কেউ কোনও কারণে রুমের দরজাটা খুললে ঠান্ডা বেশ ভালোভাবেই মালুম পাওয়া যাচ্ছিল। যাই হোক, ভাত রুটি চিকেন ডিম ইত্যাদি দিয়ে ডিনার সেরে নেওয়া হল। খরচ হল ৭৫৬/- টাকা। ডাইনিং রুমের লাগোয়া একটা বেসিন আছে কিন্তু সেখানকার কল থেকে গরমজল পড়ে না বলে হোটেলের লোকেরা আমাদের বলল ঘরে গিয়ে হাত ধুতে, আমরা সেটাই করলাম (জলটা আসলে কতটা ঠান্ডা সেটা আমি পরেরদিন রাতে একবার পরীক্ষা করতে গিয়েছিলাম। পাঠকদের পরামর্শ দেওয়ার জন্য শুধু এটাই বলব "দিজ অ্যাকশনস্‌ আর পারফর্মড বাই এক্সপার্টস্‌। ডু নট ট্রাই দিস ইভেন ফর এক্সপেরিমেন্টিং" !)।

কার্সিয়ং স্টেশন
সোমবার ২৪শে জানুয়ারী, ২০২২ আমাদের কার্সিয়ং ঘোরার দিন। কোনও নতুন জায়গায় গেলে আমার সাধারণতঃ বেশ সকাল সকালই ঘুম ভেঙ্গে যায় আর তারপর সেই জায়গাটায় হেঁটে ঘোরাঘুরি করাটা আমার একটা বাতিকের মধ্যে পড়ে। কার্সিয়ঙে সকাল সাড়ে সাতটার সময়ে আমি হোটেল থেকে বেরিয়ে হিলকার্ট রোড ধরে নিচের দিকে নামা শুরু করলাম। আগেরদিন আসার সময়ে দেখেছি আমাদের হোটেল থেকে কার্সিয়ং স্টেশনটা খুব একটা দূরে নয়, তাই সেদিকেই হাঁটতে শুরু করলাম। এমনিতেই ট্রেন, স্টেশন এই জিনিসগুলোর প্রতি আমার আকর্ষণ প্রায় বাচ্চাদের পর্যায়ের ফেলা চলে, আর এক্ষেত্রে সেটা টয়ট্রেন - আরও বেশি আগ্রহের বস্তু। সকালবেলা রাস্তা বেশ ফাঁকা, হাঁটতে ভালোই লাগছিল। উৎরাইয়ে হিলকার্ট রোড ধরে কার্সিয়ং স্টেশন পৌঁছতে লাগল মিনিট কুড়ি। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফাঁকা ট্রেনের বগি, স্টেশনের ছবি তুলে আবার ফেরার পথ ধরলাম।

ডাইনিং রুম থেকে বাইরের দৃশ্য
হোটেলে ফিরে ব্রেকফাস্ট করতে গেলাম। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়। মেনু - লুচি তরকারি অথবা পাঁউরুটি টোস্ট আর ওমলেট। সেইসঙ্গে চা-কফি ইত্যাদি। খাবারের পরিমাণ পর্যাপ্ত। ডাইনিং রুম থেকে দিনের বেলা বেশ সুন্দর দৃশ্য দেখা যায়।

রৌদ্রছায়া ট্যুরিজম প্রপার্টির সামনে




সকাল সাড়ে দশটার সময়ে আমরা গাড়ি নিয়ে বেরোলাম কার্সিয়ং ঘুরতে। এই গাড়ির সঙ্গে আমাদের বন্দোবস্ত করা ছিল। গাড়ি প্রথমদিন আমাদের কার্সিয়ং ঘোরাবে, দ্বিতীয়দিন কার্সিয়ং থেকে সিটং নিয়ে যাবে আর সেখানেই থাকবে এবং তৃতীয়দিন সিটং থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে আর পথে সিটং এর সাইট সিয়িং করিয়ে দেবে। এর জন্য আমাদের মোট দিতে হবে ৮,২০০/- টাকা।

ঈগল্‌স্‌ ভিউ পয়েন্ট
ঈগল্‌স্‌ ভিউ পয়েন্টঃ হোটেল থেকে বেরিয়ে মিনিট কুড়ি গাড়ি চলার পরে আমরা পৌঁছলাম ঈগল্‌স্‌ ভিউ পয়েন্টে। এখানে একটা টাওয়ার আছে যার উপরে উঠে এই ভিউ পয়েন্টের দৃশ্য দেখতে হয় কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির জন্য এটা বন্ধ আছে। তাই আমাদের ড্রাইভার আমাদের ঢালু পথ বেয়ে কিছুটা নিচে নিয়ে গেল। সেখান থেকেও দৃশ্য একইরকম চমৎকার। এখানে রাস্তাটা এঁকেবেঁকে অনেক নিচ পর্যন্ত চলে গেছে আর পাহাড়ের ধাপে ধাপে চা-বাগান। নিচে, বহু নিচে দেখা যায় শিলিগুড়ি শহরের দৃশ্য (এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্ত আকাশ পরিষ্কার না থাকায় আমরা দেখতে পাইনি)। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে গাড়িতে উঠে বসলাম।

হনুমান স্ট্যাচু
হনুমান স্ট্যাচুঃ ভিউ পয়েন্ট থেকে আমাদের গাড়ি উপরে উঠতে শুরু করল। কার্সিয়ঙের উচ্চতা ৪,৮৬৪ ফুট, ড্রাইভার বলল আমরা সাড়ে ছ'হাজার ফুট পর্যন্ত উঠব। মিনিট পনেরো এইভাবে ওঠার পর আমরা পৌঁছলাম হনুমান স্ট্যাচুর কাছে। পাহাড়ের একটা বাঁকে কিছুটা সমতল জায়গায় ৪০ ফুট উঁচু এই মূর্তি তৈরি হয়েছে। এর সামনে পাহাড়ের গায়ে বিরাট বড় করে HOLLYWOOD স্টাইলে 'I 💗 KURSEONG' লেখা আছে (এই জিনিসটা ইদানীং দেখছি অনেক জায়গাতেই হচ্ছে। দার্জিলিঙেও 'I 💗 DARJEELING' আছে। কিছুদিন আগে দেখলাম কলকাতার ডানলপের মোড়েও 'I 💗 BARANAGAR' লাগানো হয়েছে !)।

ডাইহিল হন্টেড হাউস
ডাউহিল হন্টেড হাউসঃ হনুমান স্ট্যাচু থেকে পনেরো মিনিট ধরে আরও বেশ কিছুটা উপরে উঠে ডাউহিল। এই যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। দু'দিকে পাহাড়ের মধ্যে গভীর জঙ্গল আর তার মধ্যে দিয়ে রাস্তা এগিয়ে চলেছে। জঙ্গলের গভীরতা এখানে এতই বেশি যে দিনের বেলাতেও বেশ অন্ধকার থাকে। ডাউহিলে একটা চার্চ আছে, যেটাকে এরা বলে ভৌতিক চার্চ। এই চার্চের গেট সবসময়েই বন্ধ থাকে এবং চার্চের সংলগ্ন মাঠেও কাউকে ঢুকতে দেওয়া হয় না। চার্চটা দেখেও মনে হয় এখানে ভূত থাকা কিছুই অস্বাভাবিক নয়। সঠিক রক্ষণাবেক্ষণের ফলে চার্চ জিনিসটা আমরা সাধারণতঃ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই অভ্যস্ত। কিন্তু ডাউহিলের চার্চের সম্পর্কে এই কথাটা বলা যায় না। বরং বহুদিন না ব্যবহারের ফলে একটা পরিত্যক্ত চার্চের ছাপ পড়েছে গায়ে। এই চার্চের সম্পর্কে বহু ভৌতিক কাহিনী প্রচলিত আছে। এখানকার পরিবেশটা সবমিলিয়ে একটা ভৌতিক চার্চ হওয়ার মতো জায়গা বটে !

বটানিক্যাল গার্ডেনে
বটানিক্যাল গার্ডেনঃ ডাউহিল থেকে মিনিট দশেক যাওয়ার পরে আমরা পোঁছলাম এখানকার বটানিক্যাল গার্ডেনে। পাহাড়ের গায়ে সমতল জায়গায় নানারকম গাছ লাগিয়ে এই বটানিক্যাল গার্ডেন তৈরি করা হয়েছে। এর ভিতর দিয়ে একটা বাঁধানো হাঁটার রাস্তা আছে, সেটা হেঁটে দিয়ে ভিতরের পুরোটা দেখে আসা যায়। বিভিন্ন সাইজের বিভিন্ন প্রজাতির অগণিত গাছ যার বেশিরভাগগুলোই আমাদের অচেনা। অনেকগুলো গাছের গায়ে বোর্ড টাঙিয়ের সেটার নাম আর কি কাজে লাগে সেটা লেখা আছে। ভিতরের পুরোটা ঘুরে দেখতে আমাদের আধঘন্টা মতো লাগল।

গাড়ি মোটামুটি ছ'হাজার ফুট পর্যন্ত উঠে গেছে, এবার নামার পথ ধরল। মিনিট পাঁচেক নেমে একটা চায়ের দোকানে দাঁড়ানো হল। সেখানে চা-এর সঙ্গে ভেজ মোমোও খেলাম (না, চিকেন মোমো পাওয়া যায় না, গেলে সেটাই খেতাম) আর সেইসঙ্গে আরেকটা নতুন জিনিস খেলাম তার নাম মিমি। গরম সুপের মধ্যে একটা নুডুলস্‌ জাতীয় জিনিস আর উপরে পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করে। জিনিসটা খেতে খুবই ভালো। খিদেও ভালোই পেয়েছিল, মিমি আর মোমো দিয়ে খাওয়াটাও হল বেশ তৃপ্তিকর।

পাইন ফরেস্ট
পাইন ফরেস্টঃ খাওয়ার পরে আমরা আরও নিচের দিকে নামতে শুরু করলাম। আমরা যে পথ দিয়ে উঠেছিলাম, সেই পথ দিয়ে নামছিলাম না। এই পথে কিছুদূর নামার পরে রাস্তার দু'পাশে ঘন জঙ্গল শুরু হল - পাইনের জঙ্গল। সে এক অদ্ভুত দৃশ্য। ঘন জঙ্গলের মধ্যে বেশিদূরে চোখ যায় না, যতদূর যায় শুধুই পাইন গাছ। প্রত্যেকটা গাছই যাকে বলে গগনচুম্বী। চলতে চলতে আমাদের গাড়ি এক জায়গায় থামল আর ড্রাইভার বলল আমি চাইলে পাহাড়ের গা বেয়ে কিছুটা নেমে গিয়ে ভালোভাবে জঙ্গলের ছবি তুলতে পারি। কথা-কলিও আমার সঙ্গে যেতে চাইছিল, কিন্তু ড্রাইভার ওদের নিয়ে যেতে বারণ করল। তার কারণ এখানে পাহাড়ের জঙ্গলে নাকি বন্য জানোয়ার থাকে, বাচ্চাদের না যাওয়াই ভালো। কি জানোয়ার জিজ্ঞেস করাতে যখন উত্তর পেলাম 'ভালু আউর চিতা' তখন আমার নিজের যাওয়ার ইচ্ছেটাও যে ষোলো আনাই বজায় থাকল সেটা জোর দিয়ে বলতে পারি না। যাই হোক, তাও পাহাড়ের গা বেয়ে জঙ্গলের ভিতরে নেমে গেলাম। কিছুদূর নামার পরে জলের কুলকুল শব্দ কানে এল। সেটার উদ্দেশ্যে আরও বেশ কিছুটা নিচে নেমে যেতেই দেখতে পেলাম পাহাড়ী খরস্রোতা ছোট্ট নদীটাকে। অপূর্ব দৃশ্য ! আমার বাঁদিক থেকে এসে নদীটা আমাদের পায়ের সামনে দিয়ে ডানদিকে আরও নিচে নেমে যাচ্ছে। আমি পুরোটার একটা ভিডিও করে ফেরার পথ ধরলাম। পাহাড়ের গা বেয়ে প্রায় ৫০ ফুট নেমে এসেছিলাম, তাই ওঠার সময়ে বেশ বেগ পেতে হল। ওঠার সময়ে বারবার এটাও মনে হচ্ছিল ভালুক আশেপাশেই রয়েছে, এক্ষুণি আমার সামনে এসে দাঁড়াবে আর তক্ষুণি আমাকে ছোটবেলায় পড়া সেই গল্পের ছেলেটার মতো নিশ্বাস বন্ধ করে শুয়ে পড়তে হবে। কিন্তু শেষ পর্যন্ত আর দর্শনের সৌভাগ্য দূর্ভাগ্য হয়নি !

গুডরিক্‌ টী ডেক্‌
গুডরিক্‌ টী পটঃ পাইন ফরেস্ট থেকে আরও কিছুটা নেমে আসার পর রাস্তাটা আবার হিলকার্ট রোডে এসে পড়ল। মিনিট পনেরো চলার পরে আমরা এসে পৌঁছলাম আমাদের শেষ গন্তব্যে - গুডরিক টী পট। এটা গুডরিক নামক বিখ্যাত চা-কোম্পানীর একটা রেস্ট্যুরেন্ট। পাহাড়ের গায়ে একটা ঝুলন্ত রেস্ট্যুরেন্ট যেখানে চায়ের সঙ্গে স্যান্ডউইচ, স্ন্যাক্স ইত্যাদি পাওয়া যায়। এর ব্যালকনিটা খুব সুন্দর। সেখান থেকে অনেক দূরের দৃশ্য দেখা যায়। চাইলে এখান থেকে চা কেনাও যায়। এখানে একটা দামের লিস্ট দেওয়া আছে। সেই লিস্ট অনুযায়ী এদের সবচেয়ে দামী চা হল 'মার্গারেট হোপ টী ২০২১' এর আর দাম ৪০,০০০/- টাকা প্রতি কিলো (না শূণ্য লিখতে কোনও ভুল হয়নি)। যাই হোক, আমরা চা অত কিছু ভালোবাসিনা, তাই আর কিনলাম না।

আমাদের সাইট সিয়িং শেষ, তাই গাড়ি আমাদের কার্সিয়ং মার্কেটের কাছে নামিয়ে দিল। কার্সিয়ঙের সাইট সিয়িং-এর মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গা হল 'নেতাজী মিউজিয়াম', কিন্তু সেটা করোনা পরিস্থিতির জন্য বর্তমানে বন্ধ রয়েছে। দুপুর আড়াইটে বাজে, আমরা একটা খাবারের হোটেলে ঢুকে লাঞ্চ সেরে নিলাম। ভাত, চিকেন, ডিম, স্যুপ ইত্যাদি নিয়ে খরচ পড়ল ৭০০/- টাকা।

মনাস্ট্রী
খাওয়ার পরে আমি, কথা আর কলি হোটেলের দিকে এগোলাম আর বাকিরা মার্কেটে থেকে গেল। কি আবার করতে, মার্কেটিং করতে ! মার্কেট জায়গাটা কার্সিয়ং স্টেশনের কাছে অর্থাৎ এখান থেকে আমাদের হোটেল হেঁটে মিনিট কুড়ি। আমাদের হোটেলের পাশেই একটা মনাস্ট্রী আছে, আমরা হোটেলে ফেরার পথে সেটা দেখতে গেলাম। সিঁড়ি দিয়ে ধাপে ধাপে অনেটা নেমে গিয়ে দেখতে হল। মনাস্ট্রীটা দেখতে খুবই সুন্দর আর যথারীতি খুবই রঙচঙে। বৌদ্ধধর্মের এই এক মজার জিনিস - এতরকমের রঙ কোনও মন্দির, মসজিদ বা চার্চে সাধারণতঃ দেখা যায় না। মনাস্ট্রীটা এমনিতে বন্ধ ছিল, তবে লামা আমাদের জন্য খুলে দিলেন আর ভিতরটা ভালোভাবে ঘুরে দেখালেনও। এঁরা খুবই অতিথিবৎসল হন, সেটা আগেও দেখেছি। যাই হোক, মনাস্ট্রীটা ভালোভাবে ঘুরে দেখে আমরা হোটেলে ফিরে এলাম।

হোটেলে ফিরে এসে বিকেলে আর সন্ধ্যেবেলা সেরকম কিছু করার থাকে না। আর সত্যি বলতে কি, প্রচন্ড ঠান্ডার জন্য কিছটা জবুথুবুও লাগে। যাই হোক, রাতে আবার আটটার সময়ে ডিনার খেতে গেলাম। সেই গরম জামাকাপড়, কানঢাকা টুপি, দস্তানা, মোজা, সেই ডাইনিং রুমের দরজা খুললে হাড়কাঁপানো শীত আর সেই ভাত, রুটি, ডিম, চিকেন। খরচ হল ৮১৯/- টাকা। খাওয়ার পরে আমি সেই হরেন্ডাস্‌ এক্সপেরিমেন্টটা করলাম যেটার কথা আগেই লিখেছি। আবারও বলছি "দিজ অ্যাকশনস্‌ আর পারফর্মড বাই এক্সপার্টস্‌"।

চার্চ
মঙ্গলবার ২৫শে জানুয়ারী সকালে উঠে আমি আবার আগেরদিনের মতোই হাঁটতে বেরোলাম। একই পথে গেলাম, তবে এবার আর স্টেশন পর্যন্ত না গিয়ে মার্কেটে গেলাম কারণ মার্কেট কখন খোলে জানার ছিল। এখানে জানিয়ে রাখি এই মার্কেটের এলাকায় অনেকগুলো এ টি এম আছে। হেঁটে ফিরে আসার পথে আমাদের হোটেলের ঠিক সামনেই একটা চার্চ আছে, সেটা দেখে এলাম। ভিতরে ঢুকতে পারা গেল না কারণ এত সকালে চার্চ খোলেনি। হোটেলে ফিরে এসে জিনিসপত্র গুছিয়ে তৈরি হয়ে নিলাম। তারপর চেক্‌ আউট করে এগারোটা নাগাদ গাড়ি করে রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্য সিটং-এর দিকে।

সিটং যাওয়ার পথে
কার্সিয়ং থেকে সিটং যেতে ঘন্টা দেড়েক মতো লাগে। যাওয়ার পথে প্রথমে কিছুক্ষণ উপরে উঠতে হয় আর তারপরে নামতে হয়।  মাঝের কিছুটা জায়গায় রাস্তা বেশ খারাপ, সেটা বাদ দিলে বাকিটা মন্দ নয়। আমাদের যাওয়ার পথে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হল, যেটা সিটং পৌঁছনোর আগে আর থামল না। সিটং-এর উচ্চতা ৪,০০০ ফুটের মতো অর্থাৎ কার্সিয়ঙের থেকে কম। ঠান্ডা এখানে তুলনামূলক কম হলেও বৃষ্টির জন্য সেটা সেভাবে বোঝা যাচ্ছিল না।

বিসেস হোম স্টে-তে আমাদের ঘর
আমাদের বুকিং ছিল 'বিসেস হোম স্টে'-তে। আমরা চেক্‌ ইন করে ঘরে ঢুকলাম। এখানে থাকা-খাওয়া মিলিয়ে মাথাপিছু টাকা নেয়। আমাদের লোকসংখ্যা সাত বলে এরা আমাদের দু'টো ট্রিপল্‌ বেড রুম দিল। ঘরগুলো বেশ বড়। বাথরুমে গিজার আছে। হোম স্টে-টা বেশ বড় এবং খুব সুন্দরভাবে সাজানো। এরা পুরো হোম স্টে জুড়ে প্রচুর গাছ লাগিয়েছে, তার মধ্যে অনেক অর্কিডও আছে।  অনেক বসার জায়গা করা আছে, যেখানে বসে বসে সামনের পাহাড়ের দৃশ্য দেখতে দিব্যি লাগে। সিটং জায়গাটা ফাঁকা ফাঁকা, নিরিবিলি, এখানকার পরিবেশ খুবই শান্ত।

বিসেস হোম স্টে
এখানকার ডাইনিং রুমে লাঞ্চ দেওয়া হয় দুপুর একটার সময়ে। লাঞ্চের মেনু ভাত, ডাল, আলুর তরকারী, সয়াবিনের তরকারী, ডিমের কারি আর পাঁপড়। খাবারের সিস্টেম হল ব্যুফে অর্থাৎ যে যত ইচ্ছে খেতে পারে। হ্যাঁ, এটা ডিমের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং খাবারের মান অত্যন্ত ভালো। জীবনে ভালো রান্না খাওয়াটাকে যারা অগ্রাধিকার দেয় (যেমন আমি দিই), তাদের বিশেষ করে অনুরোধ করব বিসেস হোম স্টে-তে থাকার জন্য। বেড়াতে গিয়ে এত ভালো মানের রান্না আমি সত্যিই খুব বেশি খাইনি।

ফুলের বাগানের পথে
খাওয়ার কিছুক্ষণ পরে আমরা গেলাম হোম স্টে-র পিছনের রাস্তা ধরে একটা ফুলের বাগান দেখতে। বাগানটা পাহাড়ের ধাপে ধাপে তৈরি হয়েছে। সেখানে কিছুক্ষণ ঘুরে আমরা কিছুটা নেমে এলাম। এখানে আরেকটা রাস্তা ধরে পৌঁছলাম একজনের বাড়িতে। মালিক নিজে উপস্থিত ছিলেন, তিনিই ঘুরে ঘুরে তাঁর নিজস্ব পোলট্রী, বাগান এসব দেখালেন। ভদ্রলোকের নিজের গাড়ির ব্যবসা। বাগানের শেষ প্রান্তে উনি নিজে একটা শিবের মন্দির তৈরি করেছেন। এখানকার মানুষজনের মধ্যে আন্তরিকতা জিনিসটা সবসময়েই লক্ষ্য করার মত, এই ভদ্রলোকের কাছ থেকেও সেটা একইভাবে পেলাম।

রাতের ঠান্ডায়
ঘোরাঘুরি করে আবার হোম স্টে-তে ফিরে এলাম। বিকেল হয়ে গেছে, আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে তাই এবার ঘরেই ঢুকে বসে রইলাম। সন্ধ্যে ছটার সময়ে এরা ঘরে ঘরে চা আর পেঁয়াজের পকোড়া দিয়ে গেল। সেগুলো খেয়েদেয়ে নিজেদের মধ্যে গল্প করে সময় কাটালাম। সিটং-এর ঠান্ডা কার্সিয়ঙের থেকে কম ঠিকই, কিন্তু কার্সিয়ঙে খেতে যাওয়ার সময় ছাড়া ঠান্ডার মধ্যে বেরোনোর দরকার হত না। সিটং-এ কিন্তু পাশের ঘরে যাওয়ার জন্যও বারান্দা দিয়ে যেতে হয় যেটার সামনের দিকটা খোলা। তাই ঠান্ডা খুবই লাগছিল। রাত ন'টার সময়ে এরা ডিনার দেয়। মেনু ভাত, রুটি, ডাল, সয়াবীনের তরকারী আর চিকেন। এটাও অপরিমিত - হ্যাঁ, চিকেনও। এবং চিকেন কারির মান অত্যন্ত ভালো। আবার বলছি, শুধুমাত্র ভালো খাওয়ার জন্যই একবার বিসেস হোম স্টে-তে গিয়ে থাকা যেতে পারে।

সিটং-এর পথে শোর্তেন
২৬শে জানুয়ারী, ২০২২ - আমাদের ফেরার দিন। সকালে আমি হাঁটতে বেরোলাম সাড়ে সাতটা নাগাদ। সিটং জায়গাটা খুবই ছোট, বিসেস হোম স্টে থেকে যেকোনওদিকে মিনিট পনেরো হাঁটলেই গ্রামটা শেষ হয়ে যায়। তখন আর পাঁচটা পাহাড়ী রাস্তার সঙ্গে কোনও পার্থক্য নেই। এইরকম ছোট ছোট পাহাড়ী গ্রামের দোকানগুলো আমার বেশ মজার লাগে, প্রায় সব দোকানেই সবকিছুই পাওয়া যায়। ঘন্টাখানেক ঘোরাঘুরি করে আমি আবার ফিরে এলাম।

বিসেস হোম স্টে-র সামনে
এখানে ব্রেকফাস্ট দেয় সকাল ন'টায়। মেনু লুচি, ছোলার তরকারী আর আলুর তরকারী। সেইসঙ্গে চা। বেলা সাড়ে দশটা নাগাদ আমরা চেক্‌ আউট করলাম। চেক্‌ আউটের সময়ে এখানকার রীতি অনুযায়ী আমাদের গলায় একটা করে সাদা সিল্কের স্কার্ফ পরিয়ে দিল। আর সেইসঙ্গে আমাদের দলের তিনজন মহিলার (মা, অমৃতা আর সোনামাসি) হাতে এক প্যাকেট করে চা দিল। এটা এদের নিজেদের বাগানের হার্বাল টী। আমরা অত্যন্ত আপ্লুত বোধ করলাম। এদের বারবার "ফির মিলেঙ্গে"র উত্তরে নিজেদের মুখ থেকে স্বতস্ফূর্তভাবেই কথাটার প্রতিধ্বনি হতে থাকল। এবং এটা শুধু আপ্তবাক্য নয়, আমরা ঠিক করলাম দু'এক বছরের মধ্যে আমরা সিটং-এ আরেকবার অবশ্যই আসব।

নামথিং পোখারি
নামথিং পোখারিঃ হোম স্টে থেকে বেরিয়ে আধঘন্টা মতো চলার পরে আমরা পৌঁছলাম একটা জায়গায় যার নাম নামথিং পোখারি বা নামথিং লেক। এখন শীতকালে লেকে অবশ্য জল নেই। লেকের পাশে পাহাড়ের মধ্যে একটা অপেক্ষাকৃত সমতল জায়গায় সিঙ্কোনা গাছের চাষ করা হয়। একেবারে ভিতর পর্যন্ত গাড়ি যায় না, শেষের মিনিট পাঁচেক হেঁটে গিয়ে দেখতে হয়। এখানে কাছাকাছি স্যালাম্যান্ডার দেখতে পাওয়া যায়, যদিও আমরা দেখতে পাইনি। খুব ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তাই তাড়াতাড়ি ঘুরে আমরা আবার গাড়িতে গিয়ে উঠলাম।

অহলদাড়া ভিউ পয়েন্টে ওঠার পথ
অহলদাড়া ভিউ পয়েন্টঃ গাড়ি মিনিট পাঁচেক চলার পরে পোঁছলাম অহলদাড়া ভিউ পয়েন্টের গেটে। এখানে গাড়ি ঢোকার জন্য ৫০/- টাকা করে লাগে। গেট দিয়ে ঢোকার পরে কিছুটা গিয়ে একটা পার্কিং-এর জায়গা আছে, সেখানে ছোট গাড়ি দাঁড়িয়ে থাকে আর বাকিটা হেঁটে উঠতে হয়। কারণ এই শেষের পথটা মাটির এবং সেইসঙ্গে এতটাই খাড়া আর এবড়োখেবড়ো যে সুমো, ইনোভা বা স্কর্পিও ছাড়া অন্য কোনও গাড়ির পক্ষে ওঠা অসম্ভব। আর সেইসঙ্গে চাই বিশেষ দক্ষ ড্রাইভার। কারণ ওঠার সময়ে যদি একবার গাড়ির চাকা পিছনদিকে হড়কায়, তাহলে গাড়িকে আর কিছুতেই সেখানে দাঁড় করিয়ে রাখা সম্ভব হবে না। সৌভাগ্যক্রমে আমাদের সুমো আর দক্ষ ড্রাইভার দুটোই ছিল, তাই নিজেদের আর হেঁটে উঠতে হল না।

অহলদাড়া ভিউ পয়েন্টে
অহলদাড়া ভিউ পয়েন্ট ৩৬০ ডিগ্রী ভিউ দেখতে পাওয়ার জন্য বিখ্যাত। এটা একটা পাহাড়ের একেবারে মাথা এবং আশেপাশে আরে কোনও উঁচু পাহাড় নেই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো শ্রেণীটা যেমন দেখা যায়, তেমনই তিস্তানদী এবং দূরে আবছা শিলিগুড়ি শহরও দেখতে পাওয়া যায়। এই স্বর্গীয় দৃশ্যের জন্য কাছাকাছি কোথাও এলে এখানে আসা অবশ্য কর্তব্য। দুর্ভাগ্যক্রমে আকাশে ঘন সাদা মেঘ থাকায় আমরা এই স্বর্গীয় দৃশ্যের কিছুই দেখতে পেলাম না। এখানে পাহাড়ের গায়ে চা-বাগান আছে, সেসব দেখেই সন্তুষ্ট থাকতে হল। এখানে ঠান্ডাও বেশ বেশি আর চারদিক খোলা হওয়ায় প্রচন্ড হাওয়া চলাচল করে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবিটবি তুলে নেমে এলাম।

হামরো হোম স্টে
এখানে জানিয়ে রাখি, অহলদাড়া ভিউ পয়েন্টে একেবারে পাহাড়ের উপরেই একটা হোম স্টে আছে, নাম হামরো হোম স্টে। এদের পাঁচটা আলাদা কটেজ আছে, ভিতরে দু'জন বা তিনজন করে থাকা যেতে পারে। যদি ১০-১৫ জনের মতো বড় দল নিয়ে যাওয়া যায়, এখানে দু'একদিন থাকতে ভালোই লাগবে।

অরেঞ্জ গার্ডেন


অরেঞ্জ গার্ডেনঃ অহলদাড়া ভিউ পয়েন্ট থেকে আমরা এবার নামতে শুরু করলাম। মিনিট দশেক চলার পরে পৌঁছলাম অরেঞ্জ গার্ডেন-এ। রাস্তার দুদিকে সারি সারি কমলালেবু গাছ আর সেই গাছে শয়ে শয়ে কমলালেবু ঝুলছে। এর আগে তাক্‌দা ভ্রমণের সময়ে ছোটা মাঙ্গোয়ায় অরেঞ্জ গার্ডেন দেখেছিলাম কিন্তু তখন সিজন ছিল না বলে গাছে কমলালেবু সেভাবে দেখতে পাইনি। এখানে শুধু দেখলাম না, কিনলামও। এখানকার লেবুগুলো আকারে ছোট - দামেও কম। একটা প্যাকেটে ২০টা লেবু, প্যাকেটের দাম ১০০/- টাকা। আমরা দু'টো প্যাকেট কিনলাম। খেয়ে দেখলাম আশ্চর্যরকম মিষ্টি।

তিস্তা নদী
তিস্তা নদীঃ গাড়ি আরও নামতে শুরু করল। নামতে নামতে একসময়ে আমাদের চেনা রাস্তা সেভক রোডে এসে পৌঁছল। কিছুক্ষণ চলার পরে নদীর ধারে এক জায়গায় ড্রাইভার গাড়ি দাঁড় করালো - এটাও একটা ভিউ পয়েন্ট। আমরা যারা এই পথ দিয়ে অনেকবার যাতায়াত করেছি, তাদের কাছে এই দৃশ্য নতুন না হলেও আগ্রহজনক তাই গাড়ি থেকে নেমে ছবি তুলে নিলাম।

নিউ জলপাইগুড়ি স্টেশনে
আমাদের ভ্রমণ শেষ। দুপুর প্রায় দুটো বাজে, তাই লাঞ্চ করার জন্য দাঁড়ালাম সেভক রোডের উপরে তিস্তা নদীর ধারে। এই অঞ্চলের দোকানে আমরা আগে বেশ কয়েকবার খাওয়াদাওয়া করেছি। লাঞ্চে ভাত চিকেন আর মোমো খাওয়া হল। খরচ হল ৮৬০/- টাকা। তারপর আরও ঘন্টাখানেক গাড়ি চলার পরে বিকেল চারটে নাগাদ পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে।


স্টেশনে পৌঁছে ড্রাইভারকে তাঁর পাওয়া মিটিতে দেওয়া হল। ড্রাইভারের নাম প্রদীপ (পদবী জানা হয়নি) এবং ভদ্রলোক খুবই ভালো। গত তিনদিনে অনেকটা সময় উনি আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক হয়ে গেছিল। সারা রাস্তায় আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, উনি বিভিন্নভাবে আমাদের অনেক সাহায্যও করেছেন। কার্সিয়ঙের বটানিক্যাল গার্ডেনে চড়াই-উৎরাই পথে মা আর সোনামাসিকে হাত ধরে নিয়ে যাওয়া, অহলদাড়া ভিউ পয়েন্টে ওদের জন্য গাড়িটা কষ্ট করে উপরে তোলা এইসবই উনি নিজে থেকেই করেছেন। আমাদের কাছে কখনওই কিছু চাননি এমনকি গাড়ির তেলের টাকাও না, সেটার পুরোটাই আমরা দিয়েছি স্টেশনে পৌঁছে। সেইসঙ্গে আমরা আলাদা করে ওনাকে কিছু টিপ্ও‌ দিয়েছি। এই অঞ্চলে গাড়ির দরকার হলে ওনার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। মোবাইল নম্বর - 8145562910.

আমাদের ফেরার ট্রেন ছিল দার্জিলিঙ মেল রাত আটটায়। মাঝের সময়টা আমরা ওয়েটিং রুমে বসে কাটালাম। আর সেইসঙ্গে রাতের ডিনারের জন্য খাবার কিনে নেওয়া হল।

দার্জিলিঙ মেল নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলো তখন সাড়ে সাতটা। উঠে ট্রেনটা আসার ট্রেনের থেকেও বেশি ফাঁকা। নির্ধারিত সময়ে ট্রেন থামল আর পরেরদিন সকাল ঠিক ছ'টায় শিয়ালদহ স্টেশনে পৌঁছে দিল। সাতটা নাগাদ বাড়ি পৌঁছে গেলাম।

সারসংক্ষেপ ঃ

১. পশ্চিমবঙ্গের হিল স্টেশনের মধ্যে দার্জিলিঙ বাদ দিলে প্রথমেই যে দুটো নাম মনে পড়ে তার মধ্যে একটা হল কার্সিয়ং। দার্জিলিঙের থেকে কম উচ্চতায় পাহাড়ের গায়ে তৈরি এই শহর দু'তিনদিন বেড়াতে যাওয়ার পক্ষে খুবই উপযোগী।

২. নিউ জলপাইগুড়ি থেকে কার্সিয়ঙের দূরত্ব ৪৩ কিলোমিটারের মতো। গাড়িতে যেতে ঘন্টাখানেক লাগে।

৩. কার্সিয়ঙে অনেক হোটেল আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের ।রৌদ্র ছায়া ট্যুরিজম প্রপার্টি (ভূতপূর্ব কার্সিয়ং ট্যুরিস্ট লজ) উল্লেখযোগ্য। এদের ওয়েবসাইট https://wbtdcl.wbtourismgov.in/home থেকে বুকিং করা যায় অথবা কলকাতার বুকিং অফিস থেকেও বুকিং করা যেতে পারে।

৪. কার্সিয়ং ট্যুরিস্ট লজের খাওয়াদাওয়া বেশ ভালো। এখানকার খাবার না খেতে চাইলে খুব কাছাকাছির মধ্যে সেরকম কোনও খাবার জায়গায় নেই, সবচেয়ে কাছে যেটা আছে সেখানে যেতে গেলেও মিনিট পনেরো হাঁটতে হবে।

৫. কার্সিয়ঙে ঘোরার বেশ অনেকগুলো জায়গা আছে। তার মধ্যে হনুমান স্ট্যাচু (স্ট্যাচুটা নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য) এবং পাইন ফরেস্ট অবশ্য দ্রষ্টব্য।

৬. কার্সিয়ঙের যা সাইট সিয়িং আছে, তারজন্য হাতে ঘন্টা তিনচারেক রাখাই যথেষ্ট। যদি দু'রাতের বেশ এখানে থাকা হয়, তাহলে এখান থেকে বাতাসিয়ালুপ, দার্জিলিং এইসব জায়গাগুলোও ঘুরে আসা যেতে পারে। কার্সিয়ং থেকে দার্জিলিঙের দূরত্ব ৩০ কিলোমিটারের মতো আর যেতে ঘন্টাখানেকের বেশি লাগে না।

৭. জানুয়ারী মাসে কার্সিয়ঙে বেশ ভালোরকম ঠান্ডা পড়ে। এইসময়ে যদি এখানে আসার পরিকল্পনা করা হয়, তাহলে যথেষ্ট গরম জামাকাপড় সঙ্গে রাখতে হবে।

৮. কার্সিয়ং থেকে সিটং-এর দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার হলেও যেতে ঘন্টা দেড়েক সময় লাগে কারণ রাস্তা একেকজায়গায় বেশ খারাপ। সিটং-এর উচ্চতা কার্সিয়ঙের থেকে কম, ঠান্ডাও কম।

৯. সিটং-এ হোটেল সেভাবে নেই, বেশিরভাগই হোম স্টে। আমাদের বিসেস হোম স্টে-টা খুবই সুন্দর এবং এখানকার খাওয়াদাওয়াও অত্যন্ত উন্নতমানের। এদের ওয়েবসাইট https://www.biseshhomestay.com/ এবং যোগাযোগের নম্বর 7076060266 / 9382025312.

১০. হোম স্টে-র ভাড়া থাকা এবং খাওয়া মিলিয়ে মাথাপিছু হিসেবে হয়। খাওয়ার মধ্যে এরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভনিং স্ন্যাক্স আর ডিনার দেয়।

১১. সিটং জায়গাটায় সেভাবে দেখার কিছু নেই, তবে দু'একদিনের জন্য এখানে গিয়ে থাকতে খুবই ভালো লাগবে। কাছাকাছির মধ্যে অহলদাড়া ভিউ পয়েন্ট একটা দেখার জায়গা। তাছাড়া অল্প কিছুটা দূরে মংপু আছে যেখানে রবীন্দ্রনাথের বাড়ি একটা দর্শনীয় জায়গা।

১২. শীতকালে গেলে সিটং-এর অরেঞ্জ গার্ডেনে অবশ্যই যাওয়া উচিৎ। এখানকার কমলালেবু অত্যন্ত ভালো মানের।

উপসংহার ঃ

কার্সিয়ং
পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো হিল স্টেশনগুলোর মধ্যে অন্যতম হল কার্সিয়ং - পাহাড়ের গায়ে একটা শহর। নিউ জলপাইগুড়ি থেকে মাত্র ঘন্টাখানেকের দূরত্বে এই শহরের ঘুরতে যাওয়ার সুবিধে হল উত্তরবঙ্গে এবং সিকিমে গত কয়েকবছরে ঘোরার অনেকগুলো নতুন নতুন জায়গা হওয়ায় কার্সিয়ঙে এখন লোকের ভীড় কমই থাকে। জায়গাটা উপভোগ্য - কাছাকাছির ঘোরার জায়গাগুলোও সুন্দর। সিটং-এর কথা বলতে গেলে শুধু এটাই বলব এখানে অন্ততঃ দু'রাত থাকতে পারলে ভালো। নিজেরা বড় দল নিয়ে যেতে পারলে এখানে যাওয়াটা সবথেকে বেশি আনন্দদায়ক হবে। সিটং-এ সেভাবে ঘোরার কোনও জায়গা নেই, দরকারও নেই। শুধু হোম স্টে-র বারান্দায় বসে সামনের পাহাড়ের গায়ের দৃশ্য দেখেই এখানে অনায়াসে সময় কেটে যাবে। আর বিসেস হোম স্টে-তে থাকলে এখানকার খাবার খেয়েও খুব ভালো লাগবে। কার্সিয়ং গেলে সিটং যে যেতেই হবে এমন কোনও কথা নেই, তবে জায়গাদু'টো পরস্পরের খুব একটা দূরে নয় বলে একসঙ্গে যাওয়াও যেতে পারে। দু'টো জায়গার সৌন্দর্য দু'রকম - তুলনা করার চেষ্টা করা বোকামি। তবে এটা জোর দিয়ে বলতে পারি দু'টো জায়গাতেই গিয়ে খুব ভালো লাগবে। লেখা শেষ করছি সেই সতর্কীকরণ দিয়েই - দীঘা নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বা পাহাড়ীয়া এক্সপ্রেসে ট্রেন 'নৈব নৈব চ' !

কার্সিয়ং ও সিটং ভ্রমণের আরও ছবি দেখতে হলে click here.

Monday, November 1, 2021

বিষ্ণুপুর ভ্রমণ

বিশেষ সতর্কীকরণঃ

১. এই ভ্রমণে আমরা জনবহুল স্থানে, বিশেষতঃ স্টেশনে, ট্রেনে ইত্যাদি জায়গায় সারাক্ষণ মাস্ক পরে থেকেছি এবং দূরত্ববিধি যথাসম্ভব মেনে চলার চেষ্টা করেছি। সেইসঙ্গে প্রয়োজনমতো হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করেছি।

২. এই পুরো ভ্রমণে আমরা কোনও অবস্থাতেই কোনও পলিথিন বা প্লাস্টিক ব্যবহার করিনি। অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার না করেও এই ভ্রমণ অনায়াসে করা যায়।

৩. এই পুরো ভ্রমণে আমরা কোনও কাগজ ব্যবহার বা নষ্ট করিনি। হোটেল বুকিং-এর রশিদ-এর প্রিন্ট আউট ব্যবহারের কোনও প্রয়োজন হয় না।

৪. এই পুরো ভ্রমণে আমাদের দলের কেউ ধূমপান করেনি। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

আমার ব্লগের সমস্ত পাঠকদের বিশেষভাবে অনুরোধ করছি বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা ছড়িয়ে পড়া প্রতিরোধ করার জন্য সরকারী বিধিনিষেধ মেনে চলার জন্য। সেইসঙ্গে অনুরোধ করছি প্লাস্টিক, অপ্রয়োজনীয় কাগজের ব্যবহার আর ধূমপান বর্জন করার জন্য।

ভ্রমণপথঃ

শনিবার ৩০শে অক্টোবর, ২০২১ঃ শালিমার স্টেশন থেকে সকাল ৭ঃ৪৫ মিনিটে শালিমার ভজুডিহি স্পেশাল ট্রেন - সকাল ১১ঃ১০ মিনিটে বিষ্ণুপুর। একইসঙ্গে গাড়িতে সকাল ৭ঃ৩০ মিনিটে শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করে দুপুর ১২ টায় বিষ্ণুপুর। বিষ্ণুপুরে রাত্রিবাস।

রবিবার ৩১শে অক্টোবর, ২০২১ঃ বিষ্ণুপুরে লোক্যাল সাইট সিয়িং। বিষ্ণুপুরে রাত্রিবাস।

সোমবার ১লা নভেম্বর, ২০২১ঃ বিষ্ণুপুর থেকে দুপুর ৩ঃ২২ মিনিটে ভজুডিহি শালিমার স্পেশাল ট্রেন - সন্ধ্যে ৭ টায় শালিমার। একইসঙ্গে গাড়িতে দুপুর ১ঃ৪০ মিনিটে বিষ্ণুপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে সন্ধ্যে ৬ঃ৪৫ মিনিটে শালিমার স্টেশন।

বিষ্ণুপুর। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মোটামুটি পশ্চিমদিকে অবস্থিত বাঁকুড়া জেলার সদর এই শহর মূলতঃ পোড়ামাটির কাজ বা টেরাকোটার জন্য বিখ্যাত। রয়েছে ডজনখানেকের বেশি মন্দির যার সবগুলোই এই পোড়ামাটি দিয়ে তৈরি। সতেরোশো আর আঠারোশো খ্রীষ্টাব্দের মধ্যে মল্লরাজাদের আমলে এইসব মন্দিরগুলো তৈরি করা হয়  (আমি অবশ্য এই মল্লরাজাদের নাম বিষ্ণুপুর যাওয়ার আগে কখনও শুনিনি)। পোড়ামাটির তৈরি এই মন্দিরগুলো দেখার জন্যই আমাদের এবারের ভ্রমণ।

বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টির সামনে আমরা
বিষ্ণুপুরে আমরা এবারে যেভাবে গেছিলাম, সেভাবে এর আগে কখনও কোথাও যাইনি। এবারে আমাদের দল আটজনের - আমরা ছ'জন, সোনামাসি আর টুটুন। শেষেরজন আমাদের প্রতিবেশী ঊনবিংশবর্ষীয় তরুণ। আমাদের গাড়িতে ছ'জন পূর্ণবয়স্ক লোক ঠেসেঠুসে বসা যায় ঠিকই, কিন্তু সেটা অল্পদূরত্বের জন্য - সেইভাবে বিষ্ণুপুর যাওয়ার প্রশ্ন ওঠে না। সেজন্য বাবা ট্রেনে গেল। মজার ব্যাপারটা হল - আমরা গাড়ি করে বাবাকে শালিমার স্টেশনে পৌঁছে দিলাম আর বিষ্ণুপুরে হোটেলে পৌঁছে আবার বাবার সঙ্গে দেখা হল। শালিমার স্টেশনে বাবাকে নামিয়ে দিয়ে গুগ্‌ল ম্যাপ দেখে ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম 'বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি'তে (ভূতপূর্ব বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ)। পথে একবার মিনিট কুড়ির জন্য দাঁড়িয়েছিলাম - সঙ্গে থাকা স্যান্ডউইচ্‌ ইত্যাদির সদ্ব্যবহার করার জন্য।

আমাদের ঘর
বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের অন্তর্গত। এদের ওয়েবসাইট থেকে আমরা দু'টো ডাবল্‌ বেড ঘর বুক করেছিলাম। ওখানে পৌঁছে একটা ঘরে একটা অতিরিক্ত খাট নেওয়া হল। এখানকার নিয়ম হল অতিরিক্ত ব্যক্তির জন্য ঘরভাড়ার ২০% দিতে হয়। যদি অতিরিক্ত ব্যক্তির জন্য খাট লাগে, তাহলে সেটা ঘরভাড়ার ৩০% হয়ে যায়। ঘরগুলো মোটামুটি বড় - বাথরুমে গরমজলের ব্যবস্থাও রয়েছে। তবে সবসময়েই যে গরমজলের কল থেকে গরমজল পড়ে, তা নয়। আমাদের দু'টো ঘরের একটায় একটা নিস্ক্রিয় ইন্টারকম ফোন ছিল, অন্যটায় কিছুই ছিল না। এইসব কিছু ত্রুটি উপেক্ষা করতে পারলে ঘরগুলো মোটের উপর মন্দ নয়।

আমরা ঘরে ঢুকে স্নানটান সেরে নিলাম। তারপর হোটেলের ডাইনিং রুমে গিয়ে দুপুরের খাবার খেলাম। ভাত ডাল আলুভাজা মাছ চিকেন নিয়ে খরচ হল ১,২২৪/- টাকা (সার্ভিস ট্যাক্স যোগ করে)। এখানে বলে রাখি থাকার জন্য বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি রেকমেন্ড করলেও খাওয়ার জন্য এই জায়গাটা আমি একেবারেই রেকমেন্ড করব না। বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টির রান্নার মান খুবই সাধারণ আর দাম একটু বেশির দিকেই।

    
ব্যালকনি থেকে রিসর্টের ভিতরের পার্ক

খাওয়ার পরে আমরা ঘরে এসে বিশ্রাম করলাম। ঘরগুলোর লাগোয়া একটা করে ছোট ব্যালকনি আছে, যেখান থেকে রিসর্টের ভিতরের পার্কটা খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে পার্কটা খুব সুন্দরভাবে সাজানো, একটা দোলনাও আছে। বিকেলে কিছুক্ষণ পার্কে সবাইমিলে ঘোরাঘুরি করা হল। রাতের দিকে এখানে হাল্কা একটা ঠান্ডাভাব অনুভব করা যায় কারণ এখানকার তাপমাত্রা কলকাতার থেকে সামান্য হলেও কম। রাত্রিবেলা এখান থেকেই ভাত ডাল ডিম আর মাছ দিয়ে ডিনার করা হল। খরচ হল ৬৯৫/- টাকা (মা আর সোনামাসি কিছুই খায়নি)।

বিষ্ণুপুরের দেওয়ালে বিষ্ণুপুরের ম্যাপ
রবিবার ৩১শে অক্টোবর, ২০২১ - আমাদের বিষ্ণুপুর ঘোরার দিন। প্রথমেই জানিয়ে রাখি পুরো বিষ্ণুপুর শহরটা ঘুরে দেখতে ঘন্টাতিনেকের বেশি লাগার কথা নয় (যদি না ইতিহাস বা পোড়ামাটির স্থাপত্যের ব্যাপারে অগাধ জ্ঞান অথবা আগ্রহ থাকে !)। এবং সঙ্গে গাড়ি থাকলে বিষ্ণুপুর গাড়িতে খুবই ভালোভাবে ঘোরা যায়। গাড়ি না থাকলে ভরসা টোটো আর সেটাও না চাইলে পায়ে হেঁটেও ঘোরা যেতে পারে। বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টিকে মাঝখানে রাখলে দেখার জায়গাগুলোকে মোটামুটি দুটো দলে ভাগ করা যায় আর জায়গাগুলোর কোনওটাই এখান থেকে হেঁটে মিনিট কুড়ির বেশি লাগে না। আমরা আগেই ঠিক করেছিলাম খাওয়াদাওয়ার ব্যাপারে বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টিকে বয়কট করব, তাই সকাল ন'টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। এই এলাকায় অনেক ছোট ছোট খাবার হোটেল আছে, আর সেখানে ডিম টোস্ট থেকে শুরু করে, লুচি তরকারি, ছোলে বাটুরে সবই পাওয়া যায়। সেইভাবেই ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এগোলাম বিষ্ণুপুর দেখতে - পদব্রজে।

রাসমঞ্চ - বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি থেকে মিনিট তিনেক হাঁটাপথে আমাদের প্রথম গন্তব্য রাসমঞ্চ। এই রাসমঞ্চ বিষ্ণুপুরের অন্যতম বিখ্যাত দর্শনীয় জায়গা - বিষ্ণুপুরের পরিচায়ক বলা যেতে পারে। বিষ্ণুপুরের প্রায় সব মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ রক্ষণাবেক্ষণ করে । এখানে ঢোকার সময়ে টিকিট কাটতে হয়, মাথাপিছু ২০/- টাকা (১৪ বছরের নিচে লাগে না)। টিকিটের কোনও কাউন্টার নেই, মোবাইলের সাহায্যে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে হয়। কাটা হয়ে গেলে মোবাইলে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যায় আর সেটাই ঢোকার সময়ে গেটে দেখাতে হয়। দেখানো হয়ে গেলেই কিন্তু ফাইলটা ডিলিট করা চলবে না কারণ এই একই টিকিটে শ্যামরায় মন্দির আর জোড়বাংলা মন্দির দেখা যাবে। অর্থাৎ বাই ওয়ান গেট টু অফার !

    
রাসমঞ্চ
টিকিট কাটা হয়েছে ? এবার রাসমঞ্চটা দেখা যাক। একটা উঁচু বেদীর মতো জায়গার উপরে একটা মন্দিরের মতো জায়গা যার চারদিকে তিনসারি থামবিশিষ্ট বারান্দার মতো আছে। থামগুলো বেশ চওড়া - দেখে লুকোচুরি খেলার কথা মনে হয় (আমাদের শুধু মনে হয়নি, খেলেওছি !)। বীর হাম্বীর ১৬০০ খ্রীষ্টাব্দে এই মন্দির তৈরি করেছিলেন। মল্লরাজাদের যুগে রাস উৎসবের সময়ে কাছাকাছি সব মন্দিরের বিগ্রহ এখানে নিয়ে আসা হত সাধারণ মানুষের দর্শনের জন্য। বর্তমানে এখানে কোনও বিগ্রহ নেই আর সেই কারণে রাসমঞ্চের উপরে জুতো পরে ওঠারও কোনও বিধিনিষেধ নেই। জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাসমঞ্চের সংলগ্ন একটা মাঠ আছে সেটাও যথেষ্ট রক্ষণাবেক্ষণ করা হয়। প্রায় চল্লিশ মিনিট এখানে কাটিয়ে প্রচুর ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম।

শ্যামরায় মন্দির
শ্যামরায় মন্দির - রাসমঞ্চ থেকে বেরিয়ে প্রায় মিনিট কুড়ি হেঁটে আমরা পৌঁছলাম আমাদের দ্বিতীয় গন্তব্য - শ্যামরায় মন্দিরে। এখানে আমাদের আগের কাটা টিকিট চেকিং হল। শ্যামরায় মন্দিরের বৈশিষ্ট্য হল এটার পাঁচটা চালা। ১৬৪৩ খ্রীষ্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ এটি তৈরি করেন। এই মন্দিরের আরেকটা বৈশিষ্ট্য হল এর গায়ের পোড়ামাটির কাজ। এখানে আমরা মিনিট পনেরো কাটিয়ে এগোলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।

গুমঘর বা গুমগড় - শ্যামরায় মন্দির থেকে বেরিয়ে জোড়বাংলা মন্দিরের দিকে যাওয়ার পথে এই গুমঘর বা গুমগড় দেখতে পাওয়া যায়। এটা একটা চারদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা জায়গা। অনেকের মতে অপরাধীদের এর মধ্যে ফেলে দিয়ে মৃত্যুদন্ড দেওয়া হত। কেউ কেউ মনে করেন এটা মল্লরাজাদের শস্যাগার ছিল। আবার কাছাকাছির মধ্যে কিছু পোড়ামাটির জলের পাইপ দেখা যায় বলে বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন এটা আসলে জলাধার ছিল।

    
মহাপ্রভু জীউ-এর মন্দির
মহাপ্রভু জীউ-র মন্দির - জোড়বাংলা মন্দিরের দিকে আরেকটু এগোলে এই মন্দিরটা দেখতে পাওয়া যায়। এর ভিতরে ঢোকা যায় না কারণ বাইরে বোর্ড টাঙানো আছে যে রাজপরিবারের অনুমতি ছাড়া এই মন্দিরে প্রবেশ নিষেধ (আমার মনে হয় আসলে লেখা উচিৎ ছিল "রাজপরিবারের অনুমতি থাকলে এবং সাপের ভয় না থাকলে এই মন্দিরে প্রবেশ করা যেতে পারে")।






জোড়বাংলা মন্দির
জোড়বাংলা মন্দির - শ্যামরায় মন্দির থেকে মিনিট দশেক হেঁটে আমরা পৌঁছলাম জোড়বাংলা মন্দিরে। এই জোড়বাংলা মন্দির বিষ্ণুপুরের আরেকটা প্রধান দর্শনীয় জায়গা। এখানে ঢোকার সময়ে আমাদের শেষবারের মতো টিকিট দেখাতে হল (এবার চাইলে পিডিএফ ফাইলটা ডিলিট করে দেওয়া যেতে পারে)। মল্লরাজ রঘুনাথ সিংহ ১৬৫৫ খ্রীষ্টাব্দে এই মন্দির তৈরি করেন। এই মন্দিরের বৈশিষ্ট্য হল একই চালা বা ছাদের নিচে দু'টো আলাদা আলাদা মন্দির। এর মধ্যে একটা রাধার আর অন্যটা কৃষ্ণের। এখানে মন্দিরে বিগ্রহ আছে তাই চাতালের উপরে জুতো পরে ওঠা যায় না। মন্দিরের গায়ে নানারকম পৌরাণিক ঘটনা পোড়ামাটির সাহায্যে তৈরি করা হয়েছে।

এই জোড়বাংলা মন্দিরের একেবারে পাশেই রয়েছে আরও অনেকগুলো দর্শনীয় জায়গা যেগুলো আমরা পরপর দেখলাম।

    
রাধেশ্যাম মন্দির
রাধেশ্যাম মন্দির - মল্লরাজ চৈতন্য সিংহ ১৭৫৮ খ্রীষ্টাব্দে এই মন্দির তৈরি করেন। এই মন্দিরের চূড়া গম্বুজাকৃতি এবং এর গায়ে পৌরাণিক ঘটনার মূর্তি তৈরি করা আছে। এই মন্দিরের ভিতরেও ঠাকুর আছে - এখানে রাধাশ্যাম, গৌরনিতাই আর জগন্নাথের পুজো হয়। মন্দিরের ঢোকার গেটটাও খুব সুন্দর।

মৃন্ময়ী মন্দির
মৃন্ময়ী মন্দির - রাধেশ্যাম মন্দিরের ঠিক বিপরীত দিকেই রয়েছে মৃন্ময়ী মন্দির। মল্লরাজ জগৎমল্ল ৯৯৭ খ্রীষ্টাব্দে এই মন্দির তৈরি করেন। এই মন্দিরটা বাকি মন্দিরগুলোর থেকে আলাদা আর ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এর রক্ষণাবেক্ষণও করে না। এই মন্দিরে নিয়মিত পুজো হয় আর মন্দিরটা দেখেই বোঝা যায় এর নিয়মিত সংস্কার হয়। মল্লরাজাদের সময় থেকে এখনও পর্যন্ত্য এখানে দুর্গাপুজো হয় এবং অষ্টমীর সন্ধিপুজোর সময়ে তোপধ্বনি হয়। মন্দিরের ঠিক সামনে একাধিক ঝুরিবিশিষ্ট একটা বটগাছ আছে যার চতুর্দিকে বসার জায়গা আছে।

মৃন্ময়ী মন্দির থেকে বেরিয়ে পাশেই একটা দোকান থেকে আমরা লেবুর সরবত খেলাম। সময়টা অক্টোবর মাসের শেষ হলেও দুপুরে সূর্য যখন মাথার উপরে তখন গরম বেশ ভালোই লাগে। আর এই গরমে হাল্কা ঠান্ডা লেবুর সরবতও ভালো লাগে। আমি দু'গ্লাস খেয়ে ফেললাম।

রাজবাড়ি - মৃন্ময়ী মন্দির থেকে বেরিয়েই দেখতে পাওয়া যায় রাজবাড়ি - প্রকৃতপক্ষে প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ। আর তারই লাগোয়া নতুন বাড়ি। এখানে রাজপরিবারের মানুষজন এখনও বাস করেন। পুরো জায়গাটা পাঁচিল দিয়ে ঘেরা আর সেখানে স্পষ্টভাবে লেখা আছে 'প্রবেশ নিষেধ' (সেটাই স্বাভাবিক। বর্তমানে যাঁরা এখানে বাস করেন তাঁরা কেউ রাজা নন, আমাদের মতোই সাধারণ মানুষ। বাইরের যেকোনও লোক যদি যখন তখন আমাদের বাড়িতে এসে বাড়িটা ঘুরে দেখতে চায়, সেটা আমাদের কাছে যথেষ্ট বিরক্তি উদ্রেককারী বিষয় হবে না কি ?)।

    
লালজী মন্দির
লালজী মন্দির - রাজবাড়ি থেকে সামান্য এগিয়ে পরবর্তী গন্তব্য লালজী মন্দির। মল্লরাজ দ্বিতীয় বীরসিংহ ১৬৫৮ খ্রীষ্টাব্দে এই মন্দির তৈরি করেন। এই মন্দিরে বর্তমানে বিগ্রহ নেই কিন্তু স্থানীয় লোকেদের অনুরোধে চত্বরের উপরে জুতো পরে ওঠা গেল না। মন্দিরের পূর্বদিকে ইঁটের তৈরি একটা জায়গা আছে সেটা যে কি, তা কোথাও লেখা নেই আর সেটা দেখে মনে হয় ... আসলে কিছুই মনে হয় না !

বড় পাথর দরজা

বড় পাথর দরজা - লালজী মন্দির থেকে বাইরে বেরিয়ে সামান্য এগোলেই দেখা যায় বড় পাথর দরজা। এই দরজাই ছিল বিষ্ণুপুরের প্রাচীন দূর্গের উত্তরদিকের প্রবেশপথ। এখানে দ্বাররক্ষী সৈন্যদের অস্ত্র নিয়ে দাঁড়ানোর ব্যবস্থা ছিল।




    
ছোট পাথর দরজা
ছোট পাথর দরজা - বড় পাথর দরজা থেকে সামান্য দূরে দেখতে পাওয়া যায় ছোট পাথর দরজা। মহাষ্টমীর সন্ধিপুজোর সময়ে যে তোপধ্বনি হয়, সেটা আসলে এই দরজার পাশেই হয়।








পাথর দরজার এলাকা
বড় পাথর দরজা আর ছোট পাথর দরজার এলাকাটার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। এখানে একটা ছোট জলাশয় রয়েছে, তার পাশে একটা গাছ আর উঁচু ঢিপি। তার পাশ দিয়ে চলে গেছে লালমাটির রাস্তা। সবমিলিয়ে বেশ ছবির মতো সুন্দর একটা নৈস্বর্গিক দৃশ্য।




আগেই বলেছি দেখার জায়গাগুলোকে দুটো দলে ভাগ করা যায়। ছোট পাথর দরজা দেখার পর আমাদের একটা দলের প্রায় সবকটা জায়গা দেখা হয়ে গেল (বাকি রইল শুধু পাথরের রথ, যেটা আমরা পরেরদিন দেখেছি), তাই আমরা একটা টোটো করে হোটেলে ফিরে এলাম।

হোটেলে চানটান করে আমরা বেরোলাম লাঞ্চ করতে। এখানে দুপুরে খাওয়ার হোটেল অনেক আছে, সেরকমই একটা হোটেল থেকে ভাত মাছ চিকেন ডিম বিরিয়ানি খেয়ে নেওয়া হল। খরচ হল ৬৪০/- টাকা।

খাওয়ার পরে আমরা বেরোলাম বিষ্ণুপুরের অন্যদিকটা দেখতে। এবারে আর পদব্রজে নয় - গাড়ি নিয়ে।

    
রাধামাধব মন্দির
রাধামাধব মন্দির - হোটেল থেকে মিনিট পাঁচেক গাড়িতে করে আমরা পৌঁছলাম রাধামাধব মন্দিরে। মল্লরাজ কৃষ্ণ সিংহের পত্নী রাণী চূড়ামণিদেবী ১৭৩৭ খ্রীষ্টাব্দে এই মন্দির তৈরি করেন। এই মন্দিরের গায়ে যথারীতি নানারকম পুরাণের ঘটনার ছবি আছে।



কালাচাঁদ মন্দির
কালাচাঁদ মন্দির - রাধামাধব মন্দিরের কম্পাউন্ডের মধ্যেই আরেকটু এগিয়ে গেলে রয়েছে কালাচাঁদ মন্দির। এই মন্দির মল্লরাজ রঘুনাথ সিংহ ১৬৫৬ খ্রীষ্টাব্দে তৈরি করেন। এখানেও নানারকম পুরানের ঘটনা খোদাই করা রয়েছে।

এখানে একটা দরকারী তথ্য দিয়ে রাখি। এই মন্দিরগুলোর যিনি সিকিউরিটি গার্ড, তিনি আমাদের ডেকে বললেন আমরা যেন মন্দির সংলগ্ন মাঠ দিয়ে হাঁটাচলা যতদূর সম্ভব না করার চেষ্টা করি। আমি ভাবছিলাম হাঁটাচলার কারণে মাঠের ঘাস এবং ফুলগাছের ক্ষতি হতে পারে বলে কথাগুলো উনি বলছেন কিন্তু আসলে তা নয়। ভদ্রলোক বললেন - এখানে মাঠের এখানেওখানে, ঝোপঝাড়ের মধ্যে অনেক সাপ আছে। প্রকৃতপক্ষে এত গাছপালা, ইঁটের তৈরি মন্দির, কাছাকাছির মধ্যে জলাশয় এইসবকিছুর উপস্থিতির কারণে এখানে সাপ না থাকাটাই অস্বাভাবিক। ইঁদুর আর ব্যাঙের প্রাচুর্য্যও সাপ থাকার আরেকটা কারণ।এ'দিন সকালবেলাই ওই মাঠের মধ্যে একটা প্রায় ছ'ফুট লম্বা সাপের খোলস পাওয়া গেছে (উনি নিজের মোবাইলে সেটার ছবিও দেখালেন আমাদের)। আর এই তথ্যটা শুধু কালাচাঁদের মন্দিরে নয়, বিষ্ণুপুরের যেকোনও মন্দিরের জন্যই সত্য।

রাধামাধব আর কালাচাঁদের মন্দিরদুটোই আমাদের হোটেল থেকে সবথেকে বেশি দূরে তাই আগেই ওখানে চলে গিয়েছিলাম। এবার ফিরতি পথে বাকি দেখার জায়গাগুলো দেখে নিলাম।

    
রাধাগোবিন্দ মন্দির
রাধাগোবিন্দ মন্দির - রাধামাধবের মন্দির থেকে ফেরার পথে সামান্য দূরে রাধাগোবিন্দর মন্দির। মল্লরাজ কৃষ্ণ সিংহ ১৭২৯ খ্রীষ্টাব্দে এই মন্দির তৈরি করেন। কোনও অজ্ঞাত কারণে মন্দিরের কম্পাউন্ডের গেট বন্ধ থাকায় আমরা বাইরে থেকেই মন্দির দেখে চলে এলাম।



নন্দলাল মন্দির
নন্দলাল মন্দির - ফিরতি পথে আরেকটু এসে ডানদিকে নন্দলাম মন্দির। এর নির্মাণকাল সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ।







জোড় মন্দির - নন্দলাল মন্দির থেকে সামান্য এগিয়ে বাঁদিকে জোড় মন্দির। মল্লরাজ গোপাল সিংহ ১৭২৬ খ্রীষ্টাব্দে এই মন্দির তৈরি করেন। দুটো বড় আকারের আর একটা ছোট আকারের মন্দির নিয়ে এই জায়গাটার নাম হয়েছে জোড় মন্দির।

    
ছিন্নমস্তা মন্দির
ছিন্নমস্তা মন্দির - বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরেই ঠাকুরের মূর্তি নেই বা থাকলেও মন্দির বলতে মূর্তি পুরোহিত ঘন্টা পুজো ফুল প্রসাদ দক্ষিণা - এইসব মিলিয়ে আমাদের চোখে সামনে যে চেনা ছবিটা ভেসে ওঠে, তার সঙ্গে মিল নেই। ছিন্নমস্তার মন্দির বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের থেকে একেবারেই আলাদা আর এটা আমাদের পরিচিত আর পাঁচটা মন্দিরের মতোই। এটা কোনও মল্লরাজার তৈরি নয় আর এই মন্দিরের গায়ে কোনও পোড়ামাটির কাজও নেই। মন্দিরটা ফেরার পথে আমাদের হোটেলের কাছেই। যথারীতি এখানে মন্দির ঘিরে নানারকম জিনিসের দোকান গজিয়ে উঠেছে আর এই মন্দিরে ভীড়ও বাকি যেকোনও মন্দিরের থেকে বেশি। আমরা যখন গেছি তখন প্রায় সন্ধ্যে হবে, ভিতরে পুজো হচ্ছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এলাম।

দলমাদল কামান
দলমাদল কামান - ছিন্নমস্তার মন্দিরের একেবারে পাশে একটা লোহার গ্রিল দিয়ে ঘেরা জায়গায় রয়েছে দলমাদল কামান। এর আসল নাম দলমর্দ্দন। ১৭৪২ সালে বর্গীদের তাড়ানোর জন্য এই কামান ব্যবহার করা হয়। ১৯১৯ খ্রীষ্টাব্দে বৃটিশ সরকার সাধারণের দর্শনের জন্য এই কামানটি এখানে রাখার ব্যবস্থা করে। এই কামানের দৈর্ঘ্য ৩.৮ মিটার আর ব্যাস প্রায় ৩০ সেমি। এর ওজন ১১.২ টন।


আমাদের বিষ্ণুপুর ভ্রমণ মোটামুটি শেষ - অন্ততঃ আমাদের হোটেলের কাছাকাছি যে জায়গাগুলো আছে সেগুলো সবই দেখা হয়ে গেছে। যে দুটো জায়গা বাকি রয়েছে, সেগুলো আমরা পরেরদিনের জন্য রেখে দিলাম।

    
তাঁতীর বাড়িতে তাঁতযন্ত্রে বালুচরী শাড়ী বোনা
হোটেলে ফিরে এসে আরেকবার বেরোনো হল। বিষ্ণুপুর শহর প্রধানতঃ মন্দিরের জন্য বিখ্যাত হলেও এর খ্যাতির আরেকটা কারণ হল বিষ্ণুপুরী বালুচরী শাড়ী। মা-মাসিদের প্রবল আগ্রহের কারণে একজন স্থানীয় পথনির্দেশকের সাহায্য নিয়ে সন্ধ্যেবেলা আমরা গেলাম 'তাঁতীর বাড়ি'। বলা বাহুল্য, শাড়ী কেনার আগ্রহ আমার বিশেষ ছিল না, কিন্তু যন্ত্রের সাহায্যে কিভাবে তাঁতী এই শাড়ী বোনে সেটা দেখার কৌতুহল খুবই ছিল। তাঁতীর বাড়িতে গিয়ে সেই জিনিস দেখলাম এবং দেখে এককথায় মুগ্ধ হলাম। হস্তচালিত তাঁতের সাহায্যে শাড়ী তৈরি আমি আগেও দেখেছি কিন্তু এতরকম সূক্ষাতিসূক্ষ সুতো নিয়ে বালুচরী শাড়ী তৈরি আগে কখনও দেখিনি। সুতোগুলো এতটাই সরু যে খালি চোখে একটা সুতো দেখতে পাওয়া অসম্ভব। মোটামুটি কয়েকশ' সুতো একসঙ্গে করলে সেটা একটা বাচ্চার কড়ে আঙুলের সমান হতে পারে। যাঁর বাড়ি, তিনি এবং তাঁর স্ত্রী এই ব্যবসাটা চালান। ওনাদের অনেকগুলো তাঁতযন্ত্র আছে এবং সেগুলোয় শাড়ী বোনার কর্মচারী আছে। একটা বালুচরী শাড়ী বুনতে মোটামুটি তিন থেকে চারদিন লাগে আর এর দাম ৬,০০০ টাকা থেকে শুরু। মা-মাসি-অমৃতার শাড়ী 'দেখা' হয়ে গেলে আমরা তাঁতীর বাড়ি থেকে বেরিয়ে হোটেলে ফিরে এলাম।

রাতে হোটেলের বাইরে গিয়ে ডিনার করলাম (মা আর সোনামাসি আবার কিছু খেল না)। খরচ হল ২৬৬/- টাকা।

পরেরদিন ১লা নভেম্বর, ২০২১ - আমাদের ফেরার দিন। সকালে হোটেলের বাইরে থেকে ব্রেকফাস্ট করে ঘরে এসে চানটান করে হোটেল থেকে চেক্‌আউট করলাম। এখানে চেক্‌আউটের সময় সকাল ১১টা। হোটেলের ঘরভাড়া আমরা বুকিং-এর সময়ে দিয়ে থাকলেও এখানে ঘরভাড়ার উপর ১২% জিএসটি নেয়, যেটা চেক্‌আউটের সময়ে দিতে হল। হোটেল থেকে বেরিয়ে আমরা প্রথমে গেলাম আমাদের বাকি থাকা দ্রষ্টব্য জায়গাগুলো দেখে ফেলতে।

মদনমোহন মন্দিরটা আমাদের হোটেল থেকে তুলনামূলকভাবে দূরে আর এখানে যাওয়ার রাস্তাটাও চরম সরু। যাওয়ার পথে বাজার গরু বস্তি - সবই পড়ে। গাড়ির চালকের আসনে বিশেষ সুদক্ষ ড্রাইভার না থাকলে এই মন্দির দেখতে যাওয়া জন্য টোটোই ভাল।

মদনমোহন মন্দির
মদনমোহন মন্দির - ঘিঞ্জি রাস্তা দিয়ে একবার পৌঁছতে পারলে এখানে মন্দিরের সামনে যথেষ্ট চওড়া জায়গা আছে যেখানে সচ্ছন্দে গাড়ি পার্কিং করা যায়। মদনমোহন মন্দির ১৬৯৪ খ্রীষ্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহ তৈরি করেন। এখানেও মন্দিরের গায়ে পৌরাণিক দৃশ্য, যুদ্ধের দৃশ্য রয়েছে। এই মন্দিরে ঠাকুরের মূর্তি আছে এবং এখানে নিয়মিত পুজো হয়।



    
পাথরের রথ
পাথরের রথ - মদনমোহন মন্দির থেকে বেরিয়ে আমরা গেলাম পাথরের রথ দেখতে - যেটা গতকাল দেখা বাকি থেকে গিয়েছিল। পাথরের রথ ছোট পাথরের দরজা থেকে খুবই কাছে। একটা লোহার গ্রিল দিয়ে ঘেরা জায়গায় এই রথটা রয়েছে। এটা আনুমানিক সপ্তদশ খ্রীষ্টাব্দে তৈরি করা হয়েছিল। রথটা দোতলা এবং রথের উপরের দিকটার সঙ্গে বিষ্ণুপুরের মন্দিরের মিল আছে।






বিষ্ণুপুর দর্শন শেষ। দুপুর সাড়ে বারোটা বাজে। আমরা এবার রওনা দিলাম স্টেশনের দিকে। বাবাকে স্টেশনে পৌঁছে দিয়ে আমরা গাড়ি নিয়ে ফেরার পথ ধরব।

স্টেশন সংলগ্ন একটা ভাতের হোটেল থেকে দুপুরের খাবার সেরে নেওয়া হল। তারপর বাবা চলে গেল প্ল্যাটফর্মের দিকে আর আমরা এগোলাম কলকাতার দিকে। ফেরার পথে সোনামাসিকে বাড়িতে নামিয়ে দিয়ে আবার গেলাম শালিমার স্টেশন। সেখান থেকে বাবাকে নিয়ে বাড়ি !

সারসংক্ষেপঃ

১. কলকাতা থেকে সড়কপথে ১৫০ কিলোমিটার দূরে ঐতিহাসিক শহর বিষ্ণুপুর। বিভিন্ন মল্লরাজাদের আমলে তৈরি পোড়ামাটির মন্দিরগুলি এখানকার প্রধান আকর্ষণ।

২. কলকাতা থেকে বিষ্ণুপুর গাড়ি নিয়ে গেলে ডানকুনি থেকে প্রথমে এস এইচ পনেরো ও তারপরে এস এইচ দুই ধরে যেতে হয়। ট্রেনে গেলে হাওড়া বা সাঁত্রাগাছি থেকে বিষ্ণুপুরের যাওয়া যায়। 

৩. বিষ্ণুপুরে বেশ কিছু হোটেল আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি (ভূতপূর্ব বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ) উল্লেখযোগ্য। এদের ওয়েবসাইট https://wbtdcl.wbtourismgov.in/home থেকে বুকিং করা যায় অথবা কলকাতার বুকিং অফিস থেকেও বুকিং করা যেতে পারে। এখানে গাড়ি পার্কিং-এর সুবন্দোবস্ত আছে।

৪. থাকার জন্য বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি রেকমেন্ড করলেও খাবার এদের কাছ থেকে না নেওয়াই ভালো। এদের খাবার ওভারপ্রাইসড এবং রান্নাও অতি সাধারণ মানের। খাওয়ার জন্য এর আশেপাশেই অনেকগুলো হোটেল বা রেস্ট্যুরেন্ট আছে।

৫. বিষ্ণুপুরের প্রধান আকর্ষণ পোড়ামাটি বা টেরাকোটার মন্দির। মোটামুটি ১৬০০ খ্রীষ্টাব্দ থেকে ১৭৪২ খ্রীষ্টাব্দের বিভিন্ন মল্লরাজাদের সময়ে নির্মিত এই মন্দিরগুলোর খ্যাতি মূলতঃ এদের গায়ের পোড়ামাটির কাজের জন্য।

৬. বিষ্ণুপুরের প্রায় সব মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ রক্ষণাবেক্ষণ করে। এর মধ্যে শুধুমাত্র রাসমঞ্চ, শ্যামরায় মন্দির আর জোড়বাংলা মন্দিরে ঢোকার জন্য টিকিট লাগে।

৭. রাসমঞ্চ, শ্যামরায় মন্দির আর জোড়বাংলা মন্দির - এই তিনটে জায়গা মিলিয়ে মাথাপিছু ২০/- টাকা করে টিকিট কাটতে হয়। টিকিট কাটার কোনও কাউন্টার নেই, মোবাইলের সাহায্যে কিউআর কোড স্ক্যান করে কাটতে হয়।

৮. বিষ্ণুপুরের সবকটা মন্দিরই খুব কাছাকাছি জায়গায়। নিজেদের গাড়ি থাকলে গাড়িতে, না থাকলে টোটোয় এমনকি হেঁটেও সবকটা জায়গা আনায়াসে ঘোরা যেতে পারে।

৯. পুরো বিষ্ণুপুর ঘুরে দেখতে ঘন্টা তিনচারেকের বেশি লাগে না। তাই চাইলে বিষ্ণুপুর ডে-আউট বা 1N/2D ট্রিপও করা যেতে পারে।

১০. বিষ্ণুপুরের বালুচরী শাড়ী খুবই বিখ্যাত। এখানে তৈরি শাড়ী সারা দেশে এমনকি বিদেশেও রপ্তানী হয়। তাঁতীর বাড়িতে গিয়ে হস্তচালিত তাঁতযন্ত্রের সাহায্যে এই শাড়ী বোনা দেখা যেতে পারে।

১১. বিষ্ণুপুরের আরেকটা বিখ্যাত জিনিস হল এখানকার পোড়ামাটির ঘোড়া। এখানে বিভিন্ন আকারের পোড়ামাটির ঘোড়া পাওয়া যায় যা ঘর সাজানোর জন্য সংগ্রহ করা যেতে পারে।

১২. বিষ্ণুপুর যাওয়ার সবথেকে ভালো সময় হল অক্টোবর থেকে মার্চ, কিন্তু তার মানে এই নয় যে অন্য সময়ে যাওয়া যায় না। তবে যেহেতু রোদে ঘুরে মন্দির দেখতে হবে, তাই গরমকালটা এড়িয়ে যাওয়াই ভালো।

উপসংহারঃ

পোড়ামাটির ঘোড়া
কলকাতা থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে ঐতিহাসিক শহর বিষ্ণুপুর। মল্লরাজাদের যুগে তৈরি পোড়ামাটির মন্দির এখানকার প্রধান আকর্ষণ। খুবই অল্প জায়গায় কাছাকাছির মধ্যে ডজনখানেকের বেশি মন্দির দেখে বোঝা যায় মল্লরাজাদের কীর্তিকলাপ মূলতঃ এইসব জায়গাতেই ছিল। একটা মন্দির দেখে দু'পা হাঁটতেই আরেকটা মন্দির - আবার সেটার থেকে চোখ ফেরাতেই আরেকটা মন্দির। দেখতে দেখতে 'সোনার কেল্লা'র মন্দার বোসের মতো করে বলতে ইচ্ছে করে - "এরা তো দেখছি যেখানে ফাঁক পেয়েছে, সেখানেই একটা করে মন্দির গুঁজে রেখেছে !" মল্লরাজারা ছিলেন কৃষ্ণের পূজারী, তাই প্রায় সব মন্দিরগুলোই কৃষ্ণ বা বিষ্ণুর। আর সেই থেকেই জায়গার নাম বিষ্ণুপুর। মন্দিরগুলোর আরেকটা বৈশিষ্ট্য হল এগুলো প্রায় একইরকম দেখতে। এইসব মন্দির আধ্যাত্মিক দিক থেকে সমৃদ্ধ নয়, এর সমৃদ্ধি শৈল্পিক। পৌরাণিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এর গুরুত্ব ঐতিহাসিক। আর্থিক দিক থেকে জমকালো নয়, এর জাঁকজমক নেহাৎই সাদামাটা। আর এগুলোই এখানকার আকর্ষণ। আমার বিষ্ণুপুর ভ্রমণের অভিজ্ঞতা থেকে এই আকর্ষণ যদি কিছুটা হলেও অনুভব করা যায়, তাহলে বাঁকুড়া জেলার এই শহরে একটা ছোট্ট ট্রিপ করে আসা অবশ্যকর্তব্য !

বিষ্ণুপুর ভ্রমণের আরও ছবি দেখতে হলে click here.

Tuesday, September 21, 2021

দীঘা ভ্রমণ

আগেও বলেছি বাঙালীর তিনটে ঘোরার জায়গা দী-পু-দা সম্পর্কে আমার ব্লগে কখনও লিখব না। পু অর্থাৎ পুরী আর দা অর্থাৎ দার্জিলিঙ এর আগেই হয়ে গেছে, বাকি ছিল শুধু দী অর্থাৎ দীঘা। দীঘা আমি এর আগেও চারবার গেছি, কিন্তু শেষবার যখন গেছি তখনও ব্লগ লিখতাম না। এবারেও দীঘায় গিয়ে সেরকম নতুন এমন কিছুই দেখিনি যা জানানোর জন্য একটা পূর্ণদৈর্ঘ্যের ব্লগ লেখার দরকার হতে পারে। তাই পুরী আর দার্জিলিঙের মতো দীঘা ভ্রমণেও থাকছে শুধুমাত্র ভ্রমণপথ, ভ্রমণের সারসংক্ষেপ আর উপসংহার।

বিশেষ সতর্কীকরণঃ

১. এই ভ্রমণে আমরা জনবহুল স্থানে, বিশেষতঃ স্টেশনে, ট্রেনে ইত্যাদি জায়গায় সারাক্ষণ মাস্ক পরে থেকেছি এবং দূরত্ববিধি যথাসম্ভব মেনে চলার চেষ্টা করেছি। সেইসঙ্গে প্রয়োজনমতো হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করেছি।

২. এই ভ্রমণে আমরা কোনও অবস্থাতেই কোনও পলিথিন বা প্লাস্টিক ব্যবহার করিনি। অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার না করেও এই ভ্রমণ অনায়াসে করা যায়।

৩. এই ভ্রমণে আমরা কোনও কাগজ ব্যবহার বা নষ্ট করিনি। হোটেল বুকিং-এর রশিদ-এর প্রিন্ট আউট ব্যবহারের কোনও প্রয়োজন হয় না।

৪. এই ভ্রমণে আমাদের দলের কেউ ধূমপান করেনি। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

আমার ব্লগের সমস্ত পাঠকদের বিশেষভাবে অনুরোধ করছি বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা ছড়িয়ে পড়া প্রতিরোধ করার জন্য সরকারী বিধিনিষেধ মেনে চলার জন্য। সেইসঙ্গে অনুরোধ করছি প্লাস্টিক, অপ্রয়োজনীয় কাগজের ব্যবহার আর ধূমপান বর্জন করার জন্য।

ভ্রমণপথঃ

রবিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২১ঃ হাওড়া স্টেশন থেকে সকাল ৬ঃ৫০ মিনিটে হাওড়া দীঘা স্পেশাল ট্রেন - সকাল ১০ঃ১০ মিনিটে দীঘা। নিউ দীঘায় রাত্রিবাস।

সোমবার ২০শে সেপ্টেম্বর, ২০২১ঃ নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় গিয়ে ঘন্টাখানেক ঘোরা। নিউ দীঘায় রাত্রিবাস।

মঙ্গলবার ২১শে সেপ্টেম্বর, ২০২১ঃ দীঘা থেকে দুপুর ১২ঃ৩০ মিনিটে দীঘা হাওড়া স্পেশাল ট্রেন (সঠিক সময় সকাল ১০ঃ৩৫ মিনিট) - দুপুর ৩ঃ৩০ মিনিটে সাঁত্রাগাছি (ট্রেনটা সাঁত্রাগাছি থেকে হাওড়া পর্যন্ত বাতিল হয়ে গিয়েছিল)।

সারসংক্ষেপঃ

১. কলকাতা থেকে সড়কপথে নিউ দীঘার দূরত্ব ১৮৫ কিলোমিটারের মতো। ওল্ড দীঘার দূরত্ব এর থেকে ১.৫ কিলোমিটার কম।

২. কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে দীঘা যাওয়ার জন্য বাস ছাড়ে। বাসে দীঘা যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে।

৩. দীঘা যাতায়াতের জন্য হাওড়া থেকে দৈনিক দু'টো করে ট্রেন চলে। যেতে ৩ঃ২০ ঘন্টার মতো সময় লাগে।

৪. দীঘা স্টেশনটা প্রকৃতপক্ষে নিউ দীঘায়। স্টেশনের কাছাকাছির মধ্যেই অনেকগুলো হোটেল আছে। স্টেশন থেকে টোটো করে অথবা হেঁটে হোটেলে যাওয়া যায়।

৫. দীঘায় আমরা যে হোটেলে ছিলাম তার নাম 'হোটেল আমার দীঘা'। এদের ওয়েবসাইট http://www.hotelamardigha.com/ থেকে বুকিং করা যায় অথবা https://www.makemytrip.com/ থেকেও বুকিং করা যায়। হোটেলের যোগাযোগের নম্বরঃ 9874778528.

৬. 'হোটেল আমার দীঘা' খুবই ভালো একটা হোটেল। এর ঘর থেকে সমুদ্র দেখা না গেলেও এখান থেকে সমুদ্র হেঁটে মিনিট পাঁচেকের বেশি লাগে না। হোটেলের পরিষেবা এবং খাবার খুবই উন্নত মানের।

৭. দীঘার সমুদ্রের পাড় বাঁধানো আর এখানে বসে বসে সমুদ্রের শোভা উপভোগ করা যায়। জোয়ারের সময়ে জলের টান বেশি থাকলে অবশ্য এখানে পুলিশ বসতে দেয় না।

৮. দীঘা থেকে কাছাকাছির মধ্যে তালসারিতে ঘুরে আসা যায়। যাতায়াতের পথে চন্দনেশ্বর মন্দির পড়ে, সেটাও দেখে নেওয়া যেতে পারে। এই দু'টো জায়গাই উড়িষ্যার মধ্যে।

৯. দীঘা স্টেশনের একেবারে কাছে রয়েছে অমরাবতী লেক ও পার্ক। এখানে বোটিং, রোপওয়ের ব্যবস্থা আছে।

১০. নিউ দীঘার বিচের কাছে একটা মার্কেট আছে, এখানে সবধরনের জিনিসই পাওয়া যায়। এখান থেকে প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নানারকম জিনিস কেনা যেতে পারে।

১১. নিউ দীঘার বীচের একেবারে পাশেই সরকারী লিজ নেওয়া একটা রেস্ট্যুরেন্ট আছে। এখানে সস্তায় অত্যন্ত ভালো মানের খাবার পাওয়া যায়।

১২. দীঘার সমুদ্রে জোয়ারের জলোচ্ছাস দেখার আগ্রহ থাকলে অবশ্যই পূর্ণিমা বা অমাবস্যায় যাওয়া উচিৎ। অমাবস্যায় জলোচ্ছাসের মাত্রা পূর্ণিমার থেকে বেশি ঠিকই, কিন্ত পূর্ণিমার সন্ধ্যে থেকে রাত পর্যন্ত জলের উপর চাঁদের আলোর সৌন্দর্যও কিছু কম আকর্ষক দৃশ্য নয়।

উপসংহারঃ

দীঘার সমুদ্রসৈকত
বাঙালীদের মধ্যে সবথেকে জনপ্রিয় ঘোরার জায়গা যদি পুরী হয়, তাহলে দীঘা নিঃসন্দেহে দ্বিতীয় স্থান অধিকার করে। দীঘা যাতায়াতের খরচ পুরীর থেকে কম কিন্তু দীঘায় সেরকম কোনও বড় মন্দির না থাকায় এর কোনও ঐশ্বরিক আকর্ষণ নেই। একসময়ে দীঘার খ্যাতি ছিল হানিমুনের জন্য, আজকাল মূলতঃ সপ্তাহান্তের ঘোরার জায়গায় পরিণত হয়েছে। দীঘা যাওয়ার জন্য কোনও প্রস্তুতি লাগে না, ট্রেনের বুকিং অথবা বাসের টিকিট সহজেই পাওয়া যায়। নিজের গাড়ি নিয়ে গেলেও সহজেই যাওয়া যায়। দীঘায় আগে থেকে বুকিং না করে গেলে ঘর পেতেও কোনও অসুবিধে হয় না। কম খরচে নির্ঝঞ্ঝাটে সমুদ্রসৈকতে দু'তিনদিন কাটানোর জন্য দীঘা একেবারে আদর্শ জায়গা। পুরী বা দার্জিলিঙের মতো দীঘাও বছরের যেকোনও সময়ে যাওয়া যায় আর এখানে সবকিছুই খুব সহজে পাওয়া যায়। পুরীর মতো এখানেও "ঘুরে খুব ভালো লাগল" এটা আমি কখনও কারুর মুখে যেমন শুনিনি, তেমনই "দূর দূর, দীঘা আবার একটা যাওয়ার মতো জায়গা হল ?" এরকম বলতেও কাউকে শোনা যায় না। তাই জীবনে কখনও দীঘায় না গিয়ে থাকলে (যেটার সম্ভাবনা খুবই কম) অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য একবার যেতে সব বাঙালিকেই অনুরোধ করব।

দীঘা ভ্রমণের আরও ছবি দেখতে হলে click here.

Sunday, September 12, 2021

কলকাতা ভ্রমণ : পর্ব - ৫ (নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম)

কলকাতা ভ্রমণের প্রথম পর্ব চিড়িয়াখানা ভ্রমণের পোস্টে লিখেছিলাম "কলকাতার চিড়িয়াখানা প্রায় সব্বাই ছোটবেলায় একবার করে যায় আর বহু লোকের ক্ষেত্রে দেখেছি বড় হয়ে আর কিছুতেই যাওয়া হয়ে ওঠে না"। কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের ক্ষেত্রেও বোধহয় একই কথাই প্রযোজ্য, যদিও চিড়িয়াখানায় যত লোক ছোটবেলায় যায় তত লোক বোধহয় নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে যায় না। আমি  এখানে ছোটবেলায় বারদুয়েক গেছি আর তারপর বড় হয়ে কখনও যাওয়া হয়নি। এবারে গেলাম - প্রধানতঃ আমার দুই কন্যাকে তাদের ছোটবেলার অভিজ্ঞতা সঞ্চয় করাতে (যাতে বড় হয়ে ওরাও একই ধরনের কথা বলতে পারে !)। কলকাতা ভ্রমণের এই পর্বে থাকছে সেই নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে আমাদের ভ্রমণের অভিজ্ঞতা।

১২ই সেপ্টেম্বর, ২০২১ - রবিবার আমরা নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম পৌঁছলাম দুপুর চারটে পনেরো নাগাদ। নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকে (সোমবার বন্ধ)। এবারে আমরা সাতজন - আমরা ছ'জন ছাড়া আমাদের সঙ্গে টুটুন। নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের অবস্থান জওহরলাল নেহেরু রোডে - এক্সাইডের মোড় থেকে এস্‌প্ল্যানেডের দিকের রাস্তা অর্থাৎ জওহরলাল নেহেরু রোড ধরে মিনিট খানেক হাঁটলে বাঁদিকে মিউজিয়ামটা পড়ে। এখানে রাস্তার উপরেই গাড়ি পার্কিং করা যায়।

নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের ঢোকার টিকিট বড়দের মাথাপিছু ২০/- টাকা আর ছোটদের (১৬ বছরের নিচে) মাথাপিছু ১০/- টাকা। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। পুরো বাড়িটা ছ'তলা যদিও দেখার জিনিস শুধুমাত্র দোতলা, তিনতলা আর চারতলায়। এখানকার দেখার জিনিসগুলোকে মোটামুটি চারভাগে ভাগ করা যায় - পুতুলের গ্যালারি, গণেশের গ্যালারি, রামায়ণ আর মহাভারত। এর মধ্যে পুতুলের গ্যালারি সবতলাতেই আছে, মহাভারত আছে তিনতলায় আর রামায়ণ আর গণেশ চারতলায়।

পুতুলের গ্যালারি
পুতুলের গ্যালারি -
 নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের পুতুলের গ্যালারিতে পুতুলের সম্ভার দেখে তাজ্জব বনে যেতে হয় ! ঘরের চারদিকের দেওয়ালে এবং মাঝখানে বিশাল কাচের শোকেসে এই পুতুলগুলো রাখা হয়েছে। দেশ-বিদেশের নানারকমের পুতুল রয়েছে এই গ্যালারিতে। বিভিন্ন আকারের, বিভিন্ন ভঙ্গিতে দাঁড়ানো বসা শোওয়া এইসব পুতুলগুলো বিভিন্ন দেশের বা ভারতের বিভিন্ন রাজ্যের শিল্পকলার অসাধারণ নিদর্শন। দুর্গার মূর্তি থেকে ইংরেজ বণিক, ব্রাহ্মণ পুরোহিত থেকে মিজোরামের রাজকন্যা, জার্মান থেকে রাশিয়ার পুতুল - সবই রয়েছে এইসব পুতুলের ঘরগুলোতে। একটা একটা করে সবকটা পুতুল দেখা সম্ভব নয়, তবে প্রত্যেকটা পুতুলই দেখতে যে খুবই সুন্দর - সেটা বলতেই হবে। এখানে চাইলে নিজের কাছে থাকা পুতুল দিয়েও দেওয়া যায়, এরা সেগুলো এই সংগ্রহের মধ্যে রেখে দেবে। বিভিন্ন দেশের সরকার থেকে এখানে বিভিন্ন পুতুল উপহার দেওয়া হয়েছে, সেগুলো এখানে লেখাও রয়েছে।

অর্জুনের লক্ষ্যভেদ
মহাভারত -
 দোতলা আর তিনতলার পুতুলের গ্যালারির পরে আমরা গেলাম তিনতলার মহাভারত গ্যালারি দেখতে। এখানে একটা বিশাল ঘরের মধ্যে মহাভারতের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার মডেল তৈরি করে কাচের শোকেসের মধ্যে রাখা রয়েছে। শোকেসের সামনে দেওয়ালের উপরদিকে সেই ঘটনার বিবরণ লেখা হয়েছে। এইসব ঘটনার মধ্যে পাশা খেলা, পান্ডবদের বনবাস, অর্জুনের লক্ষ্যভেদ, মহাভারতের যুদ্ধ, ভীষ্মের শরসজ্জা ইত্যাদি অনেক কিছুই রয়েছে। আমার মতে মহাভারত সর্বকালের শ্রেষ্ঠ মহাকাব্য - এর মতো এত ঘটনাবহুল কাব্যগ্রন্থ পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই। সেই মহাভারতের ঘটনাবলীর এত সুন্দর মডেল দেখতে খুবই ভালো লাগছিল। শুধু আমরা বড়রা নই, মহাভারতের বিস্তারিত গল্প কথা-কলিও জানে, তাই ওরাও মডেলগুলো দেখে নিজেরাই কোনটা কি বলে যাচ্ছিল।

রাবণের সীতাহরণ
রামায়ণ -
 চারতলায় রামায়ণ গ্যালারি। মহাভারতের মতো এখানেও বিশেষ বিশেষ ঘটনাবলীর মডেল তৈরি করে কাচের শোকেসে রাখা রয়েছে। রামের হরধনু ভঙ্গ, রাবণের সীতাহরণ, হনুমানের লঙ্কাকান্ড ইত্যাদি নানারকম ঘটনার মডেল রয়েছে এখানে। ব্যক্তিগতভাবে আমার রামায়ণ যদিও সেরকম কিছু ভালো লাগে না (বলতে চাইছি পোষায় না), কিন্তু তাও গ্যালারিটা খুবই ভালো লাগল।









গণেশের গ্যালারি
গণেশ গ্যালারি -
 চারতলায় রামায়ণ গ্যালারি থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামার আগে বাঁদিকে গণেশের গ্যালারি। এখানে অনেকগুলো ছোট ছোট নানাধরনের গণেশের মূর্তি রয়েছে। অনেকগুলোই বেশ মজাদার, যেমন - ফুটবলার গণেশ, ব্রাহ্মণ গণেশ, স্কুলবয় গণেশ, পুলিশ গণেশ ইত্যাদি। এছাড়া কয়েকটা চিরাচরিত গনেশের মূর্তিও রয়েছে। এইসব দেখে আমরা নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম।

উপসংহারঃ

মিউজিয়ামের পুতুলের সামনে আমার দুই পুতুল !
কলকাতা শহরে ছোটদের দেখার মতো যে কয়েকটা জায়গা রয়েছে, তার মধ্যে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম বিশেষ উল্লেখযোগ্য। এখনকার দিনের মা-বাবারা বাচ্চাদের এখানে কতটা নিয়ে যান জানি না, তবে গেলে বাচ্চাদের ভালো লাগারই কথা। আমার ছোটবেলায় আমার ভালো লাগত, কথা-কলির ছোটবেলায় ওদেরও ভালো লেগেছে। পুরো মিউজিয়ামটা দেখতে ঘন্টাদেড়েকের মতো লাগে, তাই কোনও একটা ছুটির দিনে এখানে গেলে সময়টা ভালোই কাটবে। নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে শুধুমাত্র চারধরনের গ্যালারি ছাড়াও ছোটদের আঁকা, আবৃত্তি, নাচ, গান, ম্যাজিক, নাটক শেখানো হয়। কেউ নিজের ছেলেমেয়েকে এসব শেখাতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন (নাও পারেন, আপনার ইচ্ছে !)। তবে ছোটবড় নির্বিশেষে এই মিউজিয়ামটা একবার দেখে আসার জন্য সবাইকেই অনুরোধ করছি।

নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম ভ্রমণের আরও ছবি দেখতে হলে click here.

কলকাতা ভ্রমণ : পর্ব - ৪ (জোড়াসাঁকো ঠাকুরবাড়ি)

কলকাতা শহরের প্রথম পাঁচটা দ্রষ্টব্য জায়গা কি কি - এই প্রশ্নের উত্তরে যে যাইই বলুক, তার মধ্যে যে নামটা থাকবেই সেটা হল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ও বাসস্থান হিসেবে ঐতিহাসিক ও পর্যটনের দিক থেকে এই বাড়ির গুরুত্ব অপরিসীম। ছোটবেলা থেকে অনেকবার বিভিন্ন সময়ে এখানে যাওয়ার পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত আমার আর যাওয়া হয়ে ওঠেনি। তাই এই করোনা পরিস্থিতিতে নিজের শহরটাকে দেখে নেওয়ার যে প্রকল্প আমরা শুরু করেছি, তার মধ্যে এবারে সংযোজন হল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।

যাওয়ার দিন ১২ই সেপ্টেম্বর, ২০২১ - আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছলাম তখন দুপুর ১২ টা। ঠাকুরবাড়ি সোমবার বন্ধ থাকে। বাকি দিনগুলো সকাল ১০ঃ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকে। এবারে আমাদের দল সাতজনের - আমরা ছ'জন ছাড়া আমাদের সঙ্গে টুটুন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভৌগোলিক অবস্থান জানেনা এরকম মানুষ বোধহয় কলকাতায় নেই, তবে আমার ব্লগের কলকাতার বাইরের (বা পশ্চিমবঙ্গের বাইরের বা ভারতবর্ষের বাইরের !) পাঠক/পাঠিকাদের জন্য জানাচ্ছি জায়গাটা গণেশটকি বা সিংহীবাগান অঞ্চলে আর গিরীশপার্ক মেট্রো স্টেশন থেকে খুবই কাছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ঢোকার দরজাটা চিৎপুর রোডের উপরে। এখানে গাড়ি পার্কিং-এর জায়গাও আছে। তবে ভীড়ের দিনে গেলে পার্কিং-এর জায়গা পাওয়া সহজ হবে না কারণ এখানে জায়গা সীমিত।

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রক্ষণাবেক্ষণ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গেটের পাশে টিকিট কাউন্টার। মাথাপিছু ২০/- টাকা করে টিকিট কেটে (বাচ্চাদের লাগে না) আমরা ভিতরে ঢুকলাম। এখানে জানিয়ে রাখি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ছবি তুলতে গেলে তার জন্য আলাদা করে টাকা দিতে হয়। আর এঁরা সেই ব্যাপারে অত্যন্ত কঠোর। ভিতরে কোথাও লুকিয়ে ছবি তোলার চেষ্টা করাও উচিৎ নয় কারণ সর্বত্র সি সি ক্যামেরা লাগানো আছে। আমরা ভিতরে কোনও ছবি তুলিনি, কারণ আমরা টাকা দিইনি।

ঠাকুরবাড়িতে ঢোকার আগে
টিকিট কেটে আমরা প্রথমে গেলাম টিকিট কাউন্টারের ঠিক পিছনে ঠাকুরবাড়ির গ্যারেজের দিকে। এখানে রবীন্দ্রনাথ ব্যবহৃত ১৯৩৩ সালের হাম্বার সিডান গাড়িটা রাখা আছে। গাড়ি দেখার পর ভিতরের বিশাল মাঠের পাশ দিয়ে আমরা এগিয়ে গেলাম লাল রঙের মূল বাড়িটার দিকে। বাড়িতে ঢোকার মুখে একটা সিঁড়ি আছে, সেখানে সবাইকে জুতো খুলতে হয়। তারপর আমরা প্রবেশ করলাম এই ঐতিহ্যমন্ডিত ঠাকুরবাড়ির ভিতরে।

ঠাকুরবাড়ির একতলায় কিছু দেখার নেই, সব দর্শনীয় জায়গাগুলো দোতলা আর তিনতলায়। তাছাড়া চারতলার ছাদেও যাওয়া যায়, যদিও সেখানে দেখার কিছু নেই। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমরা একের পর এক ঘরগুলো দেখতে থাকলাম। ঠাকুরবাড়ি প্রকৃতপক্ষে একটা অত্যন্ত ধনী জমিদারবাড়ি, তাই এখানে তাঁদের ব্যবহৃত সবকিছুর মধ্যেই আভিজাত্য ও বিলাসিতার ছাপ সুস্পষ্ট। কোনঘরে গিয়ে কি দেখলাম সেটা আর আলাদা করে লিখছি না, তবে এটা বলতেই হবে যে বিশ্বভারতী এখানকার সবকিছু অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে। রান্নাঘর, খাওয়ার ঘর, শোওয়ার ঘর, বসার ঘর ইত্যাদি দেখে আমরা একটা ঘরে ঢুকলাম যেখানে রবীন্দ্রনাথের জীবনের শেষ অস্ত্রোপচার করা হয়েছিল (ডাক্তারদের মধ্যে ছিলেন স্বয়ং বিধানচন্দ্র রায়)।

ভিতরের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে আরও কয়েকটা ঘর দেখলাম যেখানে নানারকম ছবি ইত্যাদি সংগ্রহ করা হয়েছে। তারপর আরও কয়েকটা ঘর দেখলাম যেখানে একটা ঘরের মধ্যে দিয়ে আরেকটা ঘরে যেতে হয়, সেটার ভিতর দিয়ে আরেকটা ঘরে যাওয়া যায় আর সেটার ভিতরে দিয়ে আরেকটা ঘরে যাওয়া যায়। সত্যি বলতে কি, বাড়িটা এতটাই বড় আর সেইসঙ্গে ভিতরের ম্যাপটাও বেশ জটিল। হারিয়ে যাওয়ার ভয় নেই, কিন্তু ভিতরে ঢুকে "কোন ঘরটা দেখলাম আর কোনটা বাকি রয়ে গেল" এটা হিসেব রাখা সহজ নয়। এই শেষের ঘরগুলো রবীন্দ্রনাথের বিদেশভ্রমণ সংক্রান্ত। রবীন্দ্রনাথ বেশ অনেকবার বিদেশে গিয়েছিলেন - এই ঘরগুলোতে প্রধানতঃ তাঁর দক্ষিণ-পূর্ব এশিয়াতে ভ্রমণের সময়কার ছবি ও তথ্য রাখা আছে। সব ছবির লাগোয়া সবলেখা পড়া সম্ভব হয়নি, কারণ গেটে ঢোকার সময়ে আমাদের বলা হয়েছে একঘন্টার মধ্যে পুরোটা দেখে নেমে আসতে।

এরপর আমরা গেলাম একটা ঘরে সেখানে ঠাকুরবাড়ি বিভিন্ন ব্যক্তিদের পূর্ণ তৈলচিত্র আঁকা রয়েছে। আর এখানেই দেখতে পেলাম সেই মহান ব্যক্তির তৈলচিত্র - যিনি ঠাকুরবাড়িতে আমার আসার মূল অনুপ্রেরণা। তিনি এই বাড়ির নির্মাতা না হলেও আকারে অপেক্ষাকৃত ছোট বাড়িটিকে তিনিই সুবিশাল জমিদারবাড়ির আকার দিয়েছিলেন। একজন সাধারণ জমিদার হিসেবে জীবন শুরু করে আজ থেকে প্রায় দু'শো বছর আগে যিনি বাঙালিদের মধ্যে তো বটেই, সম্ভবতঃ ভারতবর্ষেরও সবথেকে ধনী ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। জমিদারী, কয়লা, ব্যাঙ্কিং, ইন্সিওরেন্স, চটকল, চা, আফিম, জাহাজ ইত্যাদি আরও নানারকম জিনিসের ব্যবসা করে সেই যুগে যাঁর সম্পত্তির পরিমাণ ছিল কোটি টাকার উপরে (আজকালকার দিনের টাটা-আম্বানীদের থেকেও বেশি !)। যিনি রাজা রামমোহন রায়ের প্রায় সমস্ত সমাজসংস্কারমূলক কাজে ছিলেন তাঁর ছায়াসঙ্গী। যিনি মেডিক্যাল কলেজ, হিন্দু স্কুল প্রতিষ্ঠার মতো যেকোনও উন্নয়নমূলক আর সৃজনশীল কাজে সবসময়ে অকাতরে অর্থব্যয় করেছেন কিন্তু নিজে থেকেছেন প্রচারবিমুখ। যিনি ব্রাহ্মসমাজের শুরু থেকে ছিলেন তার প্রধান পৃষ্ঠপোষক। যিনি পরাধীন দেশের একজন নাগরিক হওয়া সত্ত্বেও ইংল্যান্ডে স্বয়ং মহারাণী ভিক্টোরিয়ার আমন্ত্রণে তাঁর প্রাসাদে গিয়ে তাঁর আতিথেয়তা গ্রহণ করেছিলেন - যে সম্মান সেই যুগে খোদ ইংল্যান্ডের বহু অভিজাত সম্ভ্রান্ত ব্যক্তিরাও পেতেন না। যিনি ছিলেন ফ্রান্সের সম্রাটের বন্ধু ও প্রিয়পাত্র। আমার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি যাওয়ার প্রধান কারণ সেই ব্যক্তির বাসস্থান দর্শন করা - তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর - এমন একজন 'প্রিন্স' যাঁর বাবা কোনও 'কিং' ছিলেন না !

এই শেষ লাইনটার জন্য আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই রাজা ভট্টাচার্য রচিত 'দ্বারকানাথ' বইটির নাম। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য আমি জানতে পারি সুনীল গঙ্গোপাধ্যায়ের 'সেই সময়' উপন্যাসে। মাস ছয়েক আগে রাজা ভট্টাচার্যের এই 'দ্বারকানাথ' বইটা থেকে আমি দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত জানতে পারি। 'সেই সময়' পড়ে যে মানুষটির প্রতি অগাধ শ্রদ্ধা জন্মেছিল, 'দ্বারকানাথ' পড়ে তাঁকে মনে মনে ঠাকুরের আসনে বসিয়েছিলাম। রবীন্দ্রনাথ কারুর কারুর কাছে ঠাকুর, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কারুর কারুর কাছে ঠাকুর। ঠিক সেভাবেই প্রিন্স দ্বারকানাথ আমার কাছে ঠাকুর - 'বাঙালির দ্বারা ব্যবসা হয়না' প্রচলিত এই ধারণার গালে যিনি নিজেই একটি সপাট চড় ! আমার ব্লগের পাঠক/পাঠিকাদের মধ্যে যাঁদের বই পড়ার একটুআধটু অভ্যেস আছে, রাজা ভট্টাচার্যের 'দ্বারকানাথ' বইটা অবশ্যই পড়ার জন্য তাঁদের বিশেষভাবে অনুরোধ করছি। অত্যন্ত যত্নসহকারে পড়ে অক্ষত অবস্থায় ফেরৎ দেওয়ার অঙ্গীকার করলে আমি বইটা ধার দিতেও রাজী আছি।

দ্বারকানাথের তৈলচিত্র আর তাঁর ব্যবহৃত কিছু জিনিস দেখার পরে বাকি সবকিছু কেমন ফিকে লাগছিল। এরপর আমরা দোতলা থেকে তিনতলায় গিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর, অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকলার কিছু নমুনা দেখলাম। তিনতলার বারান্দা থেকে সামনের মাঠের দৃশ্য দেখতে বেশ সুন্দর লাগে। ঠাকুরবাড়ির একটা অংশে কিছু লোকজন থাকে আর কিছু অংশে বিশ্বভারতীর কাজকর্ম হয় বলে সেই অংশগুলোতে সাধারণ মানুষকে যেতে দেওয়া হয় না। আমরা ছাদটা একবার দেখে নিয়ে নিচে নেমে এলাম।

বাড়ির ভিতরের উঠোন
বাড়ির ভিতরের উঠোনে একটা নাটমন্দির গোছের আছে, যেখানে চাইলে ছবি তোলা যেতে পারে। এই জায়গাতেই প্রতিবছর পঁচিশে বৈশাখ বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে এমনিতে দেখার সেরকম কিছু নেই, তাই আমরা কিছুক্ষণ বসে দু'একটা ছবি তুলে বেরিয়ে এলাম। ঠাকুরবাড়ির গেটের কাছ থেকে পুরো বাড়িটার ছবি তোলা যেতে পারে, যদিও এখানকার লোকজন সেটা ভালোভাবে নেয় না। যাই হোক আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা এবার বেরিয়ে এলাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে।

উপসংহারঃ

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি
জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বিভিন্ন সময়ে অনেক বিশিষ্ট মানুষেরা জন্ম নিয়েছেন। প্রিন্স দ্বারকানাথের জ্যেষ্ঠপুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর বাবার মতো ব্যবসায়ী না হলেও ছিলেন ধনী জমিদার ও ব্রাহ্মসমাজের প্রাণপুরুষ। তাঁর পুত্র দ্বিজেন্দ্রনাথ ছিলেন দার্শনিক ও কবি। আরেক পুত্র সত্যেন্দ্রনাথ প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিসে চাকরি পেয়েছিলেন। আরেক পুত্র জ্যোতিরিন্দ্রনাথ তাঁর বাবার সঙ্গে জমিদারীর দেখাশোনা ছাড়াও নিজে একটি জাহাজ চালাতেন। অবনীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ শিল্পকলা ও ছবি আঁকায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। ঠাকুরবাড়ির মহিলা সন্তানদের মধ্যেও অনেক কৃতী সন্তান জন্মেছেন। আর সর্বোপরি রবীন্দ্রনাথ - যাঁর সম্পর্কে যে কোনও কথাই সর্বজনবিদিত, তাই আলাদা করে আর কিছু লিখছি না। এঁদের সবার বাড়ি - জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই বাড়ির প্রতিটি কোণায় রয়েছে এইসমস্ত স্বনামধন্য মানুষদের কীর্তিকলাপের নিদর্শন। এঁদের সম্পর্কে আমরা বইতে যাইই পড়ে থাকি, এই বাড়িতে গিয়ে সেগুলো চাক্ষুস দেখার অভিজ্ঞতাই আলাদা। তাই এই অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য অবশ্য গন্তব্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি !